বিমানভাড়া ও হোটেল খরচ কমার সুযোগ থাকায় ২০২৭ সালে সাশ্রয়ী ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে স্পেনের বিলবাও। ভ্রমণবিষয়ক সংস্থা স্কাইস্ক্যানারের প্রকাশিত নতুন তালিকায় বিশ্বের তুলনামূলক সাশ্রয়ী ১০টি গন্তব্যের মধ্যে প্রথম স্থান পেয়েছে শহরটি। তালিকায় ইউরোপের পাশাপাশি উত্তর আফ্রিকা ও এশিয়ার কয়েকটি জনপ্রিয় পর্যটন গন্তব্যও রয়েছে।
জীবনযাত্রার ব্যয় বাড়লেও ভ্রমণের আগ্রহ কমেনি পর্যটকদের। তবে ছুটি কাটানোর পরিকল্পনায় এখন বিমানভাড়া ও আবাসন খরচকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভ্রমণকারীরা। এ প্রবণতার মধ্যে ২০২৭ সালে কম খরচে ভ্রমণের সম্ভাবনাময় গন্তব্যগুলো তুলে ধরেছে স্কাইস্ক্যানার।
ইউরোনিউজের প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বুক করা ইকোনমি শ্রেণির ফিরতি বিমানভাড়ার সঙ্গে ২০২৫ সালের একই সময়ের ভাড়ার তুলনা করে তালিকাটি তৈরি করা হয়েছে। পাশাপাশি গন্তব্যগুলোর হোটেল খরচও বিবেচনায় নেওয়া হয়েছে।
তালিকার প্রথম স্থানে থাকা স্পেনের বিলবাওয়ে ২০২৫ সালের তুলনায় বিমানভাড়া ৬৬ শতাংশ এবং হোটেলভাড়া ৬৩ শতাংশ কমেছে। শহরটির গুগেনহাইম জাদুঘর, আধুনিক স্থাপত্য এবং বাস্ক অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ।
দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ডের রকলা। শহরটিতে বিমানভাড়া কমেছে ৪৭ শতাংশ। এক হাজার বছরের বেশি ইতিহাসসমৃদ্ধ রকলার ক্যাথেড্রাল আইল্যান্ড এবং ইউনেসকো স্বীকৃত সেন্টেনিয়াল হল উল্লেখযোগ্য দর্শনীয় স্থান।
তৃতীয় স্থানে থাকা ফ্রান্সের বোর্দোতে বিমানভাড়া কমেছে ৩৪ শতাংশ এবং হোটেলভাড়া ৯ শতাংশ। চতুর্থ স্থানে সুইজারল্যান্ডের জুরিখে বিমানভাড়া ৩৩ শতাংশ ও হোটেলভাড়া ১৩ শতাংশ কমেছে। পঞ্চম স্থানে থাকা ইতালির আনকোনায় বিমানভাড়া কমেছে ৩১ শতাংশ এবং হোটেলভাড়া ১৩ শতাংশ।
ষষ্ঠ স্থানে রয়েছে গ্রিসের রোডস দ্বীপ। সেখানে বিমানভাড়া কমেছে ২২ শতাংশ। সপ্তম স্থানে ক্রোয়েশিয়ার পুলা শহরে বিমানভাড়া কমেছে ২০ শতাংশ।
অষ্টম স্থানে রয়েছে ফ্রান্সের কারকাসোন। শহরটিতে বিমানভাড়া কমেছে ২০ শতাংশ। নবম স্থানে থাকা মরক্কোর ফেজে কমেছে ১৯ শতাংশ। দশম স্থানে রয়েছে থাইল্যান্ডের ক্রাবি, যেখানে বিমানভাড়া কমেছে ১৫ শতাংশ।
স্কাইস্ক্যানারের প্রধান নির্বাহী ব্রায়ান বাতিস্তা বলেন, ভ্রমণকারীরা এখন অর্থ ব্যয়ের ক্ষেত্রে আরও সচেতন হচ্ছেন। বস্তুগত সম্পদের চেয়ে অর্থবহ অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিচ্ছেন তাঁরা। পাশাপাশি ভ্রমণ পরিকল্পনা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তাও নিচ্ছেন।