ভ্রমণে গিয়ে স্থানীয় ভাষায় ‘হ্যালো’, ‘ধন্যবাদ’ কিংবা ‘প্লিজ’ বলতে পারলে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ সহজ হয়। কিন্তু ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, আইসল্যান্ড কিংবা ফিনল্যান্ডে গিয়ে ইংরেজি ‘প্লিজ’ শব্দটির সরাসরি সমতুল্য খুঁজতে গেলে কিছুটা সমস্যায় পড়তে পারেন। কারণ, এসব ভাষায় ইংরেজি ‘প্লিজ’-এর মতো সর্বজনীন একটি শব্দও নেই। তবে তার অর্থ এই নয় যে, এসব দেশের মানুষ ভদ্রতা জানেন না।
শব্দ ছাড়াও প্রকাশ পায় ভদ্রতা
কোপেনহেগেনের একটি বেকারিতে পছন্দের খাবার অর্ডার করতে গিয়ে এই বিষয়টি সামনে আসে। ইংরেজিতে কেউ খাবার চাইলে সাধারণত ‘প্লিজ’ বলেন। কিন্তু ডেনিশ ভাষায় ভদ্রভাবে অনুরোধ করার জন্য ভিন্ন বাক্যরীতি ব্যবহার করা হয়।
ভাষাবিদ ড. জেমস পুচোভস্কির মতে, ইংরেজি ‘প্লিজ’-এর সরাসরি অনুবাদ খোঁজার চেয়ে স্থানীয়রা কীভাবে ভদ্রতা প্রকাশ করেন, সেটি বোঝা বেশি গুরুত্বপূর্ণ।
বিবিসি তাদের এক প্রতিবেদনে লিখেছে, ডেনমার্কে কেউ খাবার চাইতে বলতে পারেন ‘মে আই আস্ক ফর’ অর্থাৎ ‘আমি কি এটি চাইতে পারি?’ সুইডেনে অনুরোধের সঙ্গে ‘ট্যাক’ (ধন্যবাদ) শব্দটি যোগ করা হয়। নরওয়েতে বাক্যের শেষাংশের স্বরভঙ্গি ও হাসির মাধ্যমেও ভদ্রতা প্রকাশ পেতে পারে।
ডেনিশ ভাষার শিক্ষক ড্যানিয়েলা হামেলগ্রেনের মতে, দেশটির যোগাযোগব্যবস্থায় সরাসরি কথা বলাকে গুরুত্ব দেওয়া হয়। সেখানে দক্ষতা ও দ্রুততার মূল্য রয়েছে। অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা কথাবার্তাকে দীর্ঘ করলে সেটিকে কখনো কখনো বিরক্তিকরও মনে হতে পারে।
নর্ডিক সমাজে সমতার প্রভাব
নর্ডিক দেশগুলোর সামাজিক কাঠামোতেও এই ভাষাগত বৈশিষ্ট্যের প্রভাব রয়েছে। পুচোভস্কির ব্যাখ্যা অনুযায়ী, এসব সমাজে সমতাকে গুরুত্ব দেওয়া হয়। দৈনন্দিন কথাবার্তায় সামাজিক মর্যাদা বা শ্রেণিগত পার্থক্য বোঝানোর প্রবণতা তুলনামূলক কম।
স্ক্যান্ডিনেভীয় সংস্কৃতিতে ‘জান্তের আইন’ নামে পরিচিত একটি সামাজিক ধারণা রয়েছে। এর মূল বক্তব্য হলো, কেউ নিজেকে অন্যদের চেয়ে বিশেষ বা গুরুত্বপূর্ণ মনে করবে না। এই ধারণার সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনন্দিন যোগাযোগে অতিরিক্ত বিনয় প্রদর্শনের বদলে স্বাভাবিক ও সরাসরি কথাবার্তাকে গুরুত্ব দেওয়া হতে পারে।
তবে ফিনিশ ভাষা ডেনিশ, সুইডিশ, নরওয়েজীয় ও আইসল্যান্ডীয় ভাষার মতো একই ভাষাপরিবারের অন্তর্ভুক্ত নয়। তা সত্ত্বেও অঞ্চলটির কিছু সামাজিক রীতি ও যোগাযোগের ধরনে মিল রয়েছে।
পর্যটকেরা কীভাবে ভদ্রতা প্রকাশ করবেন?
বিশেষজ্ঞদের পরামর্শ, স্থানীয়দের কথাবার্তা ও আচরণ লক্ষ করুন। সুইডিশ ভাষায় ‘ট্যাক’, ডেনিশে ‘টাক’ এবং নরওয়েজীয় ও আইসল্যান্ডীয় ভাষায় ‘টাক্ক’ শব্দের অর্থ ধন্যবাদ। ফিনিশ ভাষায় ধন্যবাদ জানাতে বলা হয় ‘কিইতোস’।
স্থানীয় ভাষায় কথা বলার সময় কণ্ঠস্বর, মুখের অভিব্যক্তি এবং পরিস্থিতি বুঝে কথা বলাও গুরুত্বপূর্ণ। কফি অর্ডার করার সময় ‘প্লিজ’ না বললেই যে কেউ আপনাকে অভদ্র ভাববেন, এমন নয়।
বরং অতিরিক্ত আনুষ্ঠানিকতা কখনো কখনো অস্বাভাবিক মনে হতে পারে। হামেলগ্রেনের মতে, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভদ্রতা দেখালে কেউ কেউ সেটিকে বাড়াবাড়ি কিংবা বিশেষ সুবিধা পাওয়ার চেষ্টা হিসেবেও বুঝতে পারেন।
ভ্রমণকারীদের জন্য মূল শিক্ষাটা হলো, ভদ্রতা সব দেশে একই শব্দ বা রীতির মাধ্যমে প্রকাশ পায় না। কোনো ভাষায় ‘প্লিজ’ শব্দের সরাসরি সমতুল্য না থাকলেও সেখানে ভদ্রতার অভাব রয়েছে, এমন ধারণাটা ঠিক নয়।