ভ্রমণে গিয়ে হোটেল, রিসোর্ট কিংবা কাঠ-বাঁশের কটেজে অগ্নিকাণ্ড ঘটলে কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। বিশেষ করে ধোঁয়ায় পথ বন্ধ হয়ে গেলে এবং জরুরি নির্গমনপথ জানা না থাকলে প্রাণহানির ঝুঁকি বাড়ে। তাই ভ্রমণের সময় আবাসনের অগ্নিনিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানা এবং জরুরি পরিস্থিতিতে কী করতে হবে, তা আগে থেকেই জেনে রাখা জরুরি।
হোটেলে ওঠার পর যা করবেন
হোটেল বা রিসোর্টে প্রবেশের পর জরুরি নির্গমনপথ, সিঁড়ি ও নিরাপদে বের হওয়ার বিকল্প রাস্তা দেখে নিন। কক্ষের দরজা থেকে বেরিয়ে নিকটতম সিঁড়িতে যাওয়ার পথ মনে রাখুন। ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, অগ্নিনির্বাপণ সরঞ্জাম ও জরুরি নির্দেশনা রয়েছে কি না, খেয়াল করুন। কক্ষের চাবি বা প্রবেশ কার্ড সহজে পাওয়া যায় এমন স্থানে রাখুন।
আগুন লাগলে যেভাবে বের হবেন
আগুন বা ধোঁয়া দেখতে পেলে দ্রুত অন্যদের সতর্ক করুন এবং নিরাপদ নির্গমনপথ দিয়ে বেরিয়ে যান। আগুন লাগলে লিফট ব্যবহার করবেন না। সিঁড়ি দিয়ে বের হওয়ার আগে দরজার হাতল ও দরজার আশপাশের তাপ পরীক্ষা করুন। গরম মনে হলে দরজা খুলবেন না, বিকল্প পথ খুঁজুন।
কক্ষ বা করিডর ধোঁয়ায় ভরে গেলে যতটা সম্ভব নিচু হয়ে চলুন। তবে ধোঁয়া ঘন হলে সেই পথে এগোনোর পরিবর্তে নিরাপদ বিকল্প পথ ব্যবহার করুন। বের হওয়ার পথ বন্ধ থাকলে দরজা বন্ধ রাখুন, দরজার ফাঁক দিয়ে ধোঁয়া ঢোকা কমানোর চেষ্টা করুন এবং জরুরি সেবায় নিজের অবস্থান জানান।
কাঠ-বাঁশের রিসোর্টে বাড়তি সতর্কতা
কাঠ ও বাঁশের তৈরি স্থাপনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আগুন দেখতে পেলে মালামাল গুছিয়ে নেওয়ার সময় নষ্ট না করে দ্রুত নিরাপদ খোলা জায়গায় চলে যান। পাসপোর্ট, টাকা বা অন্যান্য মূল্যবান জিনিস নিতে ফিরে যাবেন না। একবার বেরিয়ে এলে কোনো অবস্থাতেই আগুনের মধ্যে প্রবেশ করবেন না।
ক্যাম্পিং ও বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারে সতর্কতা
ক্যাম্পফায়ার করলে স্থান ত্যাগের আগে আগুন সম্পূর্ণ নিভিয়ে দিন। চার্জার, পাওয়ার ব্যাংক ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র অতিরিক্ত গরম হচ্ছে কি না, খেয়াল রাখুন। বৈদ্যুতিক আগুনে পানি দেবেন না। জ্বলন্ত তেলের আগুনেও পানি ব্যবহার করা বিপজ্জনক। সম্ভব হলে নিরাপদ দূরত্বে সরে গিয়ে প্রশিক্ষিত কর্মী বা অগ্নিনির্বাপণ দলের সহায়তা নিন।
জরুরি পরিস্থিতিতে করণীয়
নিরাপদ স্থানে পৌঁছে ফায়ার সার্ভিস বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করুন। হোটেল বা রিসোর্টের নির্ধারিত নিরাপদ সমাবেশস্থলে গিয়ে ভ্রমণসঙ্গীদের খোঁজ নিন। উদ্ধারকর্মীদের নির্দেশনা অনুসরণ করুন।
ভ্রমণে নিরাপত্তার জন্য গন্তব্য নির্বাচন করার পাশাপাশি আবাসনের অগ্নিনিরাপত্তাব্যবস্থাও বিবেচনা করা জরুরি। অগ্নিকাণ্ডের সময় সম্পদ নয়, জীবন বাঁচানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।