বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের নীল জলরাশি, প্রবাল ও প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের আকর্ষণ করে। পর্যটন মৌসুম সামনে রেখে দ্বীপের হোটেল, রিসোর্ট ও কটেজগুলোও প্রস্তুত হচ্ছে অতিথিদের বরণে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ রয়েছে। দ্বীপের তিন শতাধিক হোটেল, রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর একটিরও ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র নেই। অধিকাংশ প্রতিষ্ঠানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ সরঞ্জামও নেই। এমনকি দ্বীপে নেই ফায়ার সার্ভিসের কোনো স্থায়ী স্টেশন।

অতীতে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। দ্বীপের অনেক আবাসন প্রতিষ্ঠান কাঠ, বাঁশ ও ছনের মতো দাহ্য উপকরণে তৈরি। ফলে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এতে পর্যটকদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও ঝুঁকিতে রয়েছেন।

২০২৫ সালের ১৫ জানুয়ারি পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাইরী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্টের মোট ২৬টি কক্ষ পুড়ে যায়। মাত্র এক ঘণ্টার মধ্যে কাঠ, বাঁশ ও ছনে তৈরি স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়। প্রাণহানি না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ থেকে ৬ কোটি টাকা।

আগুনে ক্ষতিগ্রস্ত কয়েকটি রিসোর্ট নতুন করে নির্মাণ করা হয়েছে। তবে সেগুলোরও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র নেই বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিচ ভ্যালি রিসোর্টের ব্যবস্থাপক মো. রাফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় তাঁরা সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। তবে দ্বীপে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি। কাঠ ও বাঁশের মতো উপকরণে তৈরি স্থাপনায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলেও তিনি সতর্ক করেন।

দক্ষিণ হাওয়া রিসোর্টের ব্যবস্থাপক মাকসুদ বলেন, তাঁদের ১০টি কক্ষের স্থাপনাও কাঠ, বাঁশ ও ছনে তৈরি। তাই আগুনের প্রাথমিক পর্যায়ে তা নিয়ন্ত্রণে কার্যকর অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকা প্রয়োজন।

কোরাল মুন বিচ রিসোর্টের কেয়ারটেকার মো. আতাউর জানান, তাঁদের রিসোর্টে আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম নেই। আগুন লাগলে পানি দিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করতে হয়, যা বড় অগ্নিকাণ্ড মোকাবিলায় যথেষ্ট নয়।

অন্যদিকে ব্লু মেরিন হোটেলে অগ্নিসংকেত, বিভিন্ন শ্রেণির অগ্নিনির্বাপক যন্ত্র ও পানির নল রয়েছে বলে জানিয়েছেন কর্মীরা। হোটেলটির কর্মী মোহাম্মদ রবি হোসেন বলেন, কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হয় এবং সরঞ্জাম পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। লুইপাজ রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ মিঠু মিয়াও তাঁদের প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক যন্ত্র, বালু, বালতি ও পানির ব্যবস্থা থাকার কথা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি

গত ১৭ অক্টোবর ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ পর্যটকের মৃত্যুর পর সেন্টমার্টিনের অগ্নিনিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা দ্বীপে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, দ্বীপের হোটেল ও রিসোর্টগুলোতে প্রায় ছয় হাজার মানুষের থাকার সক্ষমতা রয়েছে। এত মানুষের নিরাপত্তার জন্য এখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন জরুরি। তিনি টেকনাফে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহিদুল আলম বলেন, হোটেল ও রিসোর্টে অগ্নিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা মালিকপক্ষের দায়িত্ব। এ ক্ষেত্রে মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও তদারকি সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লাইসেন্স শাখার পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, সেন্টমার্টিনের কোনো হোটেল-রিসোর্টের অগ্নিনিরাপত্তা ছাড়পত্র নেই। অগ্নিনির্বাপণ ব্যবস্থাও সন্তোষজনক নয়। শিগগিরই ফায়ার সার্ভিসের একটি দল দ্বীপটি পরিদর্শন করবে। এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন, সমুদ্রের তীব্র বাতাসে কাঠ ও বাঁশের তৈরি রিসোর্টে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এসব স্থাপনায় বহনযোগ্য অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিসংকেত ব্যবস্থা, পানির নল ও অগ্নিনিরাপত্তা পরিকল্পনা থাকা প্রয়োজন।