নির্জন দ্বীপ, শতবর্ষী কাঠের বাড়ি, পরিত্যক্ত মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র আর কুয়াশায় দাঁড়িয়ে থাকা মানুষের অবয়ব। কানাডার ল্যাব্রাডর উপকূলের ব্যাটল হারবার যেন সময়ের স্রোত থেকে বিচ্ছিন্ন এক ঐতিহাসিক জনপদ।
ভূতের গল্প কিংবা রহস্যময় জায়গায় ভ্রমণের প্রতি যাঁদের আগ্রহ রয়েছে, তাঁদের জন্য ব্যাটল হারবার হতে পারে এক ব্যতিক্রমী গন্তব্য। কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের ল্যাব্রাডর উপকূলের কাছে অবস্থিত এই দ্বীপটি একসময় ছিল ব্যস্ত মৎস্যবাণিজ্য কেন্দ্র। এখন সেখানে স্থায়ী বাসিন্দা নেই। তবে পুরোনো বাড়িঘর, মাছ প্রক্রিয়াজাতকরণের স্থাপনা এবং সংরক্ষিত ঐতিহাসিক নিদর্শন দ্বীপটির অতীতকে এখনো জীবন্ত করে রেখেছে।
কেন বলা হয় ভূতের গ্রাম?
ব্যাটল হারবারের ইতিহাস শুরু হয় অষ্টাদশ শতকে। একসময় এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লবণাক্ত মাছ প্রক্রিয়াজাতকরণ ও বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত ছিল। দ্বীপটিতে ছিল হাসপাতাল, স্কুল, গির্জা, বেতার যোগাযোগব্যবস্থা এবং শত শত জেলে ও ব্যবসায়ীর কর্মচাঞ্চল্য।
কিন্তু সময়ের সঙ্গে মাছের সরবরাহ কমে যাওয়া, অগ্নিকাণ্ড এবং সরকারি পুনর্বাসন কর্মসূচির প্রভাবে জনবসতি কমতে থাকে। ১৯৭০-এর দশকে স্থায়ী বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যান।
বর্তমানে পুরোনো দিনের পরিবেশ ধরে রাখতে ঐতিহাসিক বাড়িঘর ও মাছ প্রক্রিয়াজাতকরণের স্থাপনার সামনে অতীতের জেলে ও ব্যবসায়ীদের অবয়বসংবলিত কাটআউট রাখা হয়েছে। কুয়াশাচ্ছন্ন পরিবেশে দূর থেকে এগুলোকে জীবন্ত মানুষ মনে হতে পারে। এই দৃশ্যই দ্বীপটিকে দিয়েছে রহস্যময় ভূতের গ্রামের পরিচিতি। তবে এটি কোনো অলৌকিক স্থান নয়, বরং সংরক্ষিত ঐতিহাসিক জনপদ।
যেখানে সময় থমকে আছে
ব্যাটল হারবারে গাড়ি চলাচল, পাকা রাস্তা কিংবা আধুনিক নগরজীবনের কোলাহল নেই। এখানে মোবাইল নেটওয়ার্কও পাওয়া যায় না। যোগাযোগের জন্য সীমিত ওয়াই-ফাই এবং প্রয়োজনে ওয়াকি-টকির ব্যবস্থা রয়েছে।
দ্বীপটির ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘দ্য রুমস’। কাঠের তৈরি পুরোনো বাড়ি ও সংরক্ষিত ভবনগুলোতে প্রবেশ করলে বিংশ শতকের শুরুর দিকের জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। রয়েছে মাছ ও লবণ সংরক্ষণের পুরোনো গুদামও।
১৯০৯ সালে উত্তর মেরু অভিযানের খবর অভিযাত্রী রবার্ট পিয়ারি এই দ্বীপের বেতার যোগাযোগব্যবস্থা ব্যবহার করে নিউইয়র্ক টাইমসে পাঠিয়েছিলেন। ফলে ব্যাটল হারবার শুধু পর্যটনকেন্দ্র নয়, আন্তর্জাতিক অনুসন্ধান ও যোগাযোগ ইতিহাসেরও গুরুত্বপূর্ণ অংশ।
দ্বীপটির পুরোনো কবরস্থান এবং আশপাশের পাথুরে পাহাড়ও দর্শনার্থীদের আকর্ষণ করে। এখানে মেরু শিয়ালসহ বিভিন্ন বন্য প্রাণীর দেখা মিলতে পারে।
কীভাবে যাবেন, কখন যাবেন?
ব্যাটল হারবারে যেতে হলে প্রথমে কানাডার ল্যাব্রাডর অঞ্চলের মেরিস হারবারে পৌঁছাতে হবে। হ্যাপি ভ্যালি-গুজ বে থেকে সড়কপথে এর দূরত্ব প্রায় ৪৫৭ কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
মেরিস হারবার থেকে প্রতিদিন নির্ধারিত সময়ে যাত্রীবাহী ফেরিতে প্রায় এক ঘণ্টার জলপথ পাড়ি দিয়ে ব্যাটল আইল্যান্ডে পৌঁছানো যায়। দ্বীপে ব্যক্তিগত গাড়ি নেওয়ার সুযোগ নেই। তাই গাড়ি মেরিস হারবারেই রেখে যেতে হয়।
সাধারণত জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত পর্যটকদের জন্য দ্বীপটি উন্মুক্ত থাকে। তবে প্রতিবছর ভ্রমণের মৌসুম ও ফেরির সময়সূচি পরিবর্তিত হতে পারে। তাই যাওয়ার আগে কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে সময়সূচি ও থাকার ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
দর্শনার্থীদের জন্য রয়েছে ঐতিহাসিক কাঠের বাড়িতে রাত কাটানোর সুযোগ। এতে দ্বীপের নির্জন পরিবেশে আরও কাছ থেকে অনুভব করা যায় অতীতের জীবনযাত্রা।
কেন ঘুরে দেখবেন ব্যাটল হারবার?
ব্যাটল হারবারের আকর্ষণ শুধু এর রহস্যময় পরিবেশে সীমাবদ্ধ নয়। ল্যাব্রাডর সাগরের বিস্তীর্ণ জলরাশি, ভেসে আসা বিশাল বরফখণ্ড, তিমির বিচরণ, সামুদ্রিক পাখি এবং দুর্গম উপকূলীয় প্রাকৃতিক দৃশ্য পর্যটকদের বাড়তি আকর্ষণ জোগায়।
রাতে কৃত্রিম আলোর দূষণ কম থাকায় আকাশে অসংখ্য তারা দেখা যায়। আবহাওয়া ও সৌর কার্যকলাপ অনুকূলে থাকলে মেরুজ্যোতি দেখারও সুযোগ মিলতে পারে।
ব্যাটল হারবার মূলত ইতিহাস, প্রকৃতি ও নির্জন পরিবেশপ্রেমীদের জন্য একটি ব্যতিক্রমী গন্তব্য। এখানে ভৌতিক কোনো রহস্যের চেয়ে বড় আকর্ষণ হলো শতবর্ষী একটি জনপদের ইতিহাস, যা আজও পুরোনো স্থাপনা ও প্রাকৃতিক পরিবেশের মধ্যে সংরক্ষিত রয়েছে।
সূত্র: বিবিসি, ন্যাচারাল হ্যাবিটেড অ্যাডভেঞ্চার্স, ব্যাটল হারবার হিস্টোরিক ট্রাস্ট এবং নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর পর্যটন কর্তৃপক্ষ।