ভারতের সিকিম বা দার্জিলিংয়ে না গিয়েও বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় বাংলাদেশ থেকেই। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া কিংবা ঠাকুরগাঁওয়ের কিছু এলাকা থেকে দেখা মেলে বরফে ঢাকা এই পর্বতমালার। বিশেষ করে অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর মাস পর্যন্ত আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা।
কাঞ্চনজঙ্ঘা হিমালয় পর্বতমালার একটি গুরুত্বপূর্ণ শৃঙ্গ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৮ হাজার ৫৮৬ মিটার। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত। পাঁচটি প্রধান শৃঙ্গ নিয়ে গঠিত হওয়ায় একে ‘তুষারের পাঁচ ঐশ্বর্য’ বলা হয়। ভারতের সিকিম ও দার্জিলিং অঞ্চলের স্থানীয় মানুষের কাছে পর্বতটি পবিত্র হিসেবেও বিবেচিত।
কখন দেখা যায় কাঞ্চনজঙ্ঘা?
কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে উপযুক্ত সময় অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বর। ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৭টার মধ্যে আকাশ পরিষ্কার থাকলে তেঁতুলিয়া থেকে বরফে ঢাকা পর্বতশৃঙ্গটি স্পষ্ট দেখা যায়।
স্থানীয়দের অভিজ্ঞতা অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত অনেক সময় ভালোভাবে পর্বতটি দেখা যায়। এরপর সূর্যের আলো ও আবহাওয়ার পরিবর্তনে দৃশ্যটি ধীরে ধীরে অস্পষ্ট হয়ে আসে। বিকেলের শেষ ভাগেও সূর্যের তির্যক আলোয় পাহাড়ের চূড়ায় ভিন্ন রঙের আভা দেখা যেতে পারে।
তবে প্রতিদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। আকাশে মেঘ, কুয়াশা কিংবা ধোঁয়াশা থাকলে পর্বতটি আড়ালে থেকে যায়। তাই ভ্রমণের আগে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া ভালো। এক দিনের পরিবর্তে দুই-তিন দিন থাকার পরিকল্পনা করলে দেখার সুযোগ বাড়তে পারে।
কোথা থেকে দেখবেন?
পঞ্চগড়ের তেঁতুলিয়া ডাকবাংলো এলাকা, মহানন্দা নদীর তীর, উপজেলা পরিষদের পিকনিক কর্নার এবং বাংলাবান্ধা এলাকার বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়।
এ ছাড়া ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বুড়িরবাঁধ এলাকাও পর্বতটি দেখার সম্ভাব্য স্থান হিসেবে পরিচিত।
কীভাবে যাবেন?
ঢাকা থেকে পঞ্চগড় যেতে দূরপাল্লার বাস কিংবা ট্রেন ব্যবহার করতে পারেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে পঞ্চগড়গামী ট্রেনে যাওয়া যায়। পঞ্চগড় শহরে পৌঁছে বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি কিংবা স্থানীয় যানবাহনে তেঁতুলিয়া যাওয়া সম্ভব।
কোথায় থাকবেন?
তেঁতুলিয়ায় থাকার জন্য জেলা পরিষদের দুটি ডাকবাংলো রয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের পিকনিক কর্নার, বেরং কমপ্লেক্স এবং উপজেলা সদরের কয়েকটি বেসরকারি হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে।
ডাকবাংলোতে থাকতে হলে আগেই বুকিং নিশ্চিত করতে হবে। ভ্রমণের মৌসুমে পর্যটকের চাপ বাড়তে পারে, তাই আগাম আবাসন নিশ্চিত করা ভালো।
কাঞ্চনজঙ্ঘা দেখার পাশাপাশি তেঁতুলিয়ার চা-বাগান, মহানন্দা নদীর তীর এবং বাংলাবান্ধা এলাকার প্রাকৃতিক পরিবেশ ঘুরে দেখতে পারেন। প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগের জন্য পঞ্চগড় হতে পারে শীতের আগমুহূর্তে একটি আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য।