অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেনসের পাহাড়ি অরণ্য, গভীর উপত্যকা আর কুয়াশায় ঢাকা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান? সেই সঙ্গে উপভোগ করতে চান বিশ্বের সবচেয়ে খাড়া যাত্রীবাহী রেলপথে ভ্রমণের রোমাঞ্চ? তাহলে আপনার ভ্রমণতালিকায় রাখতে পারেন নিউ সাউথ ওয়েলসের কাটুম্বায় অবস্থিত সিনিক ওয়ার্ল্ড। এখানে রয়েছে ঐতিহাসিক খাড়া রেলপথ, কেবলওয়ে, স্কাইওয়ে, রেইনফরেস্টে হাঁটার পথ এবং ৬০টিরও বেশি ডাইনোসরের মডেল নিয়ে তৈরি আকর্ষণীয় ডাইনোসর ভ্যালি।
সিডনি থেকে এক দিনের ভ্রমণেও ব্লু মাউন্টেনসের এই পর্যটনকেন্দ্র ঘুরে দেখা সম্ভব।
বিশ্বের সবচেয়ে খাড়া যাত্রীবাহী রেলপথ
সিনিক ওয়ার্ল্ডের প্রধান আকর্ষণ সিনিক রেলওয়ে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, এটি বিশ্বের সবচেয়ে খাড়া যাত্রীবাহী রেলপথ। এর সর্বোচ্চ ঢাল প্রায় ৫২ ডিগ্রি।
প্রায় দেড়শ বছর আগে হ্যামন পরিবার কয়লা খনির কাজে ব্যবহারের জন্য রেলপথটি তৈরি করেছিল। বর্তমানে সেই ঐতিহাসিক পথই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।
খাড়া পাহাড়ি পথে ট্রেনে ওঠার সময় নিচে দেখা যায় বিস্তৃত রেইনফরেস্ট ও সবুজ উপত্যকা। বৃষ্টির দিনে কুয়াশায় ঢেকে যায় চারপাশ। ফলে ট্রেনযাত্রার পাশাপাশি প্রকৃতির মনোরম দৃশ্য উপভোগের সুযোগ মেলে।
কেবলওয়ে, স্কাইওয়ে ও রেইনফরেস্ট
রেলযাত্রার বাইরে সিনিক ওয়ার্ল্ডে রয়েছে কেবলওয়ে ও স্কাইওয়ে। এসব বাহনে চড়ে দেখা যায় বিখ্যাত থ্রি সিস্টার্স শিলাগুচ্ছ, কাটুম্বা জলপ্রপাত, জামিসন ভ্যালি এবং ব্লু মাউন্টেনসের বিস্তৃত প্রাকৃতিক দৃশ্য।
এখানে রয়েছে উঁচুতে তৈরি হাঁটার পথও। এসব পথে হাঁটলে কাছ থেকে দেখা যায় ঘন রেইনফরেস্ট, স্থানীয় গাছপালা ও পাহাড়ি অরণ্যের পরিবেশ।
ডাইনোসর ভ্যালিতে প্রাগৈতিহাসিক পৃথিবী
শিশু ও পরিবার নিয়ে ভ্রমণের ক্ষেত্রে ডাইনোসর ভ্যালি বিশেষ আকর্ষণ হতে পারে। সিনিক ওয়ার্ল্ডের এই ইন্টারঅ্যাকটিভ পার্কে প্রায় আসল আকারের ৬০টিরও বেশি ডাইনোসরের মডেল রয়েছে।
বিভিন্ন প্রজাতির প্রাগৈতিহাসিক প্রাণীর মডেল কাছ থেকে দেখার সুযোগ থাকায় শিশুদের পাশাপাশি বড়দের জন্যও এটি উপভোগ্য অভিজ্ঞতা। কনটেন্ট নির্মাতা আয়াজের মতে, পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর জন্য জায়গাটি বেশ আকর্ষণীয়।
পর্যটকদের খাবারের জন্য রয়েছে ক্যাফে। সেখানে বার্গার, ফ্রায়েড চিকেনসহ বিভিন্ন খাবার পাওয়া যায়। মেনুতে হালাল খাবারের ব্যবস্থাও রয়েছে।
কখন যাবেন, কতক্ষণ লাগবে?
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সপ্তাহান্ত ও সরকারি ছুটির দিনে সিনিক ওয়ার্ল্ড খোলা থাকে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। অন্যান্য দিনে খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন রাইড সাধারণত প্রায় ১০ মিনিট পরপর চলাচল করে।
পুরো এলাকা ঘুরে দেখতে দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে রাখা ভালো। তবে ভিড়, আবহাওয়া ও রাইডের সময়সূচির ওপর নির্ভর করে ভ্রমণের সময় কমবেশি হতে পারে।