তিন দিনে প্রায় ৪৩ কোটি টাকার ব্যবসায়িক লেনদেন এবং ৪৫ হাজারের বেশি দর্শনার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ১৪তম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ)-২০২৬। এবারের মেলায় ২০টি দেশের পর্যটন সংস্থার অংশগ্রহণের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটন উন্নয়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। আয়োজকদের মতে, এ মেলা দেশের পর্যটন খাতে ব্যবসায়িক যোগাযোগ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ মেলার সমাপ্তি হয়। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) মেলাটির আয়োজন করে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, মেলায় মোট বিক্রয় ও বাণিজ্যিক লেনদেনের পরিমাণ প্রায় ৪৩ কোটি টাকা। এ সময় প্রায় ৪৫ হাজার দর্শনার্থী মেলা পরিদর্শন করেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট বিক্রিতেও ভালো সাড়া পাওয়া গেছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেন, বাংলাদেশের পর্যটন খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পর্যটন অবকাঠামো সম্প্রসারণ এবং প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।

মন্ত্রী জানান, পর্যটন খাতের উন্নয়নে সরকার একটি মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় হোটেল ও রিসোর্ট পরিচালনায় নিয়মনীতি, প্রযুক্তির ব্যবহার এবং টেকসই পরিকল্পনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ পর্যবেক্ষণ ও জরুরি সেবা নিশ্চিত করতেও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রয়োজন রয়েছে।

পর্যটন ব্যবস্থাপনায় এআই ব্যবহারের ওপর গুরুত্ব

মেলার অংশ হিসেবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘এআই ফর সাসটেইনেবল ট্যুরিজম অপারেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পর্যটন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা।

বক্তারা বলেন, পর্যটকদের অনুসন্ধান ও বুকিং ব্যবস্থাপনা, ভ্রমণসূচি তৈরি, মূল্য নির্ধারণ, হোটেল পরিচালনা এবং ভাষাগত প্রতিবন্ধকতা দূর করতে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি পর্যটনকেন্দ্রে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, স্থানীয় ব্যবসার প্রসার, বিমান চলাচলে জ্বালানি সাশ্রয় এবং পরিবেশের ওপর পর্যটনের নেতিবাচক প্রভাব কমাতেও এ প্রযুক্তি সহায়ক হতে পারে।

তবে এআইয়ের কার্যকর প্রয়োগের জন্য নির্ভরযোগ্য তথ্য, দক্ষ জনবল, উন্নত প্রযুক্তিগত অবকাঠামো এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব প্রয়োজন বলে মত দেন আলোচকরা। তাঁদের মতে, প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্থানীয় সংস্কৃতি, মানবিক যোগাযোগ ও আতিথেয়তার ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে হবে।

সেমিনারে সভাপতিত্ব করেন টোয়াবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাফত উদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বদেশী কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ সাজ্জাদ হোসেন মাহমুদ। আলোচনায় অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট বিভাগের দুই সহযোগী অধ্যাপক।

অংশ নেয় ২০ দেশের পর্যটন সংস্থা

এবারের মেলায় বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, সিঙ্গাপুর, মালদ্বীপ, ফিলিপাইন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন, শ্রীলঙ্কা, পাকিস্তান, থাইল্যান্ড, ব্রুনাই, সৌদি আরব, মালয়েশিয়া ও আজারবাইজানসহ মোট ২০টি দেশের পর্যটন প্রতিনিধি ও সংস্থা অংশ নেয়।

মেলায় বিভিন্ন দেশের পর্যটন গন্তব্য, ভ্রমণ প্যাকেজ, হোটেল ও বিমানসেবা সম্পর্কে তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটন প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

এবারের মেলার প্রতিপাদ্য ছিল ‘এআই পাওয়ার্ড ট্যুরিজম, সাসটেইনেবল ডেস্টিনেশন’। আয়োজকদের প্রত্যাশা, প্রযুক্তির ব্যবহার, দক্ষ মানবসম্পদ তৈরি, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের পর্যটন খাত আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।