দেশের ভেতরে ও বিদেশে ভ্রমণের পরিকল্পনা করা পর্যটকদের জন্য বিশেষ ছাড় ও আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এসেছে হোটেল, রিসোর্ট, ক্রুজ পরিচালনাকারী ও পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। রাজধানীতে চলমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে (বিটিটিএফ) হোটেলে রাত্রিযাপন, খাবার, নদীতে নৌবিহার এবং পর্যটন প্যাকেজে মিলছে বিশেষ সুবিধা। কোনো কোনো প্রতিষ্ঠানের প্যাকেজে রয়েছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মেলা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্টলে দর্শনার্থীদের ভিড়। অনেকে প্যাকেজের মূল্য, সুযোগ-সুবিধা ও বুকিংয়ের শর্ত সম্পর্কে খোঁজ নিচ্ছেন। পছন্দ অনুযায়ী কেউ কেউ মেলা থেকেই বুকিং দিচ্ছেন।

হোটেল ও রিসোর্টে বিশেষ ছাড়

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের ‘দ্য গোল্ডেন ফ্ল্যাশ’ অফারে ১৭ হাজার টাকা নেট মূল্যে স্ট্যান্ডার্ড রুমে এক রাত থাকার পাশাপাশি বুফে নাশতার সুযোগ রয়েছে। আগাম বুকিংয়ে মিলছে ১৫ শতাংশ ছাড়। অফারটি ২০২৬ সালের ২৫ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ১৫ জানুয়ারি পর্যন্ত অবস্থানের ক্ষেত্রে প্রযোজ্য।

কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট এনেছে ‘পে ফর ওয়ান অ্যান্ড স্টে থ্রি নাইটস’ অফার। তিন রাতের প্যাকেজের মূল্য রুমের ধরন অনুযায়ী ১৯ হাজার ৮০০ টাকা থেকে ২ লাখ টাকা। এতে বিলাসবহুল আবাসন, বুফে নাশতা, উভয় পথে যৌথ বিমানবন্দর বা লাউঞ্জ যাতায়াত, সুইমিংপুল, কিডস প্যারাডাইস ও জিম ব্যবহারের সুবিধা রয়েছে। পাশাপাশি বিনা মূল্যে ওয়াই-ফাই, দুই বোতল পানি এবং রুমে চা-কফির ব্যবস্থা থাকছে।

মেলা চলাকালে বুকিং দেওয়া যাবে। প্যাকেজের আওতায় ২৯ অক্টোবর থেকে ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত অবস্থান করা যাবে।

এ ছাড়া ‘ওশান এসকেপ’ প্যাকেজে বিভিন্ন শ্রেণির স্যুইট বুকিংয়ে প্রতি রাতে ৪০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে। ছুটি গ্রুপের আওতাধীন সব রিসোর্টে আবাসন সুবিধায় রয়েছে ৩০ শতাংশ ছাড়।

ক্রুজ ভ্রমণেও বিশেষ আয়োজন

নদীকেন্দ্রিক ভ্রমণপ্রেমীদের জন্য ঢাকা ডিনার ক্রুজ শীতলক্ষ্যা, মেঘনা ও বুড়িগঙ্গা নদীতে নৌবিহারের সুযোগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির আয়োজনে ডিনার ক্রুজ, ডে ক্রুজ, বারবিকিউ ডিনার, বিদায় সংবর্ধনা, প্রাতিষ্ঠানিক সম্মেলন, জন্মদিন ও বিবাহবার্ষিকী উদযাপন করা যায়।

ডিনার ক্রুজ বা ডে ক্রুজে জনপ্রতি ভ্রমণমূল্য ৩ হাজার টাকা এবং দিনব্যাপী ভ্রমণের মূল্য ৪ হাজার টাকা। মেলায় প্রতিষ্ঠানটি ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার দিচ্ছে।

তিন দিনব্যাপী পর্যটন মেলা

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) আয়োজিত ১৪তম বিটিটিএফ-২০২৬ গত ২৯ অক্টোবর শুরু হয়েছে। ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’ প্রতিপাদ্যে আয়োজিত মেলা চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।

মেলায় ২০টির বেশি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নিয়েছে। ২০০টির বেশি বুথ ও স্টলে হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিজেদের সেবা ও প্যাকেজ তুলে ধরছে।

অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান। ফলে দেশীয় পর্যটন গন্তব্যের পাশাপাশি বিদেশে ভ্রমণ, হোটেল বুকিং ও পর্যটনসেবা সম্পর্কেও সরাসরি তথ্য জানার সুযোগ পাচ্ছেন দর্শনার্থীরা।