রাজধানীতে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬-এর শেষ দিনেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মেলায় বিমান টিকিট, হোটেল বুকিং, ক্রুজ ভ্রমণ ও ভিসা প্রক্রিয়াকরণ সেবায় বিশেষ ছাড় থাকায় ভ্রমণপ্রেমীদের আগ্রহ বেড়েছে। দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানগুলোও নিজেদের সেবা ও ভ্রমণ প্যাকেজ তুলে ধরছে।

শনিবার (৩১ অক্টোবর) মেলার শেষ দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে দর্শনার্থীদের ভিড় দেখা যায়। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে তিন দিনব্যাপী ১৪তম এই পর্যটন মেলা রাত ৮টা পর্যন্ত চলে।

বিমান টিকিটে সর্বোচ্চ ১৫ শতাংশ ছাড়

মেলায় ইউএস-বাংলা এয়ারলাইনস নির্দিষ্ট আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের টিকিটে ১২ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয় সমন্বয়কারী মো. মেহেদী হাসান জানান, আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ এবং অভ্যন্তরীণ রুটে ১৫ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। মোট ১৯টি গন্তব্যে এই অফার প্রযোজ্য, যার মধ্যে ১৪টি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ গন্তব্য।

তাঁর ভাষ্য অনুযায়ী, চীনের গুয়াংজু, ভারতের চেন্নাই, সৌদি আরবের জেদ্দা ও সংযুক্ত আরব আমিরাতের দুবাই রুটের টিকিটের চাহিদা বেশি।

এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস মেলায় ১৭টি গন্তব্যের টিকিটে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির বাণিজ্যিক কর্মকর্তা মো. মহসিন।

সুন্দরবন ভ্রমণে ক্রুজ ও হোটেল প্যাকেজ

বিমান টিকিটের পাশাপাশি সুন্দরবন ভ্রমণেও বিশেষ ছাড় রয়েছে। ওয়েভ নামের একটি প্রতিষ্ঠান খুলনার জেলখানা ঘাট থেকে সুন্দরবনগামী ক্রুজ ভ্রমণে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির নির্বাহী রুমন মিয়া জানান, দুই রাত ও তিন দিনের এই প্যাকেজের মূল্য প্রায় ৩০ হাজার টাকা।

অন্যদিকে সি পার্ল হোটেল বুকিংয়ের পাশাপাশি ক্রুজ ভ্রমণেও ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির বিক্রয় কর্মকর্তা রাহাত রহমান জানান, ক্রুজ ভ্রমণে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় রয়েছে। সুন্দরবন ভ্রমণের জন্য ১২ হাজার থেকে ১৯ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পাওয়া যাচ্ছে।

ভুটান ভ্রমণ ও ভিসা সেবায় বিশেষ ছাড়

ভ্রমণসেবা প্রতিষ্ঠান ট্রিপ সাইলো ভিসা প্রক্রিয়াকরণ সেবায় ৫০ শতাংশ ছাড় দিচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিনিধি নিলুফা নিপা জানান, তাঁদের বিভিন্ন দেশের ভ্রমণ প্যাকেজ রয়েছে। বিশেষ করে সড়কপথে ভুটান ভ্রমণে আগ্রহ বাড়ছে। বিমানপথের তুলনায় বাসে যাতায়াত করলে খরচ প্রায় এক-তৃতীয়াংশ কম হতে পারে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ভুটান ভ্রমণের ছয় রাত ও পাঁচ দিনের প্যাকেজের মূল্য ২৮ হাজার ৫০০ টাকা। এতে সকালের নাশতা ও রাতের খাবার অন্তর্ভুক্ত রয়েছে।

চিকিৎসা পর্যটনেও আগ্রহ

মেলায় বিদেশে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার সুযোগ সম্পর্কেও তথ্য দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান। ব্যাংকক হসপিটালের বাংলাদেশ প্রতিনিধি ডা. মেহেনাজ তাবাসসুম জানান, বয়সভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসাসেবায় মেলা উপলক্ষে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।

চীনের মডার্ন ক্যানসার হাসপাতাল গুয়াংজুর প্রতিনিধি মো. আকাশ জানান, প্রতি মাসে বাংলাদেশ থেকে ৩০ থেকে ৪০ জন রোগী ওই হাসপাতালে চিকিৎসা নিতে যান। রোগের ধরন ও চিকিৎসাপদ্ধতি অনুযায়ী ব্যয় নির্ধারিত হয়। কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসায় মাসে প্রায় ১৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে। যাওয়া-আসার বিমানভাড়া বাবদ ব্যয় হতে পারে ৭০ হাজার থেকে ৯০ হাজার টাকা।

২০টির বেশি দেশের পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে

টোয়াবের সভাপতি মোহাম্মদ হানিফ জানান, এবারের মেলায় ২০টির বেশি দেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন সংস্থা এবং পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজান। মেলার প্রধান পৃষ্ঠপোষক ইউএস-বাংলা এয়ারলাইনস।

আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের মেলায় ২০০টির বেশি বুথ ও প্রদর্শনীকেন্দ্র এবং ২২০টির বেশি প্রদর্শক অংশ নিয়েছেন। তাঁদের প্রত্যাশা, মেলায় ২৫০ জনের বেশি সম্ভাবনাময় ব্যবসায়ী ক্রেতা, আড়াই হাজারের বেশি বাণিজ্যিক দর্শনার্থী এবং ৬০ হাজারের বেশি সাধারণ দর্শনার্থীর সমাগম হবে।

চারটি বিষয়ভিত্তিক প্রদর্শনী হলে বিমান সংস্থা, হোটেল, ট্যুর অপারেটরসহ পর্যটন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের সেবা ও পণ্য তুলে ধরছে। আয়োজকদের আশা, এ আয়োজনের মাধ্যমে দেশি-বিদেশি ব্যবসায়ীদের যোগাযোগ বাড়বে, বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে এবং আন্তর্জাতিক পর্যটন বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদার হবে।