ছুটিতে গিয়ে একদিনে পাঁচ-ছয়টি দর্শনীয় স্থান ঘুরে ফেলা, বিখ্যাত স্থাপনার সামনে ছবি তোলা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় জায়গাগুলোর তালিকা ধরে ছুটে চলার প্রবণতা থেকে অনেক ভ্রমণকারী এখন সরে আসছেন। এর বদলে একটি শহর, এলাকা বা পাড়ায় বেশি সময় কাটিয়ে সেখানকার খাবার, বাজার, গণপরিবহন, সংস্কৃতি ও মানুষের দৈনন্দিন জীবন কাছ থেকে দেখার প্রবণতা বাড়ছে। ভ্রমণজগতে এই ধারণাই পরিচিত হচ্ছে ‘টাইনি ট্যুরিজম’ নামে।
‘টাইনি ট্যুরিজম’ কী?
টাইনি ট্যুরিজমে বড় ও জনপ্রিয় পর্যটন আকর্ষণের পাশাপাশি গন্তব্যের ছোট ছোট স্থানীয় অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ শুধু বিখ্যাত স্থাপনা বা দর্শনীয় স্থান দেখা নয়, যে শহর বা এলাকায় যাওয়া হয়েছে, সেটিকে স্থানীয় মানুষের চোখে বোঝার চেষ্টা করা।
স্থানীয় বাজারে ঘোরাঘুরি, পাড়ার খাবারের দোকানে বসা, পুরোনো রাস্তা ধরে হাঁটা, গণপরিবহনে চড়া, ছোট ব্যবসা দেখা কিংবা স্থানীয় দোকান থেকে প্রয়োজনীয় পণ্য কেনাও এই ভ্রমণধারার অংশ হতে পারে।
কম দেখুন, বেশি অনুভব করুন
টাইনি ট্যুরিজমের সঙ্গে ‘ধীরগতির ভ্রমণ’ ধারণার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর মূল ভাবনা হলো, নির্দিষ্ট সময়ে যত বেশি জায়গা দেখা সম্ভব, সেই প্রতিযোগিতার বদলে একটি জায়গাকে গভীরভাবে জানার সুযোগ তৈরি করা। সাম্প্রতিক গবেষণাতেও ধীরগতির ভ্রমণে অভিজ্ঞতা, স্থানীয় সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা ও মানসিক স্বস্তির বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে উঠে এসেছে।
২০২৬ সালে ভ্রমণধারার এই পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক পর্যটনমহলেও আলোচনা বাড়ছে। বিশেষ করে অতিরিক্ত পর্যটকের চাপ কমানো এবং ছোট বা কম পরিচিত গন্তব্যে পর্যটন ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রেও ধীরগতির ভ্রমণকে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে।
কীভাবে করবেন টাইনি ট্যুরিজম?
সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয় তালিকা অনুসরণ করে পুরো ভ্রমণসূচি সাজানোর বদলে স্থানীয়দের সঙ্গে কথা বলা যেতে পারে। কোথায় ভালো খাবার পাওয়া যায়, কোন রাস্তা ধরে হাঁটলে স্থানীয় জীবন দেখা যায় বা কোন জায়গার সঙ্গে পুরোনো কোনো গল্প জড়িয়ে আছে, তা জানতে পারেন।
বাস, ট্রেন বা স্থানীয় অন্যান্য পরিবহন ব্যবহার করাও হতে পারে ভ্রমণের অংশ। পর্যটনকেন্দ্রের নির্ধারিত স্মারকের বদলে স্থানীয় বাজার, পুরোনো জিনিসের দোকান কিংবা ছোট পাড়ার দোকান থেকেও পাওয়া যেতে পারে ভ্রমণের স্মৃতি।
শেষ পর্যন্ত হয়তো সব দর্শনীয় স্থান দেখা হলো না। কিন্তু অচেনা শহরের একটি চায়ের দোকানে বসে স্থানীয় মানুষের সঙ্গে কাটানো এক ঘণ্টাই হয়ে উঠতে পারে পুরো ভ্রমণের সবচেয়ে মনে রাখার মতো অভিজ্ঞতা।