কক্সবাজার পর্যটন কার্নিভালে অংশগ্রহণকারীদের টিকিট সংগ্রহ সহজ করতে টিকেটিং পার্টনার হিসেবে যুক্ত হয়েছে টিকিফাই লিমিটেড। আগামী ১৯ নভেম্বর থেকে এক সপ্তাহ টিকিফাইয়ের মাধ্যমে কার্নিভালের টিকিট সংগ্রহ করতে পারবেন আগ্রহীরা।
বৃহস্পতিবার বাংলাদেশ পর্যটন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নভেম্বরের শুরু থেকে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে কক্সবাজার পর্যটন কার্নিভাল।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ কার্নিভাল পরিচালনার দায়িত্বে রয়েছে স্পেলবাউন্ড কমিউনিকেশনস লিমিটেড। দেশের অন্যতম প্রধান সমুদ্রসৈকতকেন্দ্রিক পর্যটন আয়োজনটির মাধ্যমে কক্সবাজারের পর্যটন আকর্ষণ ও ভ্রমণ সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক (বাণিজ্যিক) মো. গনি উল আজম, টিকিফাইয়ের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইফতি এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা দলের সদস্য মোজাম্মেল হক জনি উপস্থিত ছিলেন।