বিশ্ব ফুটবলের তারকারা মাঠের ব্যস্ত মৌসুম শেষে বিশ্রাম ও অবকাশযাপনের জন্য বেছে নেন বিশ্বের কিছু জনপ্রিয় পর্যটন গন্তব্য। সমুদ্রসৈকত, বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত ভিলা ও ভূমধ্যসাগরীয় দ্বীপ ঘিরেই তাদের পছন্দের তালিকা। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান বোট চার্টার-এর এক গবেষণায় উঠে এসেছে শীর্ষ ফুটবলারদের সবচেয়ে জনপ্রিয় অবকাশযাপনের পাঁচটি গন্তব্য।
তালিকার শীর্ষে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। আধুনিক স্থাপত্য, বিলাসবহুল হোটেল, মরুভূমি ভ্রমণ, সমুদ্রসৈকত এবং উন্নত বিনোদন ব্যবস্থার কারণে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন নগরী। ক্রোয়েশিয়ার তারকা ফুটবলার লুকা মদরিচসহ অনেক ফুটবলার পরিবার নিয়ে এখানে ছুটি কাটান।
দ্বিতীয় স্থানে রয়েছে স্পেনের বার্সেলোনা। ঐতিহাসিক স্থাপনা, ভূমধ্যসাগরীয় সৈকত, সমৃদ্ধ সংস্কৃতি ও বিশ্বখ্যাত খাবারের জন্য শহরটি পর্যটকদের কাছে দীর্ঘদিন ধরেই আকর্ষণের কেন্দ্র। ফুটবল তারকাদের কাছেও এটি জনপ্রিয় অবকাশযাপনের গন্তব্য।
তালিকায় রয়েছে গ্রিসের বিখ্যাত দ্বীপ মাইকোনোস। সাদা-নীল স্থাপত্য, স্বচ্ছ নীল জলরাশি, সমুদ্রসৈকত ও প্রাণবন্ত পরিবেশের জন্য দ্বীপটি ইউরোপের অন্যতম জনপ্রিয় গ্রীষ্মকালীন পর্যটনকেন্দ্র। মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহসহ অনেক ফুটবলার নিয়মিত এখানে ছুটি কাটাতে যান।
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির পছন্দের অবকাশযাপনের স্থান ইবিজা। স্পেনের এই ভূমধ্যসাগরীয় দ্বীপ বিলাসবহুল রিসোর্ট, মনোরম সৈকত এবং নৈশজীবনের জন্য বিশ্বজুড়ে পরিচিত। প্রতি বছর অসংখ্য আন্তর্জাতিক পর্যটক ও ক্রীড়া তারকা এখানে সময় কাটাতে যান।
পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রিয় গন্তব্যগুলোর একটি স্পেনের উপকূলীয় শহর মারবেলা। বিলাসবহুল রিসোর্ট, ব্যক্তিগত ভিলা, ইয়ট মেরিনা এবং ভূমধ্যসাগরীয় সৈকতের জন্য শহরটি ধনী পর্যটকদের কাছে বিশেষভাবে জনপ্রিয়। এখানে রোনালদোর একটি রিসোর্টও রয়েছে।
তথ্যসূত্র: গোল ডটকম ও বোট চার্টারের গবেষণা।