খাগড়াছড়ির হর্টিকালচার পার্কে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এবার যোগ হয়েছে নতুন রোমাঞ্চের সুযোগ। পর্যটকদের বিনোদনে চালু করা হয়েছে জীপলাইন ও আধুনিক জায়ান্ট সুইং। জেলা পরিষদের আশা, নতুন এই দুই আউটডোর রাইড পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতায় ভিন্ন মাত্রা যোগ করবে।

স্বচ্ছ জলের লেক, সবুজে ঘেরা আলুটিলা পাহাড়, ঝুলন্ত সেতু ও নৌকা ভ্রমণের জন্য খাগড়াছড়ি হর্টিকালচার পার্ক পর্যটকদের কাছে পরিচিত। এবার এসব আকর্ষণের সঙ্গে যুক্ত হলো জীপলাইন ও জায়ান্ট সুইং।

পার্কে ঘুরতে আসা এক পর্যটক বলেন, ‘জীবনে প্রথমবারের মতো জীপলাইন করলাম। খুবই ভালো লাগছে। এরকম আগে কখনো করি নাই। দারুণ অভিজ্ঞতা।’

নির্মাতা প্রতিষ্ঠান ওয়েল্ডারনেস বিডির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে রাইড দুটি স্থাপন করা হয়েছে। আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

ওয়েল্ডারনেস বিডির প্রতিষ্ঠাতা সাদাব ইয়াসির বলেন, ‘আমরা এখানে যেসব এক্টিভিটি স্থাপন করা হয়েছে তা ইন্টারন্যাশনাল মানের। হয় ইউরোপ না হয় আমেরিকার তৈরি।’

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘আপাতত আমরা নিজস্ব ব্যবস্থাপনায় এটা পরিচালনা করে হবে। এর মধ্য দিয়ে পর্যটকেরা নতুন অভিজ্ঞতা পাবে।’

খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া বলেন, ‘পর্যটকদের নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মান বজায় রেখে জীপলাইন ও জায়ান্টসুইং স্থাপন করা হয়েছে। এতে ইউরোপে তৈরি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করায় পর্যটকেরা নিবিঘ্ন এসব এক্টিভিটি উপভোগ করতে পারবে।’

জেলা পরিষদ জানিয়েছে, ৪৭ লাখ টাকা ব্যয়ে জীপলাইন ও জায়ান্ট সুইং স্থাপন করা হয়েছে। জীপলাইনে চড়তে জনপ্রতি ১০০ টাকা এবং জায়ান্ট সুইংয়ে ৭০ টাকা খরচ হবে।