পঞ্চগড় শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদীর পরিত্যক্ত জায়গাকে ঘিরে পর্যটন ও বিনোদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায়ে সেখানে খেলার মাঠ, হাঁটার পথ (ওয়াকওয়ে) ও বিনোদন পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে শহরবাসীর জন্য নতুন বিনোদনকেন্দ্র তৈরির পাশাপাশি পঞ্চগড়ের পর্যটন সম্ভাবনাও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার রাতে পঞ্চগড় শহরের সম্মুখে করতোয়া সেতুর নিচে রামেরডাঙ্গা এলাকায় নদীর পরিত্যক্ত জায়গা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

প্রতিমন্ত্রী বলেন, করতোয়া নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ব্যারেজ নির্মাণের কাজও করা হবে। নদীর সম্পদ সংরক্ষণ, সংস্কার ও প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে এমনভাবে পরিকল্পনা নেওয়া হবে, যাতে নদীর ওপর থাকা সেতুটি কোনো ধরনের ঝুঁকির মুখে না পড়ে।

তিনি আরও জানান, প্রকল্পের বিষয়ে আলোচনা ও পরিকল্পনা চূড়ান্ত করতে অতি দ্রুত রাজধানীতে আন্তমন্ত্রণালয় সভা আয়োজন করা হবে। এরপর পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রীর মতে, পঞ্চগড় শহরের কাছাকাছি হওয়ায় জায়গাটি স্থানীয় বাসিন্দাদের অবসর ও বিনোদনের জন্য উপযোগী। বিকেলে পরিবার-পরিজন নিয়ে মানুষ এখানে সময় কাটাতে পারবেন। যথাযথ পরিকল্পনা ও উন্নয়ন করা গেলে জায়গাটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব।