দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামরিক রসদ পরিবহন ও বিমান পরিচালনার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল চট্টগ্রামের হাটহাজারী বিমানবন্দর। ১৯৪৩ সালে ব্রিটিশ বাহিনীর নির্মিত প্রায় ৩৭ একরের এই বিমানঘাঁটি এখন অবহেলা ও অযত্নে হারাতে বসেছে ঐতিহাসিক গুরুত্ব। তবে যথাযথ সংরক্ষণ ও পরিকল্পিত উন্নয়ন করা হলে এটি হতে পারে ইতিহাসনির্ভর আকর্ষণীয় পর্যটনকেন্দ্র।

হাটহাজারী পৌরসভার আলামপুর ও আদর্শগ্রাম এলাকায় অবস্থিত বিমানঘাঁটিটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জ্বালানি সরবরাহ এবং সামরিক রসদ পরিবহনে ব্যবহৃত হতো। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী ও ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্স যৌথভাবে এখান থেকে সরবরাহকারী বিমান পরিচালনা করত। যুদ্ধ শেষে ১৯৪৫ সালের সেপ্টেম্বরে বিমানঘাঁটিটি বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, বিমানঘাঁটির পুরোনো রানওয়ের কিছু অংশ এখনো দৃশ্যমান। জ্বালানি তেলের রিজার্ভারের অবশিষ্টাংশ, প্রশাসনিক ভবন ও সিগন্যাল ঘরও রয়েছে। তবে দীর্ঘদিনের অবহেলায় ভবনগুলো জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়ালে শেওলা জমেছে, পলেস্তারা খসে পড়ছে। কিছু জায়গা বেদখলে চলে যাওয়ার অভিযোগও রয়েছে। স্থানীয়ভাবে নতুন স্থাপনা নির্মাণের কারণে পুরোনো নিদর্শনগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি বাহিনীর অগ্রযাত্রার প্রেক্ষাপটে চট্টগ্রাম কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বার্মা (বর্তমান মিয়ানমার) সীমান্তে মিত্রবাহিনীর অভিযানে অস্ত্র, গোলাবারুদ, খাদ্য ও অন্যান্য সামরিক সরঞ্জাম পৌঁছে দিতে আকাশপথে সরবরাহের প্রয়োজন বাড়ে। দুর্গম পাহাড়ি পথ ও বর্ষাকালে স্থলপথে পরিবহনের অসুবিধার কারণে হাটহাজারী বিমানঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ১৯৬১ সালে প্রকাশিত মওরারের ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিমান বাহিনীর কমব্যাট ইউনিট’ গ্রন্থেও হাটহাজারী বিমানঘাঁটির উল্লেখ রয়েছে। গ্রন্থের তথ্য অনুযায়ী, এটি মূলত পরিবহন ও সামরিক সরবরাহের কাজে ব্যবহৃত হতো। এখানে ১২৮তম আর্মি কমিউনিকেশন সিস্টেম স্কোয়াড নামে একটি রেডিও রিলে কেন্দ্রও ছিল।

বিমানঘাঁটির ঐতিহাসিক গুরুত্বের পাশাপাশি এলাকাটির রয়েছে প্রাকৃতিক পর্যটন সম্ভাবনা। এর আশপাশের ৫০০ থেকে ৬০০ গজের মধ্যে রয়েছে পাহাড় ও ছড়া। বর্ষায় পাহাড়ি পানির প্রবাহে ছড়াগুলো প্রাণ ফিরে পায়। পাহাড় ও সমতলের মেলবন্ধনে তৈরি এই প্রাকৃতিক পরিবেশ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন। বিশেষ করে শুক্র ও শনিবার পর্যটকদের উপস্থিতি বেশি থাকে বলে জানান স্থানীয় বাসিন্দারা।

আলামপুরের বাসিন্দা মো. সেলিম বলেন, তাঁর পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন, বিমানঘাঁটি নির্মাণের সময় স্থানীয়দের জমি অধিগ্রহণ করা হয়েছিল। যুদ্ধের সময় এখানে বিমানকে জ্বালানি সরবরাহ করা হতো এবং সামরিক অভিযান পরিচালনায় ঘাঁটিটি ব্যবহৃত হতো।

আদর্শগ্রামের বাসিন্দা মো. নুরুল ইসলাম বলেন, ঐতিহাসিক স্থাপনাগুলো দেখতে প্রতিদিন অনেক মানুষ আসেন। সরকার উদ্যোগ নিয়ে এলাকাটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুললে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ বাড়বে।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানান, ঐতিহাসিক বিমানঘাঁটির স্থাপনাগুলো সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। সেখানে পর্যটনকেন্দ্র, সাংস্কৃতিক কেন্দ্র কিংবা গবেষণাকেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলে স্থানীয় প্রশাসন সহযোগিতা করবে।