সৌদি আরবে ভ্রমণ আরও সহজ ও ঝামেলামুক্ত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা ‘প্যাকেজ ভিসা’ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় ট্যুর প্যাকেজ বুকিংয়ের সঙ্গে একই প্রক্রিয়ায় পর্যটন ভিসার আবেদন করা যাবে। প্রাথমিকভাবে বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে এ সেবা মিলবে। পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক পর্যটকদের জন্য সমন্বিত ভ্রমণসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে সৌদি আরব পর্যটন ই-ভিসা, আগমনের পর ভিসা এবং ট্রানজিট স্টপওভার ভিসা চালু করেছিল। নতুন ‘প্যাকেজ ভিসা’ যুক্ত হওয়ায় ভ্রমণ পরিকল্পনা আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সৌদি আরবে ২ কোটি ৯০ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন। পর্যটন খাতকে অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত হিসেবে গড়ে তুলতে দেশটি ধারাবাহিকভাবে নতুন উদ্যোগ গ্রহণ করছে।
সৌদির পর্যটনমন্ত্রী আহমেদ আল খাতিব বলেন, সৌদি আরবের পর্যটন খাত দ্রুত বিকশিত হচ্ছে। আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য সফরকে আরও সহজ ও নির্বিঘ্ন করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই ‘প্যাকেজ ভিসা’ চালু করা হয়েছে।
তিনি বলেন, ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসা আবেদন প্রক্রিয়া একীভূত হওয়ায় পুরো ভ্রমণ পরিকল্পনা আগের তুলনায় অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। একই সঙ্গে এটি পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সমন্বয় বাড়াবে এবং সৌদি আরবকে আরও সহজে ভ্রমণযোগ্য বৈশ্বিক পর্যটন গন্তব্য হিসেবে প্রতিষ্ঠায় সহায়তা করবে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ফ্লাইট, আবাসন ও ভিসার জন্য আবেদন করতে হবে না। একটি ট্যুর প্যাকেজের মধ্যেই এসব সেবা অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া ভ্রমণকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠান, দর্শনীয় স্থান ভ্রমণ এবং অন্যান্য পর্যটন অভিজ্ঞতাও প্যাকেজে যুক্ত করতে পারবেন।
তবে এই সুবিধা কেবল সৌদি কর্তৃপক্ষের অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমে পাওয়া যাবে। এসব অপারেটরকে নির্ধারিত সেবার মান নিশ্চিত করার পাশাপাশি ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদান করতে হবে।
বর্তমানে সৌদি ট্যুরিজম অথরিটি বিশ্বের ৩৮টি দেশে ১৬টি আঞ্চলিক প্রতিনিধি কার্যালয়ের মাধ্যমে সৌদি আরবকে আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে প্রচার এবং বিভিন্ন পর্যটন কর্মসূচি ও ট্যুর প্যাকেজ উন্নয়নে কাজ করছে।
যা জানা জরুরি
সেবার নাম: প্যাকেজ ভিসা
সুবিধা: ট্যুর বুকিংয়ের সঙ্গে ভিসা আবেদন
প্রাথমিকভাবে: বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশে চালু
প্রযোজ্য: অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে
লক্ষ্য: ভ্রমণ প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক পর্যটক বাড়ানো