বিশ্ব পর্যটনে আগামী এক দশকেও শক্তিশালী অবস্থান ধরে রাখবে ইউরোপ। ২০৩৬ সাল পর্যন্ত মহাদেশটিতে পর্যটকদের আবাসন চাহিদা ৩২ শতাংশ বাড়তে পারে। ফলে প্রতিবছর অতিরিক্ত ১৬০ কোটি রাতের আবাসন চাহিদা তৈরি হবে। হোটেলে থাকার চাহিদা বাড়তে পারে আরও বেশি, প্রায় ৩৩ শতাংশ।
আন্তর্জাতিক হোটেল গ্রুপ অ্যাকরের প্রকাশিত ‘দ্য চেঞ্জিং ফেস অব ইউরোপস ট্যুরিজম ম্যাপ টু ২০৩৬’ শীর্ষক প্রতিবেদনে এমন আভাস দেওয়া হয়েছে। 
ট্যুরিজম ইকোনমিকসের তথ্যের ভিত্তিতে ইউরো নিউজ লিখেছে, আগামী দশকেও বৈশ্বিক পর্যটনশিল্পের অন্যতম প্রধান কেন্দ্র থাকবে ইউরোপ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইউরোপে আন্তর্জাতিক পর্যটক এসেছেন ৮১ কোটি। বিশ্বের মোট আন্তর্জাতিক পর্যটকের ৫৩ শতাংশের গন্তব্য ছিল এই মহাদেশ। এ খাত থেকে ইউরোপের আয় হয়েছে ৭০০ বিলিয়ন ইউরোর বেশি।
আগামী ১০ বছরে ইউরোপের পর্যটন আবাসনে আন্তর্জাতিক পর্যটকদের রাতযাপনের সংখ্যা ৪২ শতাংশ বাড়তে পারে। অন্যদিকে অভ্যন্তরীণ পর্যটকদের ক্ষেত্রে বৃদ্ধির পূর্বাভাস ২৪ শতাংশ। নতুন পর্যটকদের ৭৭ শতাংশই আসবেন ইউরোপের বিভিন্ন দেশ থেকে। পর্যটক পাঠানোর ক্ষেত্রে জার্মানি সবচেয়ে বড় উৎসবাজার হতে পারে। এরপর থাকবে যুক্তরাজ্য ও ফ্রান্স।

প্রচলিত জনপ্রিয় গন্তব্যের পাশাপাশি নতুন পর্যটনকেন্দ্রগুলোরও চাহিদা বাড়বে। আগামী দশকে আজারবাইজানে আন্তর্জাতিক পর্যটকদের রাতযাপনের সংখ্যা ১১৬ শতাংশ, লাটভিয়ায় ৮৩ শতাংশ এবং রোমানিয়ায় ৮২ শতাংশ বাড়তে পারে।
ইউরোপের বাইরে থেকেও পর্যটক আগমন বাড়বে। মধ্যপ্রাচ্য থেকে ৯৩ শতাংশ এবং এশিয়া থেকে ৮৮ শতাংশ পর্যটক আগমন বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। বিশেষ করে চীন থেকে পর্যটক আগমন ১৩৮ শতাংশ এবং সৌদি আরব থেকে ৫৫ শতাংশ বাড়তে পারে।
আফ্রিকা থেকে পর্যটক আগমন ৪৬ শতাংশ, দক্ষিণ আমেরিকা থেকে ৪২ শতাংশ এবং উত্তর আমেরিকা থেকে ২৬ শতাংশ বাড়ার সম্ভাবনা রয়েছে।