উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কুলিক নদীর তীরে দাঁড়িয়ে আছে প্রায় শতবর্ষী এক রাজবাড়ি। লাল ইটের দৃষ্টিনন্দন স্থাপত্য, কারুকাজখচিত দেয়াল আর জমিদারি আমলের নানা ইতিহাস নিয়ে আজও পর্যটকদের আকর্ষণ করে রাজা টংকনাথের রাজবাড়ি। শীতের আরামদায়ক আবহাওয়ায় ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যের স্বাদ নিতে এটি হতে পারে ভ্রমণের একটি ভালো গন্তব্য।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলা সদর থেকে প্রায় এক মাইল পূর্বে বাচোর ইউনিয়নে কুলিক নদীর তীরে রাজবাড়িটির অবস্থান। একসময় এখানে বসবাস করতেন মালদুয়ারের জমিদার রাজা টংকনাথ। তাঁর স্ত্রী রানি শংকরী দেবীর নাম অনুসারেই রাণীশংকৈল উপজেলার নামকরণ হয়েছে বলে প্রচলিত রয়েছে।

স্থাপত্যে জমিদারি আমলের স্মৃতি

লাল রঙের দোতলা রাজবাড়িটির স্থাপত্যে আধুনিক নির্মাণশৈলীর পাশাপাশি ভিক্টোরীয় অলংকরণের ছাপ রয়েছে। একসময় এর মেঝে ছিল মার্বেল পাথরে তৈরি। দেয়ালের কারুকাজেও এখনো পুরোনো স্থাপত্যের নিদর্শন দেখা যায়।

রাজবাড়ির পূর্ব পাশে ছিল অন্দরমহল, পশ্চিমে সিংহদরজা। বাড়ির বিপরীত দিকে রয়েছে দুটি দিঘি। উত্তর-পূর্ব কোণে ছিল কাচারিবাড়ি, যার কিছু চিহ্ন এখনো টিকে আছে।

তবে দেশভাগের সময় রাজা টংকনাথের পরিবার ভারতে চলে যাওয়ার পর রাজবাড়িটির জৌলুশ হারিয়ে যায়। বর্তমানে অযত্ন ও সময়ের প্রভাবে ভবনটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবু ইতিহাস ও স্থাপত্যের নিদর্শন হিসেবে এর গুরুত্ব রয়েছে।

মন্দিরের সেবায়েত থেকে জমিদার পরিবার

উনিশ শতকের শেষ ভাগে রাজবাড়িটির নির্মাণকাজ শুরু করেন রাজা টংকনাথের বাবা বুদ্ধিনাথ চৌধুরী। তাঁর মৃত্যুর পর টংকনাথ অসমাপ্ত কাজ শেষ করেন।

স্থানীয় ইতিহাস ও প্রচলিত বর্ণনা অনুযায়ী, বুদ্ধিনাথ আগে কাটিহারের এক নিঃসন্তান গোয়ালা জমিদারের শ্যামরাই মন্দিরের সেবায়েত ছিলেন। ওই জমিদার কাশিতে যাওয়ার সময় তাম্রপাতে দলিল করে যান, তিনি ফিরে না এলে বুদ্ধিনাথ জমিদারির মালিক হবেন। জমিদার আর ফিরে না আসায় বুদ্ধিনাথ জমিদারির দায়িত্ব পান।

পরবর্তী সময়ে টংকনাথ মালদুয়ার স্টেট গঠন করেন। সমাজসেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ১৯২৫ সালের ১৮ নভেম্বর ব্রিটিশ গভর্নর হাউসে তাঁকে ‘চৌধুরী’ উপাধিতে ভূষিত করা হয় বলে বর্ণনায় উল্লেখ রয়েছে। দিনাজপুরের মহারাজা গিরিজানাথ রায়ের কাছ থেকে তিনি ‘রাজা’ উপাধি পেয়েছিলেন বলেও প্রচলিত আছে।

শীতেই কেন যাবেন

শীতকালে উত্তরবঙ্গের আবহাওয়া তুলনামূলক আরামদায়ক থাকে। কুয়াশামাখা সকাল ও নির্মল পরিবেশে রাণীশংকৈলের গ্রামীণ জনপদ ঘুরে দেখার সুযোগ পাওয়া যায়। রাজবাড়ির পাশাপাশি সময় থাকলে কাছের কুলিক নদী ও ঐতিহাসিক রামচন্দ্র (জয়কালী) মন্দিরও দেখে আসতে পারেন।

যেভাবে যাবেন

দেশের বিভিন্ন স্থান থেকে সড়কপথে ঠাকুরগাঁও যাওয়া যায়। ঢাকা থেকে রাণীশংকৈলগামী সরাসরি বাসেরও ব্যবস্থা রয়েছে। এ ছাড়া ট্রেনে দিনাজপুর বা পীরগঞ্জ গিয়ে সেখান থেকে বাস কিংবা স্থানীয় যানবাহনে রাণীশংকৈল পৌঁছানো যায়।

বিমানপথে যেতে চাইলে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সড়কপথে রাণীশংকৈল যেতে পারবেন। উপজেলা সদর থেকে ভ্যান বা মোটরসাইকেলে রাজবাড়িতে পৌঁছানো যায়।