ভ্রমণে হোটেলে উঠলে একটি বিষয় প্রায় সবারই নজরে আসে। নির্দিষ্ট সময়ের মধ্যে ঘর ছাড়তে হয়, আবার নতুন অতিথির জন্যও থাকে আলাদা প্রবেশের সময়। বিশেষ করে দুপুর ১২টার চেক-আউট নিয়ে অনেকেরই প্রশ্ন, কেন ঠিক এই সময়? আর এক রাতের ভাড়া দিলে কেন পুরো ২৪ ঘণ্টা ঘর ব্যবহার করা যায় না?

আসলে দুপুর ১২টায় চেক-আউট কোনো আন্তর্জাতিক আইন নয়। হোটেলের পরিচালনব্যবস্থা, ঘর পরিষ্কার, রক্ষণাবেক্ষণ এবং পরবর্তী অতিথির জন্য প্রস্তুতির প্রয়োজন থেকেই এই সময়সূচি জনপ্রিয় হয়েছে।

১২টার পর কী হয়?

একজন অতিথি ঘর ছাড়ার পরই হোটেলের কাজ শেষ হয় না। ব্যবহৃত চাদর, তোয়ালে ও অন্যান্য সামগ্রী সরানো, বিছানা গোছানো, বাথরুম পরিষ্কার, মেঝে পরিষ্কার, প্রয়োজনীয় সামগ্রী পূরণ এবং ঘরের কোনো ত্রুটি আছে কি না তা পরীক্ষা করতে হয়।

বড় হোটেলে এর সঙ্গে যুক্ত থাকে তদারকি, রক্ষণাবেক্ষণ, ধোলাই বিভাগ ও অভ্যর্থনা বিভাগের কাজও। তাই চেক-আউট ও পরবর্তী চেক-ইনের মাঝের সময়টি হোটেলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়।

ধরা যাক, কোনো হোটেলে চেক-আউট দুপুর ১২টা এবং চেক-ইন দুপুর ২টা। সেক্ষেত্রে ঘর প্রস্তুত করার জন্য প্রায় দুই ঘণ্টার সময় পাওয়া যায়। আবার অনেক হোটেলে চেক-ইন বিকেল ৩টা বা ৪টায় হওয়ায় প্রস্তুতির সময় আরও বেশি থাকে।

সকাল ৯টা বা ১০টা নয় কেন?

এর পেছনে অতিথির সুবিধার বিষয়টিও গুরুত্বপূর্ণ। আগের রাতে দেরিতে হোটেলে ফেরা পর্যটক সকালে ঘুম, নাশতা, গোছগাছ ও অন্য প্রস্তুতির জন্য কিছুটা সময় পান। একই সঙ্গে হোটেলও পরবর্তী অতিথির জন্য ঘর প্রস্তুত করার সুযোগ পায়।

তবে সব হোটেলের সময় এক নয়। কোথাও সকাল ১০টা বা ১১টায় চেক-আউট, আবার কোথাও দুপুর ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়। হোটেলের ধরন, অবস্থান ও নিজস্ব নীতির ওপর সময় নির্ভর করে।

‘এক রাত’ মানে কি ২৪ ঘণ্টা?

না। ধরুন, আপনি দুপুর ২টায় ঘরে উঠলেন এবং পরদিন দুপুর ১২টায় বের হলেন। ঘরটি ব্যবহার করেছেন ২২ ঘণ্টা। কারণ হোটেলের ‘এক রাত’ সাধারণত ২৪ ঘণ্টার ব্যক্তিগত ব্যবহার হিসেবে নয়, নির্ধারিত অবস্থানকাল হিসেবে গণ্য হয়।

তাই হোটেল বুক করার সময় শুধু ‘এক রাত’ নয়, প্রবেশ ও ছাড়ার নির্দিষ্ট সময়ও দেখে নেওয়া জরুরি।

দেরিতে ঘর ছাড়তে চাইলে

দুপুর ১২টার পরও থাকতে চাইলে আগে হোটেলকে জানানো ভালো। ঘর খালি থাকলে অনেক হোটেল অতিরিক্ত সময়ের অনুমতি দিতে পারে, কখনো বিনামূল্যে, কখনো অতিরিক্ত অর্থের বিনিময়ে। এটি সাধারণত ঘরের প্রাপ্যতা ও পরবর্তী বুকিংয়ের ওপর নির্ভর করে।

তথ্যসূত্র: এনডিটিভি, মানিকন্ট্রোল ট্রাভেল, হসপিটালিটি শ্রীলঙ্কা, ম্যারিয়ট ইন্টারন্যাশনাল।