শীতের ভ্রমণ মৌসুম সামনে রেখে দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের হোটেল, মোটেল ও রিসোর্টে বিশেষ ছাড়ের সুযোগ দিচ্ছে পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ঢাকায় শুরু হওয়া ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে স্পট বুকিংয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের পাশাপাশি বিভিন্ন প্যাকেজ ও সুবিধার তথ্য দিচ্ছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। ফলে আগাম ভ্রমণ পরিকল্পনা করা পর্যটকদের মধ্যে মেলায় বুকিংয়ের আগ্রহ দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, হোটেল, মোটেল, রিসোর্ট, ভ্রমণ প্রতিষ্ঠান ও ট্যুর অপারেটররা শীতের মৌসুমকে সামনে রেখে নিজেদের সেবা ও অফার তুলে ধরছে।
মেলায় অংশ নেওয়া অধিকাংশ হোটেল ও রিসোর্টের স্টলেই সরাসরি বুকিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। দর্শনার্থীরা বিভিন্ন পর্যটনকেন্দ্রে থাকার ব্যবস্থা, কক্ষের ধরন, ভাড়া, সুযোগ-সুবিধা ও ছাড় সম্পর্কে জানতে পারছেন। প্রতিষ্ঠানভেদে মেলা চলাকালে সরাসরি বুকিং করলে বিশেষ সুবিধা দেওয়ার কথা জানানো হচ্ছে।
মেলায় অংশ নেওয়া মেরিন ব্লু হোটেলের প্রধান পরিচালন কর্মকর্তা মুজাহিদুল ইসলাম বলেন, তাদের পক্ষ থেকেও স্পট বুকিংয়ে বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। নভেম্বর পর্যন্ত বিভিন্ন সুবিধা দেওয়া হবে। হোটেলে ছাদে বসার সুবিধাও রয়েছে।
তিনি বলেন, শীতের মৌসুমকে সামনে রেখে পর্যটকদের আগ্রহ বাড়াতে বিভিন্ন অফার দেওয়া হচ্ছে। যারা আগাম ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা মেলায় এসে একসঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা ও অফার সম্পর্কে জানতে পারছেন এবং পছন্দ অনুযায়ী সরাসরি বুকিং করতে পারছেন।
এদিকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের স্টলে মাত্র ৫০ টাকায় এক বছর মেয়াদি ২০ শতাংশ ছাড়ের কার্ড দেওয়া হচ্ছে। কার্ডটি সংগ্রহ করলে পরবর্তী এক বছর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হোটেল ও মোটেলে কক্ষ ভাড়ায় ২০ শতাংশ ছাড় নেওয়া যাবে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টি স্টলে অংশ নিচ্ছে।
মেলায় হোটেল, রিসোর্ট, বিমান সংস্থা, নৌভ্রমণ প্রতিষ্ঠান, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি, সরকারি-বেসরকারি পর্যটন সংস্থা এবং বিভিন্ন দেশের দূতাবাস ও মিশন অংশ নিচ্ছে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটন গন্তব্য, ভ্রমণ পণ্য ও সেবা সম্পর্কে তথ্য পাওয়ার সুযোগ রয়েছে।