দক্ষিণ-পূর্ব এশিয়ার জনপ্রিয় পর্যটন গন্তব্য থাইল্যান্ডে ভ্রমণ করতে গিয়ে স্থানীয় আইন অমান্য করলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা, এমনকি যেতে হতে পারে কারাগারেও। ভিসার অনুমোদিত সময় অতিক্রম, নিষিদ্ধ ই-সিগারেট বহন, রাজপরিবার নিয়ে অসম্মানজনক মন্তব্য কিংবা মন্দিরের পোশাকবিধি না মানার মতো বিষয়েও পর্যটকদের আইনি জটিলতায় পড়ার আশঙ্কা রয়েছে। তাই থাইল্যান্ডে যাওয়ার আগে জেনে রাখা প্রয়োজন দেশটির গুরুত্বপূর্ণ ১০টি আইন ও বিধিনিষেধ।

১. ভিসার অনুমোদিত সময় অতিক্রম করবেন না

থাইল্যান্ডে প্রবেশের ভিসার মেয়াদ এবং দেশটিতে থাকার অনুমোদিত সময় এক বিষয় নয়। ইমিগ্রেশন কর্মকর্তা পাসপোর্টে যে শেষ তারিখ উল্লেখ করেন, সেটিই অনুসরণ করতে হবে।

অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে প্রতিদিন ৫০০ বাথ জরিমানা দিতে হয়, সর্বোচ্চ ২০ হাজার বাথ। ৯০ দিনের বেশি অবৈধ অবস্থানের পর স্বেচ্ছায় দেশ ছাড়লে এক বছরের প্রবেশ নিষেধাজ্ঞা হতে পারে। অবস্থানের মেয়াদ আরও বেশি হলে নিষেধাজ্ঞাও বাড়ে। গ্রেপ্তার হলে এক বছরের কম অবৈধ অবস্থানের জন্য পাঁচ বছর এবং এক বছরের বেশি হলে ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা হতে পারে।

২. কাস্টমসের নিয়ম না জেনে পণ্য বহন করবেন না

থাইল্যান্ডে ব্যক্তিগত ব্যবহারের জন্য যুক্তিসংগত পরিমাণে সর্বোচ্চ ২০ হাজার বাথ মূল্যমানের পণ্য শুল্কমুক্ত নেওয়া যায়। এ ছাড়া সর্বোচ্চ এক লিটার অ্যালকোহল এবং ২০০টি সিগারেট অথবা ২৫০ গ্রাম তামাক বহনের অনুমতি রয়েছে।

২০ হাজার মার্কিন ডলারের বেশি সমমূল্যের বৈদেশিক মুদ্রা বহন করলে কাস্টমসে ঘোষণা দিতে হবে। নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত পণ্য থাকলে লাল চ্যানেল ব্যবহার করুন। মাদক, ই-সিগারেট, অস্ত্র ও নকল পণ্য বহন থেকে বিরত থাকুন।

৩. প্রেসক্রিপশনের ওষুধ বহনেও সতর্ক থাকুন

নিজ দেশে বৈধ ওষুধ থাইল্যান্ডে বহনের ক্ষেত্রে বিশেষ অনুমতির প্রয়োজন হতে পারে। কোডিন, মরফিন, ফেন্টানিল, আলপ্রাজোলাম ও ডায়াজেপামের মতো নির্দিষ্ট নিয়ন্ত্রিত ওষুধের ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে।

কিছু মাদকজাত ওষুধ ৯০ দিনের জন্য বহন করতে থাই খাদ্য ও ওষুধ প্রশাসনের আগাম অনুমতি প্রয়োজন। নির্দিষ্ট মনঃপ্রভাবকারী ওষুধ ৩০ দিনের বেশি বহন করলেও অনুমতি নিতে হয়। ওষুধ মূল প্যাকেটে রাখুন এবং চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে নিন।

৪. পাসপোর্টের কপি ও ডিজিটাল ব্যাকআপ রাখুন

ভ্রমণের সময় পাসপোর্ট হারানো বা চুরি হওয়ার ঝুঁকি এড়াতে তথ্যসংবলিত পাতার ফটোকপি ও ডিজিটাল কপি সংরক্ষণ করুন। ভিসা, প্রবেশের সিল, হোটেলের ঠিকানা এবং জরুরি যোগাযোগের তথ্যও আলাদাভাবে রাখুন। তবে প্রয়োজনীয় সরকারি ও আন্তর্জাতিক ভ্রমণসংক্রান্ত কাজে মূল পাসপোর্ট সঙ্গে রাখতে হবে।

৫. রাজপরিবার নিয়ে অসম্মানজনক মন্তব্য করবেন না

থাইল্যান্ডের রাজপরিবারের প্রতি অসম্মান প্রদর্শন গুরুতর অপরাধ। দেশটির ফৌজদারি আইনের ১১২ ধারায় রাজা, রানি, উত্তরাধিকারী বা রাজপ্রতিনিধিকে অপমান, মানহানি কিংবা হুমকি দেওয়ার অপরাধে তিন থেকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য, ছবি বা কনটেন্ট শেয়ার করলেও আইনি ঝুঁকি তৈরি হতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকুন।

