নরসিংদীর ওয়ারী-বটেশ্বরের আড়াই হাজার বছরের প্রাচীন সভ্যতা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরতে নির্মাণ করা হচ্ছে তিনতলাবিশিষ্ট ‘গঙ্গা ঋদ্ধি’ জাদুঘর। ৭ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন জাদুঘরটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার আশা করছে জেলা পরিষদ। জাদুঘরটি চালু হলে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক পর্যটনকেন্দ্র হিসেবে ওয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রাচীন নগরসভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন

নরসিংদী জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে বেলাবো উপজেলার ওয়ারী ও বটেশ্বর গ্রাম এবং শিবপুর উপজেলার পার্শ্ববর্তী এলাকায় বিস্তৃত এই প্রত্নতাত্ত্বিক অঞ্চল। গবেষকদের ধারণা, প্রায় আড়াই হাজার বছর আগে এখানে সমৃদ্ধ দুর্গ-নগরী ও জনবসতি গড়ে উঠেছিল। কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও গবেষণায় এ অঞ্চলে মানববসতির ইতিহাস তিন থেকে চার হাজার বছর আগের বলেও ধারণা পাওয়া যায়।

১৯৩০-এর দশকে স্থানীয় স্কুলশিক্ষক হানিফ পাঠান সংবাদপত্রে নিবন্ধ প্রকাশের মাধ্যমে ওয়ারী-বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব তুলে ধরেন। পরে তাঁর ছেলে হাবিবুল্লাহ পাঠান প্রত্নবস্তু সংগ্রহ ও গবেষণার মাধ্যমে সেই কাজ এগিয়ে নেন।

১৯৮৯ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক দিলীপ কুমার চক্রবর্তী এলাকাটি পরিদর্শন করে এর প্রাচীন সভ্যতার সম্ভাবনা তুলে ধরেন। এরপর ২০০০ সালে প্রত্নতাত্ত্বিক গবেষণা সংস্থা ‘ঐতিহ্য অন্বেষণ’-এর উদ্যোগে পরিকল্পিত খননকাজ শুরু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম সুফি মোস্তাফিজুর রহমানের তত্ত্বাবধানে গত দুই দশকে বিভিন্ন পর্যায়ে খনন পরিচালিত হয়েছে।

খননে মিলেছে মূল্যবান প্রত্নবস্তু

প্রায় ৫০টি প্রত্নতাত্ত্বিক স্থানে খনন চালিয়ে প্রাচীন রৌপ্যমুদ্রা, ওজন পরিমাপের বাটখারা, লোহার কুঠার, বর্শা, হাতুড়ি, পোড়ামাটির শিল্পকর্ম, পাথর ও কাচের পুঁতি এবং নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার ও রুলেটেড ওয়্যারের মতো গুরুত্বপূর্ণ নিদর্শন পাওয়া গেছে।

এ ছাড়া প্রায় আড়াই হাজার বছরের পুরোনো ইটের রাস্তা, চুন-সুরকির গাঁথুনি, সুরক্ষাপ্রাচীর ও প্রাচীন স্থাপনার অবশেষ আবিষ্কৃত হয়েছে।

টঙ্গীরটেক প্রত্নতাত্ত্বিক স্থানে প্রায় ১২০০ বছরের পুরোনো একটি কারুকার্যময় বৌদ্ধ মন্দির, গর্ভগৃহ, সীমানাপ্রাচীর, প্রবেশপথ ও তিনটি স্তূপের সন্ধান পাওয়া গেছে। সেখানে বৌদ্ধ বিহার, পদ্মমন্দির এবং ‘বৌদ্ধ কুণ্ড’ বা ‘পুকুনিয়া’ নামে পরিচিত ইটের কাঠামোর প্রমাণও মিলেছে।

জাদুঘর ঘিরে পর্যটনের সম্ভাবনা

খনন শেষে প্রত্নস্থলগুলোর স্থায়ী সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক নিদর্শন আবার মাটি দিয়ে ঢেকে রাখতে হয়েছে। উদ্ধার করা প্রত্নবস্তু গবেষণাগারে নেওয়ার পর প্রত্নতত্ত্ব অধিদপ্তরে জমা দেওয়া হয়। ফলে দর্শনার্থীরা অনেক গুরুত্বপূর্ণ নিদর্শন সরাসরি দেখার সুযোগ পান না।

এই সীমাবদ্ধতা দূর করতে স্থানীয় সরকারের অর্থায়নে ২০১৯ সালে ‘গঙ্গা ঋদ্ধি জাদুঘর’ নির্মাণের কাজ শুরু হয়। নরসিংদী জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে। জাদুঘরটি চালু হলে ওয়ারী-বটেশ্বর ও আশপাশের প্রত্নস্থল থেকে উদ্ধার করা গুরুত্বপূর্ণ নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা সম্ভব হবে।

ইতোমধ্যে ‘ঐতিহ্য অন্বেষণ’ ওয়ারী-বটেশ্বর দুর্গনগরীতে একটি উন্মুক্ত জাদুঘর গড়ে তুলেছে। সেখানে প্রত্নবস্তুর পাশাপাশি বিভিন্ন মডেল, প্রতিরূপ, আলোকচিত্র ও তথ্যভিত্তিক বিবরণ প্রদর্শিত হচ্ছে। প্রাচীন গর্ত-বসতির নমুনার মাধ্যমে দর্শনার্থীরা অতীতের মানুষের জীবনযাপন ও বসতি সম্পর্কে জানতে পারেন। শিশু-কিশোরদের জন্য প্রত্নতাত্ত্বিক খননকাজ সম্পর্কে হাতে-কলমে ধারণা পাওয়ার সুযোগও রয়েছে।

স্থানীয় প্রত্নতাত্ত্বিক সংগ্রাহক হাবিবুল্লাহ পাঠান বাসসকে জানান, ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত ওয়ারী-বটেশ্বর আড়াই হাজার বছরের পুরোনো একটি গুরুত্বপূর্ণ জনবসতি, রাজধানী ও দুর্গনগরী ছিল।

অধ্যাপক ড. এম সুফি মোস্তাফিজুর রহমান বলেন, উন্মুক্ত জাদুঘরের মাধ্যমে দর্শনার্থীরা প্রাচীন বাসিন্দাদের জীবনধারা, বসতি ও সংস্কৃতি সম্পর্কে ধারণা পাচ্ছেন। ‘গঙ্গা ঋদ্ধি জাদুঘর চালু হওয়ার ফলে প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ ও পর্যটন উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যুক্ত হবে।’