বিদেশে বেড়াতে গিয়ে হোটেলে উঠলে অধিকাংশ পর্যটক কক্ষের দৃশ্য, বিছানার আকার কিংবা সকালের নাশতার সুবিধা নিয়ে ভাবেন। কিন্তু হোটেলের কক্ষ নম্বরের শেষ দুটি অঙ্কও কখনো কখনো আপনার রাতের ঘুমের ওপর প্রভাব ফেলতে পারে।
ভ্রমণ বিশেষজ্ঞ আমির সুদ্রা বলছেন, হোটেলে ১০১, ২০১, ৩০১ কিংবা ৪০১ নম্বরের মতো ‘০১’ দিয়ে শেষ হওয়া কক্ষ নেওয়ার আগে একটু খোঁজ নেওয়া ভালো। খবর: গ্লাসগো লাইভ
ইউরোপ প্রাইভেট ট্যুরসের এই ভ্রমণ বিশেষজ্ঞের মতে, বিষয়টি কোনো কুসংস্কারের সঙ্গে সম্পর্কিত নয়। বরং অনেক হোটেলে এ ধরনের কক্ষ লিফট, সিঁড়ি কিংবা করিডরের প্রবেশপথের কাছাকাছি অবস্থিত হতে পারে। ফলে অন্য অতিথিদের চলাচল, লিফটের দরজা খোলা-বন্ধ হওয়া, স্যুটকেস টেনে নেওয়ার শব্দ কিংবা সকালে হোটেলকর্মীদের কাজের আওয়াজে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
তবে সব হোটেলের নকশা এক নয়। কোনো হোটেলে ‘০১’ দিয়ে শেষ হওয়া কক্ষ লিফটের কাছে থাকলেও অন্য হোটেলে সেটি শান্ত জায়গায় থাকতে পারে। তাই কক্ষ নম্বরের চেয়ে সেটির অবস্থান বেশি গুরুত্বপূর্ণ।
আমিরের অভিজ্ঞতা অনুযায়ী, প্যারিস, রোম, বার্সেলোনা কিংবা ভিয়েনার মতো শহরের সুন্দর হোটেলেও কক্ষের অবস্থান খারাপ হলে রাতের ঘুম নষ্ট হতে পারে। বিশেষ করে পুরোনো ইউরোপীয় ভবনে তৈরি হোটেলগুলোর সব কক্ষে আধুনিক শব্দনিরোধক ব্যবস্থা নাও থাকতে পারে।
লিফট ও সিঁড়ির পাশাপাশি হাউসকিপিংয়ের সরঞ্জাম রাখার ঘর, সার্ভিস লিফট, বরফ তৈরির যন্ত্র, বার, রেস্তোরাঁ, জিম কিংবা সম্মেলনকক্ষের পাশের কক্ষও এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। রেস্তোরাঁ বা বারের ঠিক ওপরের কক্ষে রাত পর্যন্ত শব্দ হতে পারে। আবার পাশের কক্ষের সঙ্গে সংযোগকারী দরজা থাকলে প্রতিবেশী অতিথিদের কথাবার্তাও শোনা যেতে পারে।