প্রকৃতির বুকে এমন কিছু জীবন্ত সত্তা রয়েছে, যারা হাজার হাজার বছর ধরে টিকে আছে। কোনোটি দেখেছে সভ্যতার উত্থান-পতন, কোনোটি টিকে রয়েছে যুদ্ধ ও প্রাকৃতিক প্রতিকূলতা পেরিয়ে। বিশালাকৃতির কচ্ছপ, প্রাচীন বৃক্ষ থেকে শুরু করে সমুদ্রের তলদেশে বিস্তৃত সামুদ্রিক উদ্ভিদ, এসব জীব পৃথিবীর প্রাকৃতিক ইতিহাসের অনন্য সাক্ষী। ইতিহাস, প্রকৃতি ও ভ্রমণে আগ্রহীদের কাছে এসব স্থান শুধু দর্শনীয় গন্তব্য নয়, বরং অতীতকে কাছ থেকে জানার এক অসাধারণ সুযোগ।
পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা এমনই ১০টি প্রাচীন জীবন্ত বিস্ময়ের কথা তুলে ধরা হলো।
১. উইজডম: পৃথিবীর প্রবীণতম বন্য পাখি
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিডওয়ে অ্যাটলে বাস করে ‘উইজডম’ নামের একটি স্ত্রী লেসান অ্যালবাট্রস। ১৯৫৬ সালে জীববিজ্ঞানী চ্যান্ডলার রবিন্স পাখিটিকে শনাক্তকরণ ব্যান্ড পরিয়েছিলেন। তখনই এটি প্রাপ্তবয়স্ক ছিল। বর্তমানে তার বয়স অন্তত ৭৫ বছর। দীর্ঘ জীবনে তিন মিলিয়ন মাইলেরও বেশি উড়েছে পাখিটি। প্রতি বছর প্রজননের মৌসুমে ফিরে আসে মিডওয়ে অ্যাটলে।
২. জোনাথন: প্রায় ১৯৪ বছরের কচ্ছপ
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে বসবাস করে জোনাথন নামের একটি দৈত্যাকার অলডাব্রা কচ্ছপ। ১৮৩২ সালে জন্ম নেওয়া এই কচ্ছপের বয়স প্রায় ১৯৪ বছর। জীবিত স্থলচর প্রাণীদের মধ্যে এটি অন্যতম প্রবীণ। তার দীর্ঘ আয়ু ও শারীরিক বৈশিষ্ট্য প্রাণিবিজ্ঞানীদের কাছেও আগ্রহের বিষয়।
৩. থাউজেন্ড ইয়ার রোজ: জার্মানির ঐতিহাসিক গোলাপ
জার্মানির হিল্ডেশাইম শহরের সেন্ট মেরিজ ক্যাথেড্রালের দেয়ালে বেড়ে ওঠা গোলাপগাছটি ‘থাউজেন্ড ইয়ার রোজ’ নামে পরিচিত। ধারণা করা হয়, নবম শতাব্দীতে এটি রোপণ করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিমান হামলায় ক্যাথেড্রাল ধ্বংস হলেও গাছটির শিকড় বেঁচে যায়। পরবর্তী সময়ে সেখান থেকেই আবার বেড়ে ওঠে গোলাপগাছটি।
৪. জয়া শ্রী মহা বোধি: শ্রীলঙ্কার পবিত্র বৃক্ষ
শ্রীলঙ্কার অনুরাধাপুরে অবস্থিত জয়া শ্রী মহা বোধি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও ধর্মীয় বৃক্ষ। প্রচলিত ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে বুদ্ধের বোধিবৃক্ষের একটি শাখা এখানে রোপণ করা হয়। এটি মানুষের হাতে রোপণ করা প্রাচীনতম নথিভুক্ত জীবিত বৃক্ষগুলোর একটি।
৫. ভুভেসের প্রাচীন জলপাইগাছ
গ্রিসের ক্রিট দ্বীপের ভুভেস গ্রামে রয়েছে প্রায় দুই থেকে তিন হাজার বছরের পুরোনো একটি জলপাইগাছ। গাছটির বিশাল ও প্যাঁচানো কাণ্ড পর্যটকদের আকর্ষণ করে। উল্লেখযোগ্য বিষয় হলো, এত বয়সেও গাছটি ফল উৎপাদন করে।
৬. ইয়ারেটা: আন্দিজ পর্বতের প্রাচীন উদ্ভিদ
