বিশ্বের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর সবকিছুর পেছনে যে বাস্তব ইতিহাস বা ঐতিহাসিক সত্য রয়েছে, তা নয়। কোথাও সাহিত্যিক কল্পনা, কোথাও চলচ্চিত্রের প্রভাব, আবার কোথাও পর্যটকদের আকৃষ্ট করতে তৈরি হয়েছে কৃত্রিম স্থাপনা ও গ্রাম। এসব স্থানের কোনোটি প্রতারণার অভিযোগে বিতর্কিত হলেও অনেকগুলোই সময়ের সঙ্গে জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হয়েছে। ইতালির জুলিয়েটের বারান্দা থেকে চীনের সাংগ্রি-লা, এমনই কয়েকটি ব্যতিক্রমী পর্যটনস্থানের গল্প তুলে ধরা হলো।

জুলিয়েটের বারান্দা, ইতালি

ইতালির ভ্যারোনা শহরের অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ জুলিয়েটের বারান্দা। শেক্‌সপিয়ারের বিখ্যাত নাটক ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এর কাল্পনিক চরিত্র জুলিয়েট ক্যাপিউলেটকে ঘিরে তৈরি হয়েছে এই পর্যটনকেন্দ্র। বারান্দাটির সঙ্গে নাটকের ঘটনার কোনো ঐতিহাসিক যোগসূত্র নেই। শেক্‌সপিয়ারও কখনো ভ্যারোনা শহরে যাননি।

তবু প্রেমের প্রতীক হিসেবে জায়গাটি বিশ্বজুড়ে পরিচিত। প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন। অনেকে দেয়ালে প্রেমপত্র রেখে যান এবং সৌভাগ্যের আশায় জুলিয়েটের মূর্তি স্পর্শ করেন।

স্টিল্ট ফিশারমেন, শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার সমুদ্র উপকূলে খুঁটির ওপর বসে মাছ ধরার দৃশ্য দেশটির পরিচিত পর্যটন-ছবিগুলোর একটি। তবে ২০০৪ সালের সুনামির পর ঐতিহ্যবাহী এই মাছ ধরার পদ্ধতি অনেকটাই কমে যায়। বর্তমানে সৈকতের কাছে যেসব জেলেকে এভাবে বসে থাকতে দেখা যায়, তাঁদের অনেকে পর্যটকদের ছবি তোলার সুযোগ দেওয়ার বিনিময়ে অর্থ বা বকশিশ নেন।

একই ধরনের পর্যটননির্ভর প্রদর্শনী দেখা যায় মিয়ানমারের ইনলে লেক এবং ভারতের কোচিতেও।

সাংগ্রি-লা, চীন

জেমস হিলটনের ১৯৩৩ সালের উপন্যাস ‘লস্ট হরাইজন’-এ বর্ণিত কাল্পনিক স্বর্গীয় স্থান সাংগ্রি-লা। উপন্যাসের এই কল্পিত স্থানকে বাস্তব পর্যটন গন্তব্যের পরিচয় দিতে ২০০১ সালে চীনের জংদিয়ান শহরের নাম পরিবর্তন করে সাংগ্রি-লা রাখা হয়।

হিমালয়ের পাদদেশে অবস্থিত এই এলাকায় তিব্বতি সংস্কৃতি, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। চীনে ঐতিহাসিক স্থাপত্যের আদলে তৈরি ‘ফ্যাংগু’ বা কৃত্রিম গ্রামও জনপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি তোলার জন্য তরুণ পর্যটকদের কাছে এসব স্থান আকর্ষণীয় হয়ে উঠেছে।

কাওয়াই নদী ও সেতু, থাইল্যান্ড

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত ডেথ রেলওয়ে থাইল্যান্ডের ইতিহাসের এক বেদনাদায়ক অধ্যায়। তবে ১৯৫৭ সালের বিখ্যাত চলচ্চিত্র ‘দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই’ মুক্তির পর নদী ও সেতুটিকে ঘিরে পর্যটকদের আগ্রহ বাড়ে।

চলচ্চিত্রের সঙ্গে বাস্তব ভৌগোলিক নামের অসংগতির কারণে থাই সরকার মে ক্লং নদীর একটি অংশের নাম পরিবর্তন করে কাওয়াই ইয়াই রাখে। কাঞ্চনাবুরি এলাকার এই সেতু ও রেলপথ এখন ইতিহাস, যুদ্ধস্মৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত পর্যটন গন্তব্য।

চেকপয়েন্ট চার্লি, জার্মানি

বার্লিনের চেকপয়েন্ট চার্লি ছিল পূর্ব ও পশ্চিম বার্লিনের সীমান্ত অতিক্রমের গুরুত্বপূর্ণ একটি প্রবেশপথ। শীতল যুদ্ধের ইতিহাসে জায়গাটির বিশেষ গুরুত্ব রয়েছে। তবে বর্তমানে সেখানে থাকা প্রহরী বুথ, বালুর বস্তা এবং সেনাদের পোশাকে ছবি তোলার সুযোগ দেওয়া ব্যক্তিরা মূল ঐতিহাসিক ব্যবস্থার অংশ নন। এগুলো পর্যটকদের জন্য তৈরি পুনর্নির্মিত আয়োজন।

বর্তমানে জায়গাটি জাদুঘর, ক্যাফে, স্মারকসামগ্রী বিক্রির দোকান ও ছবি তোলার কেন্দ্র হিসেবে পরিচিত।

ফ্রাউয়েনকির্চে গির্জা, জার্মানি

জার্মানির ড্রেসডেন শহরের ফ্রাউয়েনকির্চে গির্জা ঐতিহাসিক স্থাপনার পুনর্নির্মাণের একটি উল্লেখযোগ্য উদাহরণ। ১৭৪৩ সালে নির্মিত এই গির্জা ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমাবর্ষণে ধ্বংস হয়ে যায়। দীর্ঘদিন ধ্বংসস্তূপ হিসেবে পড়ে থাকার পর পুনর্নির্মাণ শেষে ২০০৫ সালে এটি আবার খুলে দেওয়া হয়।

মূল স্থাপনাটি পুনর্নির্মিত হলেও গির্জাটি ড্রেসডেনের ঐতিহ্য, যুদ্ধের স্মৃতি এবং পুনর্মিলনের প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে।

কৃত্রিমভাবে তৈরি বা পুনর্নির্মিত হলেই কোনো স্থান পর্যটকদের কাছে গুরুত্ব হারায় না। বরং সাহিত্য, চলচ্চিত্র, সংস্কৃতি, ইতিহাস ও মানুষের আগ্রহ অনেক সময় একটি স্থানকে নতুন পরিচয় দেয়। তবে ভ্রমণের আগে কোনো স্থানের প্রকৃত ইতিহাস ও পর্যটন আয়োজন সম্পর্কে জেনে নেওয়া থাকলে অভিজ্ঞতা আরও অর্থবহ হয়।

সূত্র: সিএনএন, দ্য সিডনি মর্নিং হেরাল্ড