গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুমে বিশ্বজুড়ে বিমানযাত্রার চাহিদা বেড়েছে। এর প্রভাব পড়েছে উড়োজাহাজের টিকিটের দামেও। বিশেষ করে যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উভয় রুটেই ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় বাজেট ভ্রমণকারীদের অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানির দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী মাসগুলোতেও বিমান ভাড়া উচ্চ পর্যায়ে থাকতে পারে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভ্রমণবিষয়ক প্রতিষ্ঠান কায়াকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালের গ্রীষ্মকালীন মৌসুমে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের গড় ভাড়া সর্বোচ্চ ৩১ শতাংশ বেড়েছে। একই সময়ে আন্তর্জাতিক রুটের গড় বিমান ভাড়াও প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির পেছনে একাধিক কারণ একযোগে কাজ করছে। বৈশ্বিক মূল্যস্ফীতি, বিমান পরিচালনার ব্যয় বৃদ্ধি এবং জেট জ্বালানির দাম বাড়া এর প্রধান কারণ। বিমান সংস্থার মোট পরিচালন ব্যয়ের বড় একটি অংশ জ্বালানির জন্য ব্যয় হয়। ফলে জ্বালানির মূল্য বাড়লে তার সরাসরি প্রভাব পড়ে টিকিটের দামে।

বিশেষজ্ঞদের ভাষ্য, চলতি বছরের শুরু থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানির বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সংঘাতের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যায়। এতে বিশ্বের বিভিন্ন বিমান সংস্থার পরিচালন ব্যয় আরও বৃদ্ধি পায় এবং অতিরিক্ত ব্যয়ের একটি অংশ যাত্রীদের বহন করতে হচ্ছে।

ভাড়া বৃদ্ধি সত্ত্বেও গ্রীষ্মকালীন ভ্রমণের চাহিদা খুব বেশি কমেনি। অনেকেই ছুটি, পারিবারিক অনুষ্ঠান বা অন্যান্য প্রয়োজনের কারণে নির্ধারিত ভ্রমণ পরিকল্পনা বজায় রেখেছেন। তবে শেষ মুহূর্তে টিকিট কিনতে গিয়ে অনেক যাত্রীকে আরও বেশি ভাড়া পরিশোধ করতে হচ্ছে।

অতিরিক্ত ব্যয় এড়াতে কিছু ভ্রমণকারী বিকল্প পরিবহনও বেছে নিচ্ছেন। স্বল্প দূরত্বে ট্রেন ভ্রমণের আগ্রহ বাড়ছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সড়কপথে ভ্রমণের প্রবণতাও অব্যাহত রয়েছে। তবে জ্বালানির উচ্চমূল্যের কারণে অনেক পরিবার দূরের পরিবর্তে কাছাকাছি গন্তব্য নির্বাচন করছেন, যাতে মোট ভ্রমণ ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায়।

পর্যটন খাতের সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক জ্বালানি বাজার দ্রুত স্থিতিশীল না হলে আগামী কয়েক মাস বিমান ভাড়া আরও বাড়তে পারে। তাই গ্রীষ্মকালীন ছুটি কিংবা বছরের শেষভাগের ভ্রমণের পরিকল্পনা থাকলে যতটা সম্ভব আগেভাগে টিকিট বুকিং করা উচিত। এতে তুলনামূলক কম ভাড়ায় আসন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে।

যা জানা জরুরি

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ফ্লাইটের গড় ভাড়া বেড়েছে সর্বোচ্চ ৩১ শতাংশ।

আন্তর্জাতিক রুটের গড় ভাড়া বেড়েছে প্রায় ২২ শতাংশ।

প্রধান কারণ: জেট জ্বালানির মূল্য বৃদ্ধি, বৈশ্বিক মূল্যস্ফীতি ও পরিচালন ব্যয় বৃদ্ধি।

ভ্রমণ ব্যয় কমাতে বিশেষজ্ঞদের পরামর্শ, যত আগে সম্ভব টিকিট বুকিং করুন।