দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূলে এমন এক দ্বীপ রয়েছে, যেখানে বাড়ির ছাদ, সেতু, রাস্তার বেঞ্চ, টেলিফোন বুথ থেকে শুরু করে বিভিন্ন স্থাপনা সেজেছে বেগুনি রঙে। নীল সমুদ্র, বেগুনি সেতু আর ফুলে সাজানো প্রাকৃতিক পরিবেশের কারণে জায়গাটি পরিচিতি পেয়েছে ‘পার্পল আইল্যান্ড’ বা বেগুনি দ্বীপ নামে। পর্যটন আকর্ষণ তৈরির পাশাপাশি জনসংখ্যা হ্রাসের সংকটে থাকা এলাকার অর্থনৈতিক ও সামাজিক পুনর্জাগরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উদ্যোগ।

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জোল্লা প্রদেশের সিনান কাউন্টিতে অবস্থিত এই পর্যটন গন্তব্য মূলত বানওল ও বাকজি নামে দুটি ছোট দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপ দুটি আনজোয়াদো প্রধান দ্বীপের সঙ্গে সেতু দিয়ে যুক্ত।

বেগুনি রঙে সাজানো দ্বীপ

পার্পল আইল্যান্ডের বিশেষত্ব এর সর্বব্যাপী বেগুনি সাজ। দ্বীপের প্রায় ৪০০টি ভবনের ছাদে ব্যবহার করা হয়েছে হালকা বেগুনি ও লিলাক রং। স্থানীয় বেলফ্লাওয়ার ফুল এবং বেগুনি রঙের বিভিন্ন কৃষিপণ্য থেকে অনুপ্রাণিত হয়ে এই রঙের পরিকল্পনা করা হয়।

বসন্তে বিস্তীর্ণ মাঠে ল্যাভেন্ডার এবং শরতে বেগুনি অ্যাস্টার ফুল ফুটলে দ্বীপটির সৌন্দর্য আরও বেড়ে যায়। সমুদ্রের নীল জলরাশি, উপকূলের সবুজ প্রকৃতি ও বেগুনি ফুলের সমন্বয়ে তৈরি হয় ব্যতিক্রমী প্রাকৃতিক দৃশ্য।

সমুদ্রের ওপর বেগুনি সেতু

দ্বীপটির অন্যতম প্রধান আকর্ষণ পার্পল ব্রিজ। প্রায় ১ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ কাঠের এই হাঁটার সেতু বানওল ও বাকজি দ্বীপকে যুক্ত করেছে। সেতু দিয়ে হেঁটে যাওয়ার সময় একদিকে দেখা যায় সমুদ্র, অন্যদিকে উপকূলীয় প্রকৃতি।

জোয়ারের সময় সেতুর নিচ দিয়ে পানি প্রবাহিত হয়। ভাটার সময় আশপাশে বিস্তীর্ণ কাদামাটির চর দৃশ্যমান হয়ে ওঠে। পর্যটকেরা হেঁটে কিংবা সাইকেল চালিয়ে সেতুটি ঘুরে দেখতে পারেন।

পর্যটনের মাধ্যমে বদলে গেছে দ্বীপের চিত্র

একসময় জনসংখ্যা হ্রাস ও বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সমস্যায় ভুগছিল দ্বীপ দুটি। পরিস্থিতি বদলাতে স্থানীয় বাসিন্দা ও প্রশাসন মিলে এলাকাটিকে স্বতন্ত্র পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়।

এর অংশ হিসেবে প্রায় ৩০ হাজার অ্যাস্টার ফুলের গাছ এবং ২১ হাজার ৫০০ বর্গমিটার এলাকাজুড়ে ল্যাভেন্ডার রোপণ করা হয়। বাড়িঘর ও বিভিন্ন স্থাপনাকে বেগুনি রঙে সাজিয়ে তৈরি করা হয় দ্বীপটির স্বতন্ত্র পরিচিতি।

এই উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ২০২১ সালে জাতিসংঘের পর্যটন সংস্থা পার্পল আইল্যান্ডকে ‘বিশ্বের সেরা পর্যটন গ্রাম’ হিসেবে স্বীকৃতি দেয়।

বিটিএস ভক্তদের কাছেও জনপ্রিয়

পার্পল আইল্যান্ডের জনপ্রিয়তার সঙ্গে যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সংগীতদল বিটিএসের ভক্তদের ভালোবাসা। ২০১৬ সালে দলটির সদস্য কিম তাইহিয়ুং, যিনি ভি নামে পরিচিত, ‘বোরাহে’ বা ‘আই পার্পল ইউ’ শব্দবন্ধটি জনপ্রিয় করেন। কোরীয় ভাষায় ‘বোরা’ অর্থ বেগুনি। বিটিএস ভক্তদের কাছে এটি ভালোবাসা ও দীর্ঘস্থায়ী বন্ধনের প্রতীক।

এই সাংস্কৃতিক সংযোগকে কেন্দ্র করে দ্বীপে স্থাপন করা হয়েছে ‘আই পার্পল ইউ’ ভাস্কর্য। রয়েছে ‘পার্পল মুন’ নামের একটি স্থাপনাও, যেখানে ছোট রাজপুত্র ও শিয়ালের ভাস্কর্য দেখা যায়।

কীভাবে যাবেন

পার্পল আইল্যান্ড দক্ষিণ কোরিয়ার দক্ষিণ জোল্লা প্রদেশের সিনান কাউন্টিতে অবস্থিত। রাজধানী সিউল থেকে বাস বা গাড়িতে যেতে প্রায় ছয় ঘণ্টা সময় লাগে।

দ্বীপটির বিশেষ আকর্ষণ হলো বেগুনি পোশাক বা অনুষঙ্গ পরে গেলে দর্শনার্থীদের বিনা মূল্যে প্রবেশের সুযোগ দেওয়া হয়। এ ছাড়া পর্যটকদের জন্য রয়েছে ক্যাফে, স্থানীয় খাবারের রেস্তোরাঁ, সাইকেল ভাড়ার ব্যবস্থা এবং ছোট হোটেল।

সূত্র: ভিএন এক্সপ্রেস, দ্য কোরিয়া পোস্ট।