দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটন বিধিনিষেধ পুনর্বিবেচনার ইঙ্গিত দিয়েছে সরকার। পর্যটননির্ভর স্থানীয় মানুষের আয় ও দ্বীপের পরিবেশ সুরক্ষার মধ্যে ভারসাম্য রেখে আগামী পর্যটন মৌসুমের আগেই কিছু বিধিনিষেধ পরিবর্তনের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, সেন্টমার্টিনে পর্যটনসংক্রান্ত বর্তমান বিধিনিষেধের কিছু অংশ যৌক্তিক হলেও কিছু বিষয় পুনর্বিবেচনার প্রয়োজন রয়েছে। বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা বিবেচনায় নিয়ে রাতযাপনের সুযোগ বাড়ানোর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি।
প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, দ্বীপের বাসিন্দারা বছরের মাত্র কয়েক মাস পর্যটনের ওপর নির্ভর করে আয় করেন। তাই পর্যটন পুরোপুরি সীমিত করার পরিবর্তে দ্বীপের ধারণক্ষমতা, পরিবেশগত ঝুঁকি এবং স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনায় নিয়ে একটি বাস্তবসম্মত ব্যবস্থা করা প্রয়োজন।
আগস্টে সেন্টমার্টিন সফরেও শেখ ফরিদুল ইসলাম জানিয়েছিলেন, দ্বীপের প্রতিবেশ ও অস্তিত্ব রক্ষায় সরকারের মহাপরিকল্পনা রয়েছে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের স্বার্থ বিবেচনায় নেওয়ার কথাও তিনি বলেন।
তবে পরিবেশকর্মীদের একটি অংশ মনে করছে, পর্যটন আরও উন্মুক্ত করার আগে দ্বীপের পরিবেশগত ধারণক্ষমতা নিশ্চিত করা জরুরি। তাদের মতে, সেন্টমার্টিনে অনিয়ন্ত্রিত পর্যটন, বর্জ্য, শব্দদূষণ ও সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর চাপ কমাতে নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থা প্রয়োজন।
সরকারের ২০২৫ সালের নির্দেশনায় নভেম্বরে শুধু দিনের বেলায় ভ্রমণ, ডিসেম্বর ও জানুয়ারিতে রাতযাপনের অনুমতি এবং ফেব্রুয়ারিতে পর্যটক যাতায়াত বন্ধ রাখার ব্যবস্থা করা হয়েছিল। একই সঙ্গে দৈনিক সর্বোচ্চ ২ হাজার পর্যটক, সৈকতে মোটরচালিত যান নিষিদ্ধ, রাতে শব্দ ও আলো নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্যের ক্ষতি নিষিদ্ধ করা হয়।
সেন্টমার্টিনে প্রবাল, সামুদ্রিক প্রাণী ও বিভিন্ন প্রজাতির মাছসহ গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য রয়েছে। অনিয়ন্ত্রিত পর্যটনের চাপ সামাল দিতে ১৯৯৯ সালে দ্বীপটিকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে আশপাশের সামুদ্রিক এলাকাও সংরক্ষিত এলাকার আওতায় আসে।