অনেকেরই জীবনে এমন কিছু স্বপ্নের ভ্রমণ গন্তব্য থাকে, যেখানে একদিন না একদিন যাওয়ার ইচ্ছা থাকে। তবে এসব ভ্রমণ সাধারণ ছুটির পরিকল্পনা নয়; বরং বিশেষ উপলক্ষের জন্য জমিয়ে রাখা স্বপ্ন।
কারও ইচ্ছা উত্তর আকাশের নর্দার্ন লাইটস দেখা, কেউ যেতে চান গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে বন্যপ্রাণী দেখতে, আবার অনেকের স্বপ্নের হানিমুন গন্তব্য মালদ্বীপ।
কিন্তু এসব ভ্রমণে আসলে কত খরচ হয়?

ভ্রমণবিষয়ক বীমা প্রতিষ্ঠান ‘স্কয়ারমাউথের’ নতুন এক বিশ্লেষণে বিশ্বের ২০২৬ সালের সবচেয়ে ব্যয়বহুল ১৫টি পর্যটন গন্তব্যের তালিকা প্রকাশ করা হয়েছে।
এক লাখের বেশি ট্রাভেল ইনস্যুরেন্স বিক্রির তথ্য, ছয় হাজারের বেশি গ্রাহক এবং গুগল ফ্লাইটস ও কায়াক হোটেলসের তথ্য বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করেছে তারা।
বিশ্লেষণে দেখা গেছে, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গন্তব্যগুলোর বেশিরভাগই দূরবর্তী ও বিচ্ছিন্ন অঞ্চল। সেখানে পৌঁছানো কঠিন, সরবরাহ ব্যয় বেশি এবং এসব স্থানে সাধারণত বিলাসবহুল বা অ্যাডভেঞ্চারধর্মী ভ্রমণের চাহিদা বেশি।
এছাড়া মেরু অঞ্চলভিত্তিক অভিযান ও এক্সপেডিশন ট্যুর সবচেয়ে ব্যয়বহুল। এরপর রয়েছে দ্বীপ ও সমুদ্রসৈকতভিত্তিক ভ্রমণ এবং সাফারি বা বন্যপ্রাণী পর্যবেক্ষণের গন্তব্য।

তালিকার শীর্ষে গ্রিনল্যান্ড
সেখানে প্রতিদিন একজন পর্যটকের গড় ভ্রমণ ব্যয় প্রায় ১ লাখ ৪৩ হাজার টাকা (১,১৭১ ডলার)।
গাড়ি ভাড়া করতে প্রতিদিন খরচ হয় প্রায় ১৩ হাজার ৪০০ টাকা (১১০ ডলার)।
সপ্তাহের সাধারণ দিনে একটি হোটেলে এক রাত থাকতে গড়ে খরচ হয় প্রায় ২৭ হাজার ৭০০ টাকা (২২৭ ডলার)।
এছাড়া সাধারণ মানের একটি রেস্তোরাঁয় একবেলার খাবারের জন্য গুনতে হয় প্রায় ৪ হাজার ৪০০ টাকান (৩৬ ডলার) মতো।

দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
এখানে সপ্তাহের সাধারণ দিনে হোটেলে এক রাতের গড় খরচ প্রায় ১ লাখ ৩৮ হাজার ৭০০ টাকা (১,১৩৭ ডলার) এবং প্রতিদিনের গড় ভ্রমণ ব্যয় প্রায় ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা (৯২৫ ডলার)।

তৃতীয় স্থানে রয়েছে ফ্রেঞ্চ পলিনেশিয়া
এখানে প্রতিদিন গড়ে খরচ হয় প্রায় ৯২ হাজার ২০০ টাকা (৭৫৬ ডলার)। আর হোটেলে এক রাতের গড় ভাড়া প্রায় ১ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা (১,৩৮২ ডলার)।

অ্যান্টার্কটিকা ও মালদ্বীপও শীর্ষ পাঁচে
চতুর্থ স্থানে থাকা অ্যান্টার্কটিকায় শুধু বিমানের টিকিটের গড় মূল্য প্রায় ২ লাখ ৩১ হাজার ৭০০ টাকা (১,৮৯৯ ডলার)।
এখানে প্রতিদিনের গড় ভ্রমণ ব্যয় প্রায় ১ লাখ ৮৪ হাজার ৩০০ টাকা (১,৫১১ ডলার)।

পঞ্চম স্থানে রয়েছে মালদ্বীপ।
মালদ্বীপে প্রতিদিন একজন পর্যটকের গড় খরচ প্রায় ১ লাখ ৩০ হাজার ৮০০ টাকা (১,০৭২ ডলার) এবং হোটেলে এক রাতের গড় ভাড়া প্রায় ১ লাখ ৫২ হাজার ৪০০ টাকা (১,২৪৯ ডলার)।

২০২৬ সালের সবচেয়ে ব্যয়বহুল ১৫টি ভ্রমণ গন্তব্য
১. গ্রিনল্যান্ড
২. ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ
৩. ফ্রেঞ্চ পলিনেশিয়া
৪. অ্যান্টার্কটিকা
৫. মালদ্বীপ
৬. সুইজারল্যান্ড
৭. জিম্বাবুয়ে
৮. টার্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জ
৯. বতসোয়ানা (যৌথ)
৯. অ্যাঙ্গুইলা (যৌথ)
৯. সেইন্ট লুসিয়া (যৌথ)
১২. নামিবিয়া (যৌথ)
১৩. আইসল্যান্ড (যৌথ)
১৪. নরওয়ে
১৫. জাম্বিয়া