ভ্রমণ অনুমতি পাওয়ার চার দিন পর সেন্ট মার্টিনের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে পর্যটকবাহী জাহাজ। 
বৃহস্পতিবার সকালে কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে ৭০০ পর্যটক নিয়ে দ্বীপটির উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে এমভি বার আউলিয়ার। 
বুধবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর এ অগ্রগতির তথ্য দেন।
রাতে তিনি বলেন, যাত্রীসংখ্যা প্রায় ৭০০ হওয়ায় বৃহস্পতিবার একটি জাহাজই চলাচল করবে।
কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান বলেন, জাহাজটির কিছু টিকিট বিক্রি হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এর আগে বুধবার রাত পর্যন্ত জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা ছিল। জেলা প্রশাসনের পর্যটন শাখার দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুর রহমান সায়েম জানিয়েছিলেন, বৃহস্পতিবার কোনো জাহাজ ছাড়বে না। পরবর্তী সিদ্ধান্তের জন্য বৈঠকের কথাও বলেছিলেন তিনি। পরে রাতের বৈঠক শেষে জাহাজ চলাচলের সিদ্ধান্ত হয়।
সেন্ট মার্টিন রুটে চলাচলের জন্য এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বার আউলিয়া ও এমভি টেকনাফ—এই তিনটি জাহাজকে অনুমোদন দিয়েছে নৌপরিবহন অধিদপ্তর। 
৪ নভেম্বর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জাহাজগুলোর রুট পারমিট ও সময়সূচিও অনুমোদন করে। তিনটি জাহাজের মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন।
১ নভেম্বর থেকে সেন্ট মার্টিনে চলতি পর্যটন মৌসুম শুরু হয়েছে। মৌসুম চলবে ১৫ মার্চ পর্যন্ত। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপটিতে যাওয়ার সুযোগ পাবেন। পরিবেশ সংরক্ষণের শর্ত অনুযায়ী, পর্যটকদের কিউআর কোডযুক্ত ডিজিটাল ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। এবার পুরো পর্যটন মৌসুমেই দ্বীপে রাত্রিযাপনের সুযোগ রাখা হয়েছে।