ভারতে অ্যাডভেঞ্চার পর্যটনের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে আলোচনায় এসেছে। কর্ণাটকের ডান্ডেলি এলাকায় একটি রিসোর্টে জিপলাইন রাইড চলাকালে সেফটি লক খুলে গিয়ে প্রায় ৪০ ফুট ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন এক পর্যটক। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অ্যাডভেঞ্চার পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা মান নিয়ে প্রশ্ন উঠেছে।

দুর্ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের ডান্ডেলি এলাকার একটি রিসোর্টে। আহত পর্যটকের নাম কুবের সুরপুর। জিপলাইন রাইডের সময় হঠাৎ সুরক্ষা লক খুলে গেলে তিনি মাটিতে পড়ে যান। এতে তার হাত ও পায়ের একাধিক হাড় ভেঙে যায় এবং স্নায়ুতেও গুরুতর আঘাত লাগে।

আহতের পরিবারের অভিযোগ, জিপলাইনের সরঞ্জামে মরিচা ধরেছিল এবং সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়নি। তাদের দাবি, রাইডের মাঝপথে সেফটি লক খুলে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে এবং এর দায় রিসোর্ট কর্তৃপক্ষ এড়াতে পারে না।

দুর্ঘটনার পর কুবেরকে প্রথমে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিজয়পুরার একটি হাসপাতালে নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য বর্তমানে তাকে মহারাষ্ট্রের মিরাজ শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই অ্যাডভেঞ্চার পর্যটনকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একজন ব্যবহারকারী মন্তব্য করেন, জিপলাইনের নিরাপত্তা ব্যবস্থায় এমন ব্যবস্থা থাকা উচিত যাতে মূল দড়ি বিচ্ছিন্ন হলেও পর্যটক নিচে পড়ে না যান। আরেকজনের মতে, এ ধরনের ঘটনায় শুধু সাময়িক ব্যবস্থা নয়, দায়ীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।