কানাডার কুইবেক প্রদেশের ফরাসিভাষীদের গালাগালির শব্দভান্ডার বেশ সমৃদ্ধ। ধর্মীয় শব্দ থেকে তৈরি এমন প্রায় দুই হাজার গালির প্রচলন রয়েছে সেখানে। মজার বিষয় হলো, এসব শব্দের কোনো কোনোটি একসময় উচ্চারণ করলেই জরিমানা, এমনকি কারাদণ্ডেরও বিধান ছিল।
কুইবেকের ফরাসি ভাষায় এসব গালিকে বলা হয় ‘স্যাক্রে’। ক্যাথলিক খ্রিষ্টধর্মের ধর্মীয় আচার ও উপকরণের নাম থেকে শব্দগুলোর উৎপত্তি। যেমন ‘তাবারনাক’, ‘কালিস’ ও ‘ক্রিস’। সাধারণ অর্থে এগুলো যথাক্রমে ধর্মীয় উপাসনাস্থল, পবিত্র পাত্র ও যিশুখ্রিষ্টের সঙ্গে সম্পর্কিত। কিন্তু রাগ বা বিরক্তি প্রকাশে ব্যবহার করলে এগুলো বেশ অশালীন গালিতে পরিণত হয়।
স্থানীয় লোকসংস্কৃতি গবেষক জ্যঁ-পিয়েরে পিশেত ১৯৮০ সালে প্রকাশিত তার একটি বইয়ে প্রায় ১ হাজার ৮০০টি এমন গালি উল্লেখ করেন। বর্তমানে ভাষাবিদদের কেউ কেউ সংখ্যাটি প্রায় ২ হাজার বলে মনে করেন। কুইবেকের গালির বৈচিত্র্যকে একজন বিশেষজ্ঞ তুলনা করেছেন আমাজন বনের জীববৈচিত্র্যের সঙ্গে।
বিবিসি লিখেছে, এসব শব্দের ইতিহাসও বেশ চমকপ্রদ। ফরাসিদের প্রতিষ্ঠিত নিউ ফ্রান্স উপনিবেশে একসময় ধর্ম অবমাননা ছিল অপরাধ। প্রথমবার অপরাধের জন্য বড় অঙ্কের জরিমানা এবং তৃতীয়বারের জন্য এক মাস পর্যন্ত কারাদণ্ডের বিধান ছিল।
গবেষকরা মনে করেন, ফরাসি বসতি স্থাপনকারীদের মধ্যে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রভাব ও কর্তৃত্বের বিরুদ্ধে অসন্তোষ থেকেই এসব শব্দের ব্যবহার জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে ১৮৩৭ ও ১৮৩৮ সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ দমনের পর ক্যাথলিক চার্চ শিক্ষা, স্বাস্থ্যসহ জনজীবনের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক প্রভাব বিস্তার করে। এর প্রতিবাদে ধর্মীয় শব্দকে গালি হিসেবে ব্যবহারের প্রবণতা আরও বাড়ে।
১৯৬০ এর দশকে কুইবেকে ‘কোয়ায়েট রেভল্যুশন’ বা নীরব বিপ্লবের সময় সমাজ থেকে চার্চের প্রভাব কমতে থাকে। তখন এসব গালি শুধু রাগ প্রকাশের ভাষা নয়, বরং নিজস্ব ভাষা ও সংস্কৃতি প্রকাশের মাধ্যম হয়ে ওঠে।
বর্তমানে কুইবেকের বার, হকি খেলা কিংবা রাস্তাঘাটে এসব শব্দ শোনা যায়। এমনকি পর্যটকদের জন্য বিভিন্ন দোকানে এসব গালি লেখা টি-শার্টও বিক্রি হয়। তবে ভাষা বিশেষজ্ঞদের সতর্কতা, পর্যটকেরা এগুলোকে মজার শব্দ মনে করলেও স্থানীয়দের কাছে এখনো অনেক শব্দ যথেষ্ট অশালীন। ফলে ব্যবহার করার আগে পরিস্থিতি ও সামাজিক পরিবেশ বিবেচনা করা জরুরি।