দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার পূর্বাভাসে সপ্তাহান্তের ভ্রমণ পরিকল্পনায় বাড়তি সতর্কতা প্রয়োজন হতে পারে। বিশেষ করে শনিবার ও রোববার দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ এবং দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সড়ক, নৌ ও আকাশপথে যাত্রার আগে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরেও মৌসুমি বায়ু মাঝারি অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, শনিবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রোববার রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। এদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। তাপমাত্রাও সামান্য কমতে পারে।
সোমবার ও মঙ্গলবারও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বর্ষাকালে পাহাড়ি ও উপকূলীয় গন্তব্যে ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের বাড়তি সতর্ক থাকা জরুরি। ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস, সড়কে যান চলাচলে বিঘ্ন এবং নদী ও সমুদ্রপথে প্রতিকূল পরিস্থিতি তৈরি হতে পারে। ভ্রমণের আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা এবং পরিবহন সংস্থার সর্বশেষ সময়সূচি জেনে নেওয়া ভালো।