ভ্রমণের ধরন দ্রুত বদলে যাচ্ছে। বিশেষ করে জেন-জি প্রজন্মের কাছে ভ্রমণ এখন শুধু জনপ্রিয় দর্শনীয় স্থান ঘুরে দেখা বা ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং মানসিক প্রশান্তি, ব্যক্তিগত অভিজ্ঞতা, স্থানীয় সংস্কৃতি জানা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কারের লক্ষ্যেই তারা বিভিন্ন ধরনের ভ্রমণ বেছে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে নতুন কিছু ট্রাভেল টার্ম বা ভ্রমণধারা।

মাইক্রো-কেশন

মাইক্রো-কেশন বলতে স্বল্প সময়ের ভ্রমণকে বোঝায়। সাধারণত ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সপ্তাহান্তে কাছাকাছি কোনো গন্তব্যে ঘুরে এসে মানসিকভাবে সতেজ হওয়াই এর মূল উদ্দেশ্য। কর্মব্যস্ত মানুষের কাছে এই ধরনের ভ্রমণ দিন দিন জনপ্রিয় হচ্ছে।

রুম রটিং

রুম রটিংয়ে ঘোরাঘুরির চেয়ে বিশ্রামই বেশি গুরুত্ব পায়। ভ্রমণকারীরা কোনো আরামদায়ক হোটেল বা রিসোর্টে অবস্থান করে বই পড়া, ঘুম, লেখালেখি কিংবা নিরিবিলি সময় কাটান। যারা ব্যস্ত জীবন থেকে কিছুদিনের বিরতি চান, তাদের কাছে এটি একটি আকর্ষণীয় ভ্রমণধারা।

ক্যানন ইভেন্ট ট্রিপ

জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতার সঙ্গে যুক্ত ভ্রমণকে ক্যানন ইভেন্ট ট্রিপ বলা হয়। যেমন প্রথম একক বিদেশ ভ্রমণ, বন্ধুদের সঙ্গে স্মরণীয় সফর অথবা নতুন অভিজ্ঞতা অর্জনের উদ্দেশ্যে বিশেষ কোনো গন্তব্যে যাওয়া। এসব ভ্রমণ অনেকের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে।

ডি-ইনফ্লুয়েন্সড ট্রাভেল

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া জনপ্রিয় স্থান এড়িয়ে তুলনামূলক নিরিবিলি ও কম পরিচিত গন্তব্য বেছে নেওয়াই ডি-ইনফ্লুয়েন্সড ট্রাভেল। অতিরিক্ত ভিড় এড়ানো, স্থানীয় পরিবেশ উপভোগ এবং ভিন্ন অভিজ্ঞতা অর্জনের আগ্রহ থেকে এই প্রবণতা বাড়ছে।

মিরর ট্রিপ

নিজেকে জানার এবং মানসিক প্রশান্তি খোঁজার উদ্দেশ্যে করা ভ্রমণকে মিরর ট্রিপ বলা হয়। একান্তে সময় কাটানো, ভবিষ্যৎ পরিকল্পনা করা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অনেকেই এমন ভ্রমণ বেছে নেন।

হোয়াই-কেশন

এই ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, "কেন যাচ্ছি?" অর্থপূর্ণ কোনো উদ্দেশ্য, শেখা, স্বেচ্ছাসেবা, প্রকৃতি উপভোগ কিংবা ব্যক্তিগত উন্নয়নের লক্ষ্য থাকলেই সফরের পরিকল্পনা করা হয়।

লোকাল লোর হান্টিং

স্থানীয় ইতিহাস, লোককাহিনি, ঐতিহ্য, সংস্কৃতি এবং মানুষের জীবনযাপন সম্পর্কে জানার আগ্রহ থেকে এই ধরনের ভ্রমণ করা হয়। টেকসই পর্যটন এবং সাংস্কৃতিক পর্যটনের সঙ্গে এ ধরনের ভ্রমণের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

মিন্টি বি ট্রাভেল

দৈনন্দিন মানসিক চাপ থেকে সাময়িক মুক্তি পেতে স্বল্প পরিসরের ভ্রমণকে মিন্টি বি ট্রাভেল বলা হয়। নতুন কোনো পথ ধরে হাঁটা, কাছাকাছি নতুন স্থান ঘুরে দেখা কিংবা ছোট্ট অবকাশ কাটানো এর অন্তর্ভুক্ত।

তথ্যবক্স

জেন-জির জনপ্রিয় ৮টি ট্রাভেল ট্রেন্ড

  • মাইক্রো-কেশন
  • রুম রটিং
  • ক্যানন ইভেন্ট ট্রিপ
  • ডি-ইনফ্লুয়েন্সড ট্রাভেল
  • মিরর ট্রিপ
  • হোয়াই-কেশন
  • লোকাল লোর হান্টিং
  • মিন্টি বি ট্রাভেল