মিসরের ফারাওদের সমকক্ষ এক প্রাচীন পরাশক্তি ছিল। নাম তার হিট্টাইট সাম্রাজ্য। প্রায় সাড়ে তিন হাজার বছর আগে বর্তমান তুরস্কের মধ্যাঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সাম্রাজ্য একসময় পশ্চিম এশিয়ার রাজনীতি ও সামরিক শক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। ব্যাবিলন আক্রমণ থেকে শুরু করে মিসরের শক্তিশালী ফারাও দ্বিতীয় রামেসিসের সঙ্গে যুদ্ধ—সবখানেই ছিল তাদের প্রভাব। তবে একসময় আকস্মিক পতনের পর ইতিহাসের আলোচনায় অনেকটাই আড়ালে চলে যায় এই সভ্যতা।
সম্প্রতি তুরস্কের মধ্যাঞ্চলের প্রাচীন প্রত্নস্থল শামুহায় নতুন আবিষ্কার হিট্টাইটদের ইতিহাস আবারও সামনে এনেছে। সেখানে প্রত্নতাত্ত্বিকেরা রাজকীয় সংগ্রহশালার ১৩১টি কিউনিফর্ম বা কীলকাকার লিপি খোদাই করা মাটির ফলক উদ্ধার করেছেন। এসব ফলকে প্রশাসনিক তথ্যের পাশাপাশি সাড়ে তিন হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবন, বিশ্বাস, যুদ্ধ এবং মহামারির বিবরণ পাওয়া গেছে।
কিছু ফলকে দেখা যায়, পাখির ঝাঁকের গতিবিধি পর্যবেক্ষণ করে ভবিষ্যৎ অনুমান করতেন হিট্টাইটদের গণক বা ভবিষ্যৎবক্তারা। রাজাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতেও এসব পর্যবেক্ষণ কাজে লাগানো হতো। অন্য একটি ফলকে পশ্চিম আনাতোলিয়ার বিদ্রোহ দমনে রাজার কাছে সামরিক সহায়তা চেয়ে সেনা কর্মকর্তাদের জরুরি বার্তা রয়েছে। আরও কিছু নথিতে ভয়াবহ জ্বরের মহামারির কথা উঠে এসেছে, যাতে বহু শিশুর মৃত্যু হয়েছিল। মৃতদের মধ্যে ছিল রাজপরিবারের এক শিশুকন্যাও।
সিএনএন লিখেছে, হিট্টাইটদের সামরিক শক্তির অন্যতম ভিত্তি ছিল যুদ্ধরথ। মিসরের সঙ্গে তাদের দীর্ঘ সংঘাতের চূড়ান্ত রূপ দেখা যায় খ্রিষ্টপূর্ব ১২৭৪ সালে কাদেশের যুদ্ধে। বর্তমান সিরিয়ার অরন্তেস নদীর তীরে সংঘটিত এই যুদ্ধে প্রায় ছয় হাজার রথ অংশ নিয়েছিল বলে ধারণা করা হয়। যুদ্ধের ফল অমীমাংসিত থাকলেও পরে দুই সাম্রাজ্যের মধ্যে কাদেশ চুক্তি স্বাক্ষরিত হয়। এটি ইতিহাসের প্রাচীনতম পরিচিত শান্তিচুক্তিগুলোর একটি। চুক্তির একটি প্রতিরূপ নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরেও প্রদর্শিত হচ্ছে।
হিট্টাইটদের রাজধানী ছিল হাত্তুসা। তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে প্রায় তিন ঘণ্টার গাড়িপথে অবস্থিত এই প্রত্নস্থল ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত। শহরটির প্রবেশপথে রয়েছে বিখ্যাত লায়ন গেট ও স্ফিংস গেট। কাছেই ইয়াজিলিকায়া নামের উন্মুক্ত মন্দিরে পাথরে খোদাই করা দেবদেবীর অসাধারণ চিত্র দেখা যায়।
আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতুর্কও হিট্টাইট সভ্যতা নিয়ে আগ্রহী ছিলেন। তাঁর উদ্যোগে প্রত্নতাত্ত্বিক খনন ও জাদুঘর প্রতিষ্ঠার কাজ এগিয়ে যায়। নতুন আবিষ্কার এবং চলমান খননের ফলে একসময় মিসরের প্রতিদ্বন্দ্বী এই সাম্রাজ্যের অজানা ইতিহাস আরও উন্মোচিত হচ্ছে।