দেশের তিন বিভাগে আগামী কয়েকদিন ভারি থেকে অতি ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ১৩ মে সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে প্রবল বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেট অঞ্চলের নিচু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, প্রথম দিকে রংপুর বিভাগে বৃষ্টির প্রভাব বেশি থাকলেও পরে তা কমে এসে ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। তিনি বলেন, ১৫ মে’র পরেও সিলেট ও আশপাশের এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে নতুন তথ্য জানানো হবে।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ভারি বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে অতি ভারি বর্ষণ হিসেবে ধরা হয়।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় একই ধরনের আবহাওয়া থাকতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

১৫ মে শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

এদিকে সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে। একই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।