পেরু, বলিভিয়া ও চিলির আন্দিজ পর্বতমালায় দেখা যায় ইয়ারেটা নামের সবুজ গুল্মজাতীয় উদ্ভিদ। অত্যন্ত ধীরগতিতে বেড়ে ওঠা এই উদ্ভিদ প্রতিকূল আবহাওয়া ও হিমশীতল পরিবেশেও টিকে থাকতে পারে। কিছু ইয়ারেটার বয়স কয়েক হাজার বছর বলে ধারণা করা হয়।
৭. মেথুসেলাহ: প্রায় পাঁচ হাজার বছরের পাইনগাছ
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হোয়াইট মাউন্টেনসে রয়েছে ‘মেথুসেলাহ’ নামের ব্রিসলকন পাইনগাছ। এর বয়স প্রায় পাঁচ হাজার বছর। একক, অ-ক্লোনাল জীবিত বৃক্ষগুলোর মধ্যে এটি অন্যতম প্রাচীন। গাছটির সুনির্দিষ্ট অবস্থান সংরক্ষণের স্বার্থে গোপন রাখা হয়েছে। তবে ইনয়ো ন্যাশনাল ফরেস্টের ব্রিসলকন পাইন বনাঞ্চল পর্যটকদের কাছে আকর্ষণীয়।
৮. অ্যান্টার্কটিকার গভীর সমুদ্রের স্পঞ্জ
অ্যান্টার্কটিকার হিমশীতল সমুদ্রের গভীরে বাস করে অ্যানক্সিকেলিক্স জুবিনি প্রজাতির স্পঞ্জ। ধীরগতিতে বেড়ে ওঠা এসব সামুদ্রিক প্রাণীর কোনো কোনো নমুনার বয়স প্রায় ১৫ হাজার বছর হতে পারে বলে বিজ্ঞানীরা ধারণা করেন। গভীর সমুদ্রের জীববৈচিত্র্য ও দীর্ঘায়ু নিয়ে গবেষণায় এগুলো গুরুত্বপূর্ণ।
৯. পান্ডো: একটি বিশাল জীবন্ত অরণ্য
যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে অবস্থিত পান্ডো একটি বিশাল ক্লোনাল অ্যাসপেন কলোনি। প্রায় ১০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই অরণ্যে প্রায় ৫০ হাজার গাছের কাণ্ড রয়েছে। তবে জিনগতভাবে এগুলো একই মূলব্যবস্থার অংশ। পুরো কলোনিটির বয়স প্রায় ৮০ হাজার বছর বলে ধারণা করা হয়। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ জীবন্ত জীবের উদাহরণ।
১০. নেপচুনস গ্রাস: সমুদ্রের প্রাচীন জীবন্ত বিস্ময়
স্পেনের বালিয়ারিক দ্বীপপুঞ্জের ফরমানতেরা দ্বীপের কাছে ভূমধ্যসাগরের তলদেশে বিস্তৃত রয়েছে ‘নেপচুনস গ্রাস’ নামে পরিচিত সামুদ্রিক ঘাসের বন। এটি পসিডোনিয়া ওশেনিকা প্রজাতির সামুদ্রিক উদ্ভিদ। ক্লোনাল বিস্তারের মাধ্যমে গড়ে ওঠা এই বিশাল উদ্ভিদগোষ্ঠীর বয়স প্রায় দুই লাখ বছর বলে গবেষকেরা ধারণা করেন। সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা ও কার্বন সংরক্ষণে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রকৃতি সংরক্ষণই প্রধান
পৃথিবীর এসব প্রাচীন জীবন্ত বিস্ময় শুধু পর্যটন আকর্ষণ নয়, প্রাকৃতিক ইতিহাস ও পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ। এগুলো দেখতে গেলে স্থানীয় পরিবেশ ও সংরক্ষণবিধি মেনে চলা জরুরি। বিশেষ করে প্রাচীন বৃক্ষ, সামুদ্রিক উদ্ভিদ ও বন্য প্রাণীর আবাসস্থলে পর্যটকদের দায়িত্বশীল আচরণ এসব বিস্ময়কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টিকিয়ে রাখতে সহায়তা করতে পারে।
সূত্র: সিএনএন