আন্তর্জাতিক পর্যটন বাজারে বাংলাদেশের উপস্থিতি জোরদার এবং দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সংযোগ বাড়াতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক ট্রাভেল ট্রেড মার্কেটপ্লেস ‘বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬’। তিন দিনের এ আয়োজনে ২০টি দেশের ১৩০টির বেশি প্রদর্শক এবং শতাধিক পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণের কথা রয়েছে।

বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশনের (বোটোয়া) উদ্যোগে আগামী ৩ থেকে ৫ সেপ্টেম্বর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় এ ট্রাভেল মার্ট অনুষ্ঠিত হবে। আয়োজকদের প্রত্যাশা, প্রায় ১৫ হাজার দর্শনার্থী এতে অংশ নেবেন।

শনিবার (১১ জুলাই) হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে বোটোয়ার সভাপতি সৈয়দ গোলাম মোহাম্মদ এসব তথ্য জানান।

তিনি বলেন, সরকারের নীতিগত সহায়তা, বেসরকারি বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশের পর্যটন খাতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, বৈচিত্র্যময় সংস্কৃতি, প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য ও আতিথেয়তাকে আন্তর্জাতিক পর্যটকদের কাছে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতেই এ আয়োজন।

বোটোয়ার সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শরিফ বলেন, সংগঠনটি আউটবাউন্ড পর্যটনের প্রতিনিধিত্বের পাশাপাশি দেশে বিদেশি পর্যটক আকর্ষণ, পর্যটন বিনিয়োগ বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা এবং বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ইতিবাচক পর্যটন পরিচিতি তৈরিতে কাজ করছে।

ট্রাভেল মার্টের প্রধান সমন্বয়ক মহসিন ইকবাল জানান, বিভিন্ন দেশের পর্যটন বোর্ড, বিমান সংস্থা, হোটেল, গন্তব্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং আন্তর্জাতিক ক্রেতা-বিক্রেতারা একই প্ল্যাটফর্মে অংশ নেবেন।

এবার প্রথমবারের মতো ব্যবসা-থেকে-ব্যবসা বা বিটুবি এবং ব্যবসা-থেকে-ভোক্তা বা বিটুসি কার্যক্রম পৃথক দুটি প্রদর্শনী হলে আয়োজন করা হবে। দেশের ট্রাভেল ফেয়ারের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক ‘হোস্টেড বায়ার প্রোগ্রাম’ও থাকছে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রেতা ও প্রদর্শকদের মধ্যে পূর্বনির্ধারিত ব্যবসায়িক বৈঠকের সুযোগ তৈরি হবে।

বিটুবি অংশে ক্রেতা-বিক্রেতা বৈঠক, ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে। আয়োজকদের মতে, এতে পর্যটন, আতিথেয়তা ও বিমান চলাচল খাতে নতুন বিনিয়োগ এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে।

অন্যদিকে বিটুসি অংশে সাধারণ দর্শনার্থীরা দেশি-বিদেশি ভ্রমণ প্যাকেজ, বিমান টিকিট, হোটেল বুকিং, ভিসা সেবা, বিভিন্ন গন্তব্যের তথ্য এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর বিশেষ ভ্রমণ অফার সম্পর্কে সরাসরি জানতে পারবেন।

এক নজরে বাংলাদেশ ট্রাভেল মার্ট ২০২৬

স্থান: হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা
তারিখ: ৩ থেকে ৫ সেপ্টেম্বর
অংশগ্রহণকারী দেশ: ২০টি
প্রদর্শক: ১৩০টির বেশি
প্রত্যাশিত দর্শনার্থী: প্রায় ১৫ হাজার