পাশ্চাত্য সংগীতের মূল স্তম্ভ হিসেবে ইউরোপের অন্য সব শহরকে অনায়াসেই পেছনে ফেলে দেয় প্যারিস। রাজপরিবারের শাসন থেকে শুরু করে বিপ্লবের বারুদ এবং আধুনিক পঞ্চম প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পথপরিক্রমায় ফরাসি রাজধানীর শতাব্দীপ্রাচীন ইতিহাসে জড়িয়ে আছে প্রাণবন্ত মিউজিক্যাল ট্র্যাকও।

বারোক অপেরা কিংবা বাল-মুসেট একর্ডিয়নের লোকসংগীত—সব সুরই মিশেছে এখানকার রাজপথে। আর এ আবেশই প্রথাবিরোধী ও স্বাধীন শিল্পী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক রচয়িতাদের টেনে এনেছে প্যারিসের চৌম্বকীয় কেন্দ্রে।

প্যারিসের এই বিচিত্র সাংস্কৃতিক ধারা আজও বিদ্যমান। একদিকে 'অলিম্পিয়া' ও 'প্যালাইস গার্নিয়ার'-এর মতো বিশ্বমানের ঐতিহাসিক মঞ্চ, অন্যদিকে প্রান্তিক ও স্বাধীন ধারার আধুনিক সংগীত চর্চা। যেমনটা একসময় 'মুলিন রুজ'-এর ক্যাবারে নৃত্য কিংবা 'থিয়েটার দ্যু ভিউ-কলোম্বিয়ার'-এর অভিনব ধারায় দেখা যেত, প্যারিসের মিউজিক্যাল সত্তা আজও মূলধারা ও আন্ডারগ্রাউন্ড মিউজিকের অনন্য মিলনক্ষেত্র।

গানের রেকর্ড শপ, লিজেন্ডারি ক্লাব, রক অ্যান্ড রোল তারকাদের স্মৃতিস্তম্ভ থেকে শুরু করে বিখ্যাত ড্যান্স ক্লাব—প্যারিসের এমন ১০টি আইকনিক স্থান নিচে তুলে ধরা হলো:

সুপারসনিক
বাস্টিল ডিস্ট্রিক্টে অবস্থিত ৩ তলাবিশিষ্ট এই ইন্ডিপেন্ডেন্ট ক্লাবে ২০১৬ সাল থেকে উদীয়মান দেশি-বিদেশি শিল্পীদের বিনামূল্যে পারফর্ম করার সুযোগ দেওয়া হয়। এর পাশে একটি রেকর্ড শপ রয়েছে।

জিম মরিসনের সমাধি
দ্য ডোরস ব্যান্ডের বিখ্যাত গায়ক জিম মরিসন ১৯৭১ সালে প্যারিসে মারা যান। 'পের লাশেজ' কবরস্থানে অবস্থিত তার এই সমাধিস্থলে সারা বিশ্বের ভক্তরা শ্রদ্ধা জানাতে আসেন।

লা জাভা
১৯২৩ সালে প্রতিষ্ঠিত এটি প্যারিসের অন্যতম প্রাচীন নাইটক্লাব। একসময় ইডিথ পিয়াফ ও জাঙ্গো রেইনহার্ডের মতো কিংবদন্তিরা এখানে গাইতেন। বর্তমানে এটি বিকল্প ধারা ও কমিউনিটির একটি প্রধান কেন্দ্র।

লে গিবুস
ইগি পপ ও সেক্স পিস্তলসের মতো বিখ্যাত পাঙ্ক ও রক ব্যান্ডের স্মৃতিবিজড়িত এই ক্লাবের মূল রূপটি বন্ধ হয়ে গেলেও বর্তমানে এটি 'নিউ গিবুস' নামে পুনঃসূচিত হয়েছে।

থিয়েটার দেস চ্যাম্পস-এলিভেস
১৯১৩ সালে ইগর স্ট্রাভিনস্কির 'দ্য রাইটস অফ স্প্রিং'-এর উদ্বোধনী প্রদর্শনীতে দর্শক-শ্রোতাদের তুমুল হট্টগোল ও মারামারির জন্য এই অপেরা হাউসটি ইতিহাসে বিখ্যাত হয়ে আছে।

রেক্স ক্লাব
ইলেকট্রনিক, হাউস ও টেকনো মিউজিকের জন্য ইউরোপখ্যাত এই ক্লাবে ডাফট পাঙ্ক, প্রিন্স ও রেড হট চিলি পেপার্সের মতো তারকারা পারফর্ম করেছেন।

মেসন গেইনসবার্গ
ফরাসি পপ সংগীতের আইকন সার্জ গেইনসবার্গের বাসভবন, যা বর্তমানে তাঁর সংগৃহীত স্মারক দিয়ে সাজানো একটি জাদুঘরে রূপান্তরিত হয়েছে।

বর্ন ব্যাড রেকর্ডস
ভিনাইল রেকর্ড সংগ্রাহক ও পাঙ্ক মিউজিক প্রেমীদের জন্য এটি বাস্টিল এলাকার একটি অন্যতম প্রিয় শপ।

লা বেলেভিলয়েস
১৮৭৭ সালের একটি শ্রমিক সমবায় কেন্দ্র, যা ২০০৫ সাল থেকে তরুণ ও উদীয়মান শিল্পীদের জন্য একটি সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে।

শাতেলে লে হালেস
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত এই ট্রানজিট স্টেশনটি প্যারিসে নিউ ইয়র্কের হিপ-হপ, র্যাপ, ব্রেকড্যান্স এবং গ্রাফিতি কালচার ছড়ানোর মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল।