হিমালয়ের দক্ষিণ ঢালে অবস্থিত ছোট্ট দেশ ভুটান ভ্রমণপ্রেমীদের কাছে এক অনন্য গন্তব্য। পাহাড়, মেঘ, নদী আর সবুজ প্রকৃতির পাশাপাশি বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য, মঠ ও উৎসব ভুটানকে আলাদা পরিচিতি দিয়েছে। সীমিত পর্যটন নীতির কারণে বিশ্বের কম ভ্রমণ করা দেশগুলোর একটি ভুটান। তাই এখানে ভ্রমণ মানেই পরিকল্পিত অভিজ্ঞতা।
প্রথমবার ভুটানে গেলে দেশটিকে সামগ্রিকভাবে বুঝতে ও ভ্রমণকে স্মরণীয় করতে নিচের অভিজ্ঞতাগুলো ভ্রমণ তালিকায় রাখা যেতে পারে।
পুনাখা জং ঘুরে দেখা
ভুটানের প্রাচীন রাজধানী পুনাখায় অবস্থিত পুনাখা জং দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। ১৬৩৮ সালে নির্মিত এই দুর্গ-মঠে ভুটানের সব রাজাই অভিষিক্ত হয়েছেন। নদীর মিলনস্থলে গড়ে ওঠা পুনাখা জংকে ভুটানের সবচেয়ে সুন্দর জংগুলোর একটি ধরা হয়।
পরিকল্পনা টিপস: জংয়ে প্রবেশের সময় শালীন পোশাক পরা বাধ্যতামূলক।
লাল মরিচ ও গোলাপি ভাতের স্বাদ
ভুটানের খাবারে ঝালের আধিপত্য। জাতীয় খাবার ‘এমা দাতসি’ মূলত মরিচ ও চিজ দিয়ে তৈরি। এর সঙ্গে পরিবেশন করা হয় স্থানীয় গোলাপি চালের ভাত। খাবারের শেষে লবণ ও মাখন দিয়ে তৈরি ভুটানি চা জনপ্রিয়।
পরিকল্পনা টিপস: ঝাল সহ্য না হলে পর্যটকবান্ধব রেস্তোরাঁ বেছে নেওয়া ভালো।
ঐতিহ্যবাহী উৎসব দেখা
ভুটানের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্র হলো ‘তেশু’ উৎসব। জং প্রাঙ্গণে মুখোশধারী নৃত্যের মাধ্যমে বৌদ্ধ কাহিনি উপস্থাপন করা হয়। উৎসবের শেষ দিনে প্রদর্শিত হয় বিশাল ধর্মীয় কাপড়, যা দর্শনকে পুণ্যের কাজ বলে মনে করা হয়।
ঝোমোলহারি বেস ক্যাম্পে ট্রেক
ট্রেকিংপ্রেমীদের জন্য ভুটান স্বর্গসম। ঝোমোলহারি বেস ক্যাম্প থেকে ৭ হাজার ৩১৪ মিটার উচ্চ ঝোমোলহারি শৃঙ্গের দৃশ্য অন্যতম আকর্ষণ। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় পাহাড়ের রং বদলের দৃশ্য বিশেষভাবে জনপ্রিয়।
ভুটানি জ্যোতিষীর কাছে ভাগ্য গণনা
থিম্পুর চাঙাংখা লখাং মঠে জন্মতারিখ জানালে জ্যোতিষী ভিক্ষুরা শুভদিন, প্রার্থনা ও রক্ষাকবচের পরামর্শ দেন। অনেক পর্যটক এই অভিজ্ঞতাকে ভ্রমণের বিশেষ স্মৃতি হিসেবে মনে রাখেন।
ঐতিহ্যবাহী পোশাক পরা
ভুটানে এখনো দৈনন্দিন জীবনে ঐতিহ্যবাহী পোশাক ব্যবহার করা হয়। পুরুষদের ‘ঘো’ এবং নারীদের ‘কিরা’ ভুটানের সাংস্কৃতিক পরিচয়ের অংশ।
ভুটানি ঐতিহ্যবাহী চিকিৎসা
থিম্পুর ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্র্যাডিশনাল মেডিসিনে নাড়ি ও জিহ্বা পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হয়। চীনা, তিব্বতি ও ভারতীয় চিকিৎসাপদ্ধতির সংমিশ্রণ এই ব্যবস্থার মূল ভিত্তি।
টাইগার্স নেস্ট মঠে হাঁটা
পারো উপত্যকার পাহাড়ের গায়ে অবস্থিত তাকসাং বা টাইগার্স নেস্ট মঠ ভুটানের সবচেয়ে পরিচিত প্রতীক। পাহাড়ি পথে প্রায় দুই ঘণ্টা হাঁটলে পৌঁছানো যায় এই মঠে।
ট্রান্স ভুটান ট্রেইলে হাঁটা
৪০৩ কিলোমিটার দীর্ঘ ট্রান্স ভুটান ট্রেইল একসময় ব্যবসায়ীদের প্রধান পথ ছিল। পুরো পথ হাঁটা সম্ভব না হলেও ছোট অংশে ট্রেক করার সুযোগ রয়েছে।
তীর্থযাত্রীদের সঙ্গে পবিত্র স্থানে যাত্রা
ভুটানের বিভিন্ন পবিত্র স্থানে স্থানীয় তীর্থযাত্রীদের সঙ্গে হাঁটতে হাঁটতে ধর্মীয় কাহিনি শোনা ভিন্নরকম অভিজ্ঞতা দেয়।
থিম্পুতে লাইভ মিউজিক উপভোগ
ভুটানের আধুনিক জীবনধারা দেখতে থিম্পুর ক্যাফে ও লাইভ মিউজিক ভেন্যুগুলো জনপ্রিয়। এখানেই দেশটির তরুণ সংস্কৃতির পরিচয় মেলে।
গ্রাম্য হোমস্টেতে রাত কাটানো
গ্রামীণ হোমস্টেতে রাত কাটালে ভুটানের জীবনযাত্রা কাছ থেকে দেখা যায়। স্থানীয় পরিবারের সঙ্গে রান্না, গল্প আর গরম পাথরের স্নান ভ্রমণকে করে তোলে আরও গভীর।