কুয়াকাটা ঘুরতে গিয়ে সমুদ্রসৈকতের সৌন্দর্য উপভোগের পাশাপাশি এবার পর্যটকেরা পাচ্ছেন রাখাইন সম্প্রদায়ের শত বছরের খাদ্যঐতিহ্যের স্বাদ। স্থানীয় তরুণ-তরুণীদের উদ্যোগে চালু হওয়া ‘কেন ছাই’ নামের পিঠাঘরে বিন্নি চালের তৈরি বাহারি পিঠা ও ঐতিহ্যবাহী খাবার খেয়ে মুগ্ধ হচ্ছেন দেশি পর্যটকেরা। এতে স্থানীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নতুন একটি পর্যটন আকর্ষণও তৈরি হচ্ছে।
কুয়াকাটার রাখাইন মার্কেট এলাকায় অবস্থিত পিঠাঘরটিতে পাওয়া যাচ্ছে হেতাল পিঠা, চালন পিঠা, পুলি পিঠা, বিন্নি চালের ভাপা ও স্টিকি রাইস বলসহ বিভিন্ন ধরনের খাবার। পাশাপাশি রয়েছে রাখাইনদের জনপ্রিয় মন্ডি, চিকেন মন্ডি, মন্ডি লাকসু ও বিশেষ স্যুপ।
বিন্নি চাল, নারকেল, চিনি ও পাকা তালের রসসহ স্থানীয় উপকরণে তৈরি এসব পিঠা রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। ধর্মীয় উৎসব, সামাজিক অনুষ্ঠান, নতুন ধান ঘরে তোলা এবং অতিথি আপ্যায়নে দীর্ঘদিন ধরে এসব পিঠা তৈরির প্রচলন রয়েছে। তবে সময়ের পরিবর্তনে ঐতিহ্যবাহী পিঠা তৈরির চর্চা কমে আসছে।
পিঠাঘরের পরিচালক নুংহ্লামং বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠা পাওয়া গেলেও কুয়াকাটায় আসা পর্যটকেরা যেন এই স্বাদ থেকে বঞ্চিত না হন, সেই চিন্তা থেকেই চারজন মিলে উদ্যোগটি শুরু করেছেন।
পিঠা তৈরির কারিগর ও নারী উদ্যোক্তা উখিংছেন বলেন, ধর্মীয় উৎসবগুলোতে সাধারণত এসব পিঠা তৈরি করা হয়। কিন্তু কুয়াকাটা পর্যটন এলাকা হওয়ায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে বেড়াতে আসেন। তাঁদের কাছে রাখাইনদের খাবার পরিচিত করতেই দোকানটি চালু করা হয়েছে। শুরু থেকেই পর্যটকদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে পর্যটন কার্নিভালের সময় চাহিদা অনুযায়ী পিঠা সরবরাহ করা সম্ভব হয়নি।
তিনি জানান, পাহাড়ি ঝুমচাষিদের কাছ থেকে সুগন্ধি সাদা ও লাল বিন্নি চাল সংগ্রহ করা হয়। এ ছাড়া নারকেল ও জঙ্গল থেকে সংগ্রহ করা হেতাল পাতা দিয়ে তৈরি হয় বিভিন্ন পিঠা। ছোটবেলায় মায়ের কাছ থেকে শেখা পিঠা তৈরির কৌশল এখন পর্যটকদের সামনে তুলে ধরতে পেরে তিনি আনন্দিত।
ঢাকা থেকে আসা পর্যটক অনিক বলেন, রাখাইন মার্কেটে কেনাকাটা করতে এসে দোকানটির সন্ধান পান। চালন ও হেতাল পিঠাসহ কয়েক ধরনের পিঠা খেয়ে তাঁর ভালো লেগেছে। তাঁর মতে, চালন পিঠা বাইরে মচমচে, ভেতরে নরম এবং নারকেলের স্বাদে বেশ সুস্বাদু।
নারায়ণগঞ্জ থেকে আসা পর্যটক অরিনও রাখাইনদের পিঠা ও মন্ডির প্রশংসা করেন। তাঁর মতে, খাবারের পাশাপাশি উদ্যোক্তাদের আন্তরিক আপ্যায়নও ভালো লেগেছে। তবে দোকানটির পরিচিতি বাড়াতে অনলাইনে প্রচার-প্রচারণা জোরদার করা প্রয়োজন।
কুয়াকাটা কেন্দ্রীয় শ্রীমঙ্গল বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রবংশ থেরো জানান, রাখাইনদের ঐতিহ্যবাহী পিঠার মধ্যে চালন পিঠা, হেতাল পিঠা, ঝরা পিঠা ও তাল বরক পিঠা উল্লেখযোগ্য। এসবের বেশির ভাগই বিন্নি চাল দিয়ে তৈরি হয়। বর্ষার শুরুতে হালচাষ, ধানের চারা রোপণ, নতুন ধান কাটার আনন্দ, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নে এসব পিঠা পরিবেশনের প্রচলন রয়েছে।
তবে বিন্নি চাল ও পাকা নারকেলের সহজলভ্যতা কমে যাওয়া এবং নতুন প্রজন্মের আগ্রহের অভাবে এই খাদ্যঐতিহ্য হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তরুণদের উদ্যোগে বাণিজ্যিকভাবে এসব খাবার তৈরি ও বিক্রি হলে ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কুয়াকাটার পর্যটনেও বৈচিত্র্য আসবে বলে মনে করেন তিনি।
কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ বলেন, পর্যটকেরা শুধু সমুদ্রসৈকত দেখতে নয়, স্থানীয় সংস্কৃতি ও খাবারের সঙ্গেও পরিচিত হতে চান। রাখাইন তরুণদের এ উদ্যোগ সেই সুযোগ তৈরি করছে। পাশাপাশি স্থানীয় তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের পথও খুলছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, রাখাইন মার্কেটের ‘সম্প্রীতি কেন ছাই’ পিঠাঘরটি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠতে পারে। এ ধরনের আরও দোকান চালু করা গেলে পুরো মার্কেটকে আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত করা সম্ভব। বন্ধ থাকা দোকানগুলো সচল করতে নতুন উদ্যোক্তাদের সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে।