২০২৩ সালের পর ইউরোপের ১৪টি রাজধানী শহরে গণপরিবহনের ভাড়া বেড়েছে বলে নতুন এক গবেষণায় দেখা গেছে। 
গ্রিনপিসের এ গবেষণা বলছে, কোনো কোনো শহরে এই মূল্যবৃদ্ধি ৫০ শতাংশেরও বেশি। তবে এর বিপরীতে চারটি শহরে গণপরিবহনের দীর্ঘমেয়াদি টিকিটের দাম কমেছে। খবর: ইউরো নিউজ
শহর ভ্রমণের পরিকল্পনায় গণপরিবহনের খরচ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর নতুন গবেষণায় দেখা গেছে, ইউরোপের প্রায় অর্ধেক রাজধানী শহরে গণপরিবহনের দাম এখন আগের তুলনায় বেশি।
গ্রিনপিসের গবেষণায় ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড ও নরওয়ের রাজধানীগুলোকে বিবেচনা করা হয়েছে। এসব শহরে মাসিক ও বার্ষিক গণপরিবহন টিকিটের প্রাপ্যতা ও মূল্য বিশ্লেষণ করা হয়েছে।
এ ছাড়া দীর্ঘমেয়াদি পাস কতটা বিস্তৃত এলাকায় ব্যবহার করা যায়, কোন কোন ধরনের গণপরিবহন এতে অন্তর্ভুক্ত, ঝুঁকিপূর্ণ বা সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য মূল্যছাড় রয়েছে কি না এবং গণপরিবহন টিকিটে কত শতাংশ মূল্য সংযোজন কর বা ভ্যাট রয়েছে—এসব বিষয়ও গবেষণায় বিবেচনা করা হয়েছে।
গ্রিনপিসের পক্ষ থেকে জাতীয় ও স্থানীয় সরকারগুলোকে সাশ্রয়ী মূল্যের তথাকথিত ‘ক্লাইমেট টিকিট’ চালুর আহ্বান জানানো হয়েছে। তাদের মতে, এর মাধ্যমে গণপরিবহন ব্যবহারকারীরা উপকৃত হওয়ার পাশাপাশি সড়ক ও বিমান পরিবহন থেকে নির্গমন এবং জীবাশ্ম জ্বালানির ওপর ইউরোপীয় ইউনিয়নের নির্ভরতা কমানো সম্ভব।
লন্ডনে গণপরিবহন সবচেয়ে ব্যয়বহুল
ইউরোপের পর্যটকদের কাছে জনপ্রিয় এবং বসবাসের জন্যও ব্যয়বহুল শহরগুলোর মধ্যে রয়েছে লন্ডন, আমস্টারডাম ও প্যারিস। মাসিক গণপরিবহন খরচের দিক থেকেও এই তিন শহর শীর্ষে।
প্রতি মাসে গণপরিবহনের খরচ লন্ডনে ১৬২ ইউরো, আমস্টারডামে ১০৭ ইউরো এবং প্যারিসে ৭৭ ইউরো।
২০২৩ সালের পর দীর্ঘমেয়াদি টিকিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায়; ৬৭ শতাংশ। এরপর রয়েছে আমস্টারডাম ৫৫ শতাংশ, মাদ্রিদ ৫০ শতাংশ এবং ব্রাতিস্লাভা ৩২ শতাংশ।
এ সময়ে বার্লিনে ২৯ শতাংশ এবং ভিয়েনায় ২৬ শতাংশ দাম বেড়েছে। কোপেনহেগেন, বুখারেস্ট, ভিলনিয়াস, ব্রাসেলস ও লন্ডনেও দাম অন্তত ১০ শতাংশ বেড়েছে।
ইউরোপীয় ইউনিয়নে গণপরিবহনের টিকিটের দাম তুলনামূলক বেশি থাকার অন্যতম কারণ হিসেবে ভ্যাটের বিষয়টি উঠে এসেছে। গণপরিবহন টিকিটে গড়ে ১১ শতাংশ ভ্যাট নেওয়া হয়। ২০২৩ সালের পর সাতটি দেশ গণপরিবহন টিকিটের ওপর ভ্যাটও বাড়িয়েছে।
তবে সব শহরে দাম বাড়েনি।
চারটি ইউরোপীয় রাজধানীতে দীর্ঘমেয়াদি গণপরিবহন পাসের দাম বরং কমেছে। সবচেয়ে বেশি কমেছে ডাবলিনে—৪২.৫ শতাংশ। এছাড়া অসলোর দাম ১১.৫ শতাংশ, বার্নে ৬.৬ শতাংশ এবং বুদাপেস্টে ৫.৮ শতাংশ কমেছে।
আর ১২টি রাজধানীতে ২০২৩ সালের তুলনায় দাম অপরিবর্তিত রয়েছে।
২০২৩ সালের পর স্পেন ও স্লোভেনিয়াও কোনো না কোনো ধরনের জাতীয় পর্যায়ের গণপরিবহন টিকিট চালু করেছে। বর্তমানে ইউরোপের ৩০টি দেশের মধ্যে মাত্র আটটি দেশে বিনামূল্যের গণপরিবহন অথবা সাশ্রয়ী মূল্যের সার্বজনীন দীর্ঘমেয়াদি টিকিট রয়েছে।
জাতীয় গণপরিবহন টিকিটের প্রাপ্যতা ও সাশ্রয়ী মূল্যের ক্ষেত্রে লুক্সেমবার্গ, মাল্টা ও স্লোভেনিয়া এগিয়ে রয়েছে। বিপরীতে ফিনল্যান্ড, গ্রিস ও নরওয়ের অবস্থান তুলনামূলক নিচে; এসব দেশে জাতীয় পরিবহন টিকিটের প্রাপ্যতা ও সাশ্রয়ী মূল্যের বিষয়টি দুর্বল এবং অভ্যন্তরীণ গণপরিবহনে গড়ের চেয়ে বেশি ভ্যাটও রয়েছে।
শহরভিত্তিক দীর্ঘমেয়াদি গণপরিবহন টিকিটের প্রাপ্যতা, সাশ্রয়ী মূল্য ও অন্তর্ভুক্তির সমন্বিত বিবেচনায় যৌথভাবে প্রথম হয়েছে তালিন, লুক্সেমবার্গ সিটি ও ভ্যালেত্তা। এরপর চতুর্থ প্রাগ, পঞ্চম রোম এবং ষষ্ঠ এথেন্স। শীর্ষ আটে রয়েছে সোফিয়া ও ভিয়েনা।