জনপ্রিয় পর্যটন গন্তব্যের বাইরে নিরিবিলি, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং তুলনামূলক কম পরিচিত দ্বীপ খুঁজছেন? ভ্রমণবিষয়ক অনলাইন সাময়িকী ট্রাভেল+লিজার সম্প্রতি বিশ্বের ৩০টি ‘সিক্রেট আইল্যান্ড’-এর তালিকা প্রকাশ করেছে। সেখানে জায়গা পেয়েছে এশিয়ার পাঁচটি মনোমুগ্ধকর দ্বীপ। প্রকৃতিপ্রেমী, ব্যাকপ্যাকার কিংবা বিলাসবহুল অবকাশযাপনকারী, সবার জন্যই রয়েছে ভিন্ন ধরনের অভিজ্ঞতার সুযোগ।
কোন দাও, ভিয়েতনাম
ভিয়েতনামের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত কোন দাও দ্বীপপুঞ্জ প্রকৃতির শান্ত সৌন্দর্যের জন্য পরিচিত। হো চি মিন সিটি থেকে প্রায় এক ঘণ্টার বিমানযাত্রায় পৌঁছানো যায় প্রধান দ্বীপে।
গ্রানাইট পাহাড়, স্বচ্ছ নীল জল আর নির্জন সৈকতের পাশাপাশি মোটরবাইকে ঘুরে দেখা যায় উনিশ শতকের পাহাড়চূড়ার বাতিঘর এবং দাম ত্রে বে লেগুন। এখানে স্বল্প বাজেটের আবাসনের পাশাপাশি সিক্স সেন্সেসের মতো আন্তর্জাতিক মানের বিলাসবহুল রিসোর্টও রয়েছে।
গিলি ত্রাওয়াঙ্গান, ইন্দোনেশিয়া
লম্বক দ্বীপের কাছে অবস্থিত গিলি ত্রাওয়াঙ্গান মোটরচালিত যানবাহনবিহীন একটি দ্বীপ। ফলে পুরো দ্বীপ ঘোরা যায় হেঁটে বা সাইকেলে, যা পর্যটকদের জন্য এক ভিন্ন অভিজ্ঞতা তৈরি করে।
ডাইভিং, মাছ ধরা, সৈকতসংলগ্ন ক্যাফেতে সময় কাটানো কিংবা ফেরিতে করে কাছের মাউন্ট রিনজানি এলাকায় ঘুরে আসা, সব মিলিয়ে এটি শান্ত পরিবেশে অবকাশযাপনের আদর্শ গন্তব্য।
স্বরাজ দ্বীপ, ভারত
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রায় ৫০০টি দ্বীপের মধ্যে স্বরাজ দ্বীপ অন্যতম আকর্ষণীয়। এটি অনেকের কাছে হ্যাভলক আইল্যান্ড নামেও পরিচিত।
পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ৭০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই দ্বীপ সাদা বালুর সৈকত, স্বচ্ছ সমুদ্র আর জলক্রীড়ার জন্য বিখ্যাত। স্কুবা ডাইভিং, স্নরকেলিং, গ্লাস-বটম নৌকাভ্রমণ এবং জঙ্গলে ট্রেকিংয়ের সুযোগ রয়েছে এখানে।
এ দ্বীপের রাধানগর সৈকত এশিয়ার অন্যতম সেরা সূর্যাস্ত দেখার স্থান হিসেবে পরিচিত। এছাড়া এলিফ্যান্ট সৈকত ও কালা পাথর সৈকতও পর্যটকদের কাছে সমান জনপ্রিয়।
পুলাউ মাবুল, মালয়েশিয়া
মালয়েশিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলের পুলাউ মাবুল স্কুবা ডাইভিং ও স্নরকেলিংপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ। সামুদ্রিক জীববৈচিত্র্যের কারণে অনেকেই এর পানির নিচের জগতের সঙ্গে গালাপাগোস দ্বীপপুঞ্জের তুলনা করেন।
এখানে বিরল সি-মথ, ববটেইল স্কুইড এবং পেইন্টপট কাটলফিশসহ নানা সামুদ্রিক প্রাণী দেখা যায়। সমুদ্রের ওপর নির্মিত ওয়াটার বাংলোতে থাকার সুযোগও রয়েছে।
ইরিওমোতে, জাপান
জাপানের ওকিনাওয়া অঞ্চলের ইরিওমোতে দ্বীপ এখনও অনেক পর্যটকের কাছে অজানা। ঘন অরণ্য, ম্যানগ্রোভ বন, প্রবালপ্রাচীর এবং জলপ্রপাতে সমৃদ্ধ এই দ্বীপ প্রকৃতিপ্রেমীদের জন্য অনন্য গন্তব্য।
এখানে রয়েছে শান্ত ইডা নো হামা সৈকত এবং বুনো প্রকৃতির মধ্যে অবস্থিত পিনাইসারা জলপ্রপাত। ট্রেকিং, কায়াকিং এবং প্রকৃতি পর্যবেক্ষণের জন্য ইরিওমোতে বিশেষভাবে জনপ্রিয়।