জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার দূরপাল্লা ও মহানগর বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্তে প্রতি কিলোমিটারে ভাড়া ১৭ পয়সা বাড়ছে। ফলে দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে সড়কপথে যাতায়াতকারী যাত্রীদের ভ্রমণ ব্যয়ও বাড়বে।

মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে নতুন ভাড়া চূড়ান্ত করা হয়। দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৫৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৭০ পয়সা হয়েছে।

সড়ক পরিবহন কর্তৃপক্ষ সোমবার দূরপাল্লার বাসে ২০ পয়সা এবং শহরের বাসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। মঙ্গলবারের বৈঠকে তা পর্যালোচনা করে উভয় ক্ষেত্রেই ১৭ পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।

সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় পরিবহন মালিকরা প্রচলিত হিসাব অনুযায়ী প্রতি কিলোমিটারে ২০ পয়সা ভাড়া বাড়ানোর দাবি করেছিলেন। জনস্বার্থ ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নভেল দে জানিয়েছেন, মঙ্গলবারই নতুন ভাড়ার প্রজ্ঞাপন জারি হওয়ার কথা। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নতুন ভাড়া কার্যকর হবে।

পর্যটকদের ওপর প্রভাব

দূরপাল্লার বাস দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাওয়ার অন্যতম প্রধান সড়ক পরিবহন ব্যবস্থা। ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহীসহ বিভিন্ন রুটে বাসে যাতায়াতকারী পর্যটকদের ক্ষেত্রে দূরত্ব যত বেশি হবে, মোট ভাড়ার পার্থক্যও তত বাড়বে।

এর আগে ২৩ এপ্রিল জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে ২ টাকা ২৩ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরে ২ টাকা ৪২ পয়সা থেকে ২ টাকা ৫৩ পয়সা করা হয়।

এবারের ভাড়া বৃদ্ধির পেছনে রয়েছে জ্বালানি তেলের নতুন মূল্য। ২১ সেপ্টেম্বর থেকে ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে। নতুন দামে ডিজেল ১৩৫ টাকা, পেট্রল ১৬০ টাকা, অকটেন ১৬৫ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা লিটারে বিক্রি হচ্ছে।