ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরের জন্য ২০২৭ সাল হতে যাচ্ছে বিশেষ এক বছর। প্রতিষ্ঠার ৩০০ বছর পূর্ণ করতে যাচ্ছে ঐতিহাসিক এই শহর। একই বছর শহরটি জায়গা করে নিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিকের ‘বেস্ট অব দ্য ওয়ার্ল্ড ২০২৭’ তালিকায়। ঐতিহাসিক স্থাপত্য, ঐতিহ্যবাহী কারুশিল্প এবং বিশ্বখ্যাত জয়পুর সাহিত্য উৎসবের বিশেষ আয়োজনের কারণে আন্তর্জাতিক পর্যটকদের কাছে শহরটির আকর্ষণ আরও বাড়তে পারে।
ছয়টি মহাদেশের ২৫টি গন্তব্য নিয়ে তৈরি ন্যাশনাল জিওগ্রাফিকের বার্ষিক এই তালিকায় জয়পুরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী বছরে উল্লেখযোগ্য সাংস্কৃতিক আয়োজন, ঐতিহাসিক উদ্যাপন ও প্রকৃতিনির্ভর ভ্রমণের সুযোগ রয়েছে, এমন স্থানগুলোকে এ তালিকায় গুরুত্ব দেওয়া হয়।
জয়পুরের ৩০০ বছর পূর্তি ছাড়াও ২০২৭ সালের ১৪ থেকে ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে শহরটির বিখ্যাত সাহিত্য উৎসবের ২০তম আসর। পাঁচ দিনব্যাপী এ আয়োজনে দেশ-বিদেশের লেখক, পাঠক ও চিন্তাবিদেরা সাহিত্য, ইতিহাস, রাজনীতি ও বিজ্ঞানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় চার লাখ মানুষের সমাগম ঘটে এ উৎসবে।
বিশ্বের নজরে আরও যেসব গন্তব্য
তালিকায় জয়পুর ছাড়াও রয়েছে মিসরের লুক্সর, মালয়েশিয়ার পেনাং এবং জাপানের নিইগাতা। প্রাচীন মন্দির ও সমাধির জন্য পরিচিত লুক্সরে ২০২৭ সালের ২ আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। পেনাং বিখ্যাত স্থানীয় খাবার ও ঐতিহাসিক সড়কের জন্য। অন্যদিকে, নিইগাতা পরিচিত আঞ্চলিক খাবার, ঐতিহ্যবাহী সাকে পানীয় এবং উপকূলীয় প্রাকৃতিক দৃশ্যের জন্য।
এ ছাড়া তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসিফিক কোস্ট হাইওয়ে, মিসৌরি ও আরকানসাসের ওজার্কস অঞ্চল, চিলির কেপ ফ্রোওয়ার্ড এবং আফ্রিকার মালাউই।
ইউরোপের উল্লেখযোগ্য গন্তব্যগুলোর মধ্যে রয়েছে ফ্রান্সের নরম্যান্ডি, স্পেনের সান্তান্দের, জার্মানির লাইপজিগ, স্কটল্যান্ডের ডামফ্রিজ অ্যান্ড গ্যালোওয়ে এবং নরওয়ের ভেস্টল্যান্ড। তালিকায় আরও আছে পুয়ের্তো রিকো, যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ও বাল্টিমোর, চীনের চেংদু, গ্রেনাডা, ব্রাজিলের সালভাদর, কানাডার হ্যালিফ্যাক্স, আর্মেনিয়ার ট্রান্সককেশীয় ট্রেইল, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, মেক্সিকোর মায়া কা'আন, পোল্যান্ডের ত্রিসিটি এবং পেরুর কুয়েলাপ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ক্যাটালিনা দ্বীপ পাঠকদের পছন্দের সেরা গন্তব্য হিসেবে আলাদাভাবে নির্বাচিত হয়েছে।
দুর্গ, প্রাসাদ ও ঐতিহাসিক স্থাপত্য
রাজস্থানের গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র জয়পুর দুর্গ, প্রাসাদ, ঐতিহাসিক স্থাপনা ও রঙিন বাজারের জন্য পরিচিত। শহরের অন্যতম আকর্ষণ আমের ফোর্ট। এর প্রশস্ত প্রাঙ্গণ ও কারুকার্যময় অন্দরসজ্জায় রাজপুত স্থাপত্যের পরিচয় পাওয়া যায়।
হাওয়া মহলও জয়পুরের অন্যতম পরিচিত স্থাপনা। এর নান্দনিক সম্মুখভাগ ও অসংখ্য জানালা পর্যটকদের আকর্ষণ করে। এ ছাড়া ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত যন্তর মন্তরে রয়েছে জ্যোতির্বৈজ্ঞানিক পর্যবেক্ষণের জন্য নির্মিত বিভিন্ন ঐতিহাসিক যন্ত্র। এগুলোর মাধ্যমে আকাশের বিভিন্ন বস্তুর অবস্থান ও গতিবিধি পরিমাপ করা হতো।
কারুশিল্প ও ঐতিহ্যবাহী বাজার
জয়পুরের পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে গয়না, ব্লক প্রিন্ট ও মিনাকারির মতো ঐতিহ্যবাহী শিল্প। গয়নার জন্য বিখ্যাত জোহরি বাজারে পাওয়া যায় বিভিন্ন ধরনের অলংকার।
শহরের স্থানীয় দোকান ও কর্মশালায় কাঠের ব্লকের সাহায্যে কাপড়ে নকশা ছাপানোর ঐতিহ্যবাহী ব্লক প্রিন্টের কাজ দেখা যায়। অন্যদিকে, ধাতুর ওপর রঙিন এনামেল দিয়ে নকশা তৈরির শিল্প মিনাকারি জয়পুরের অলংকারশিল্পের গুরুত্বপূর্ণ অংশ।