৬. মন্দিরে পোশাক ও আচরণে শালীনতা বজায় রাখুন

থাইল্যান্ডের বৌদ্ধ মন্দিরগুলো শুধু দর্শনীয় স্থান নয়, স্থানীয়দের কাছে পবিত্র ধর্মীয় উপাসনালয়। মন্দিরে প্রবেশের সময় কাঁধ ও হাঁটু ঢাকা পোশাক পরুন। জুতা খোলার নিয়ম থাকলে তা মেনে চলুন।

বুদ্ধমূর্তির সঙ্গে অসম্মানজনক ভঙ্গিতে ছবি তোলা, মূর্তির ওপর ওঠা কিংবা উচ্চস্বরে কথা বলা থেকে বিরত থাকুন। বিশেষ করে ব্যাংককের গ্র্যান্ড প্যালেস ও ওয়াট ফ্রা কায়েওতে পোশাকের নিয়ম বেশ কঠোর।

৭. অ্যালকোহল কেনার সময়সীমা মেনে চলুন

২০২৬ সালের ২৯ মে থেকে থাইল্যান্ডে সাধারণভাবে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত লাইসেন্সপ্রাপ্ত দোকান ও নির্ধারিত বিক্রয়কেন্দ্রে অ্যালকোহল কেনা যায়। আন্তর্জাতিক বিমানবন্দরের নির্দিষ্ট এলাকা, অনুমোদিত বিনোদনকেন্দ্র ও হোটেলের ক্ষেত্রে পৃথক বিধান রয়েছে।

মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি অফিস ও নির্দিষ্ট জনসমাগমস্থলে মদ্যপান নিষিদ্ধ। বৌদ্ধ ধর্মীয় দিবস ও নির্বাচনের সময়ও বিক্রিতে নিষেধাজ্ঞা থাকতে পারে। মদ্যপ অবস্থায় গাড়ি বা মোটরসাইকেল চালাবেন না।

৮. ই-সিগারেট ও ভ্যাপিং ডিভাইস বহন করবেন না

থাইল্যান্ডে ই-সিগারেট, ভ্যাপিং ডিভাইস, পড ও ই-লিকুইড আমদানি নিষিদ্ধ। ব্যক্তিগত ব্যবহারের জন্য হলেও এসব পণ্য সঙ্গে নেওয়া ঝুঁকিপূর্ণ।

নিষিদ্ধ পণ্য আমদানির অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড বা পণ্যের মূল্যের পাঁচ গুণ জরিমানা হতে পারে। অবৈধভাবে আমদানি করা পণ্য গ্রহণ বা নিজের কাছে রাখার ক্ষেত্রেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

৯. গাঁজা ব্যবহারের বিধিনিষেধ মেনে চলুন

২০২২ সালে গাঁজার ওপর বিধিনিষেধ শিথিল করলেও ২০২৫ সালের জুনে থাইল্যান্ড আবার কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। বর্তমানে গাঁজার ফুল চিকিৎসার প্রয়োজনে অনুমোদিত চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী ব্যবহার করা যায়।

বৈধ অনুমতি ছাড়া গাঁজা কেনা, বহন বা ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিজের দেশ থেকে গাঁজা বা গাঁজাজাত পণ্য নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করবেন না।

১০. নির্দিষ্ট সমুদ্রসৈকতে ধূমপান করবেন না

থাইল্যান্ডের পরিবেশ ও সমুদ্রসৈকত রক্ষায় নির্দিষ্ট কয়েকটি সৈকতে ধূমপান নিষিদ্ধ। ফুকেটের পাটং, পাতায়ার নির্দিষ্ট সৈকত, কোহ সামুইয়ের বোফুটসহ বিভিন্ন এলাকায় এ বিধিনিষেধ রয়েছে।

নির্ধারিত ধূমপান অঞ্চল ছাড়া নিষিদ্ধ স্থানে ধূমপান করলে সর্বোচ্চ এক লাখ বাথ জরিমানা, এক বছর পর্যন্ত কারাদণ্ড অথবা উভয় শাস্তি হতে পারে। তাই সৈকতে ধূমপানের আগে স্থানীয় নির্দেশনা ও সাইনবোর্ড দেখে নিন।

থাইল্যান্ড ভ্রমণের আগে প্রস্তুতি

থাইল্যান্ডে যাওয়ার আগে পাসপোর্ট ও ভিসার মেয়াদ যাচাই করুন। প্রয়োজনীয় ওষুধের অনুমতি ও প্রেসক্রিপশন সংগ্রহ করুন। কাস্টমসের নিয়ম মেনে পণ্য ও নগদ অর্থ বহন করুন। মন্দিরে যাওয়ার উপযোগী পোশাক রাখুন এবং স্থানীয় আইন সম্পর্কে ধারণা নিন।