দেশের পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরা এবং তরুণ উদ্যোক্তাদের সঙ্গে পর্যটক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যোগাযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ১৯ নভেম্বর রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ২০২৬। প্রথমবারের মতো আয়োজিত এ মেলা চলবে ২১ নভেম্বর পর্যন্ত।
ই-ট্যুরিজম অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইট্যাব) আয়োজিত এ মেলা রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৯ নভেম্বর সকাল ১০টায় দর্শনার্থীদের জন্য মেলা খুলে দেওয়া হবে। দুপুর ১২টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর যুব ও কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানের উপস্থিত থাকার কথা রয়েছে।
মেলায় থাকছে ৫৮টি স্টল
এক্সপোতে মোট ৫৮টি স্টল থাকবে। এসব স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের পর্যটন গন্তব্য, ভ্রমণসেবা ও পর্যটন ব্যবসার সুযোগ তুলে ধরা হবে।
বিশেষ করে সাগর, হাওর, পাহাড়, লেক ও গ্রামীণ পর্যটন নিয়ে কাজ করা উদ্যোক্তারা নিজেদের এলাকার দর্শনীয় স্থান, পর্যটন সুবিধা ও ভ্রমণের সম্ভাবনা তুলে ধরবেন। এর মাধ্যমে দেশীয় পর্যটন গন্তব্যের প্রচার এবং স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে।
প্রথম দিন পর্যটন ক্যারিয়ার সামিট
মেলার প্রথম দিন দুপুর ২টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ক্যারিয়ার সামিট’। পর্যটন খাতে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা নিয়ে আগ্রহীদের জন্য এ আয়োজন গুরুত্বপূর্ণ হতে পারে।
বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে ‘ট্যুরিজম ইনফ্লুয়েন্সার মিটআপ’। সন্ধ্যা সাড়ে ৬টায় সংগীত পরিবেশন করবেন শিল্পী তাসরিফ খান।
২০ নভেম্বর, শুক্রবার মেলার দ্বিতীয় দিনে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও ব্যবসায়িক সম্পর্ক তৈরির আয়োজন থাকবে। পাশাপাশি চলবে পর্যটন গন্তব্য ও ভ্রমণপণ্যের প্রদর্শনী এবং দর্শনার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম।
২১ নভেম্বর, শনিবার শেষ দিনে প্রদর্শকদের ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। অংশীদাররা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরবেন। এ ছাড়া থাকবে সম্মাননা প্রদান ও র্যাফল ড্র। বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে মেলার সমাপ্তি ঘোষণা করা হবে।
ইট্যাব সভাপতি ও মেলার আহ্বায়ক ইমরানুল আলম বলেন, “দেশে পর্যটন মেলার আয়োজন সাধারণত বিদেশের ভ্রমণ গন্তব্য ঘিরে হয়। এবারের মেলায় দেশের গন্তব্যগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সরকার, প্রশাসন, তরুণ উদ্যোক্তা ও পর্যটকদের মধ্যে যোগাযোগ গড়ে তুলতে চাই আমরা।”