দীর্ঘ বিরতির পর আবারও পর্যটকদের পদচারণে মুখর হয়ে উঠেছে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন। ৮৩৭ জন পর্যটক নিয়ে মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ এমভি বার আউলিয়া দ্বীপে পৌঁছানোর মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন পর্যটন মৌসুম। পর্যটকদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। জাহাজ চলাচল শুরু হওয়ায় দ্বীপের হোটেল, রেস্তোরাঁ ও পর্যটননির্ভর ব্যবসায় ফিরেছে কর্মচাঞ্চল্য।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি বার আউলিয়া। দুপুর আনুমানিক দেড়টার দিকে ৮৩৭ জন পর্যটক নিয়ে জাহাজটি দ্বীপের জেটিঘাটে পৌঁছায়।
সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, নানা প্রতিকূলতা পেরিয়ে মৌসুমের প্রথম জাহাজটি সেন্টমার্টিনে পৌঁছেছে। প্রথম দিনেই ৮৩৭ জন পর্যটক এসেছেন। তাঁরা নির্বিঘ্নে ও সুস্থভাবে দ্বীপে পৌঁছেছেন এবং তাঁদের ফুল দিয়ে বরণ করা হয়েছে।
স্থানীয় হোটেল মালিক আবুল কালাম আজাদ বলেন, পর্যটকদের আগমনে দ্বীপের ব্যবসায়ীরা আনন্দিত। তাঁদের ব্যবসা মূলত পর্যটন মৌসুমের ওপর নির্ভরশীল। বছরে মাত্র তিন থেকে চার মাস ব্যবসার সুযোগ পান তাঁরা। এই সময়ের আয় দিয়েই বাকি আট থেকে নয় মাস পরিবারের খরচ চালাতে হয়। দীর্ঘদিন পর্যটন কার্যক্রম বন্ধ থাকায় ব্যবসায়ীরা কঠিন সময় পার করেছেন।
তিনি আরও জানান, এবার অন্যান্য বছরের তুলনায় টানা সাড়ে চার মাস পর্যটকদের দ্বীপ ভ্রমণের সুযোগ থাকায় ব্যবসা ভালো হওয়ার প্রত্যাশা করছেন তাঁরা। এ জন্য আগেভাগেই হোটেল, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো প্রস্তুত করা হয়েছে।
দিনাজপুর থেকে আসা পর্যটক হৃদয় হাসান জানান, সেন্টমার্টিন ভ্রমণের জন্য তাঁকে কক্সবাজারে চার দিন অপেক্ষা করতে হয়েছে। দীর্ঘ অপেক্ষার পর বৃহস্পতিবার দ্বীপে পৌঁছাতে পেরে তিনি আনন্দিত। যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি বলেও জানান তিনি।
জানা গেছে, চলতি মৌসুমে সেন্টমার্টিন রুটে চলাচলের অনুমতি পেয়েছে তিনটি জাহাজ। এগুলো হলো এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী ও এমভি টেকনাফ। জাহাজ তিনটির মোট যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন। এর মধ্যে এমভি বার আউলিয়ার ধারণক্ষমতা ৮৫০, এমভি কর্ণফুলীর ৭৩২ এবং এমভি টেকনাফের ৭১৬ জন।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিন পর্যটকদের জন্য উন্মুক্ত থাকবে। এ সময়ে প্রতিদিন সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। দ্বীপে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ পর্যটকের রাতযাপনের সুযোগ রয়েছে। প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিট বাধ্যতামূলক করা হয়েছে।
পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্বীপে বেশ কিছু বিধিনিষেধ বহাল রয়েছে। রাতে সৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টি আয়োজন নিষিদ্ধ। এ ছাড়া কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ ও কেনাবেচা এবং সামুদ্রিক কচ্ছপ, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালের ক্ষতি হয় এমন কার্যক্রমও নিষিদ্ধ।