বান্দরবানের পাহাড়ি সৌন্দর্যের অন্যতম আকর্ষণ রিজুক জলপ্রপাত। সাঙ্গু নদের তীরে প্রায় ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা, চারপাশের সবুজ পাহাড় আর নদীপথের মনোরম দৃশ্য পর্যটকদের কাছে জায়গাটিকে করে তুলেছে বিশেষ আকর্ষণীয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হওয়ায় নতুন করে ভ্রমণপিপাসুদের আগ্রহ বাড়ছে রুমা উপজেলার এই জলপ্রপাতকে ঘিরে।

বান্দরবান জেলা সদর থেকে প্রায় ৬৬ কিলোমিটার এবং রুমা বাজার থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে সাঙ্গু নদের পাড়ে অবস্থিত রিজুক জলপ্রপাত। মারমা ভাষায় এর নাম ‘রী স্বং স্বং’। পাথুরে পাহাড়ের খাড়া দেয়াল বেয়ে নেমে আসা পানির ধারা প্রায় ৩০০ ফুট নিচে আছড়ে পড়ে। জলপ্রপাতটির সৌন্দর্য উপভোগের পাশাপাশি সাঙ্গু নদে নৌভ্রমণও পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বর্ষা ও শীতসহ বছরের প্রায় সব সময়ই জলপ্রপাতটিতে পানি প্রবাহিত হয়। তবে বর্ষায় পাহাড়ি ঢলের কারণে পানির প্রবাহ বেড়ে যায়। এ সময় জলপ্রপাতের দৃশ্য আরও আকর্ষণীয় হয়ে উঠলেও প্রবল স্রোতের কারণে নৌকা নিয়ে কাছাকাছি যাওয়া কঠিন হয়ে পড়ে। শুষ্ক মৌসুমে পানির প্রবাহ তুলনামূলক কম থাকলেও স্বচ্ছ জলধারা ও সবুজ পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।

দীর্ঘ ১০ বছর ধরে নৌকা চালানোর পেশায় যুক্ত চ থোয়াই মার্মা পর্যটক ও যাত্রীদের রিজুক জলপ্রপাত ঘুরিয়ে দেখান। তিনি বাসসকে বলেন, বর্ষাকালে নদীতে স্রোত বেশি থাকে এবং জলপ্রপাতে প্রচুর পানি পড়ে। তখন অনেক পর্যটক আসেন। এতে নৌকার চালকদের আয়ও বাড়ে। এখন পর্যটন মৌসুমেও প্রতিদিন উল্লেখযোগ্যসংখ্যক পর্যটক আসছেন।

ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে জলপ্রপাতটি দেখতে এসেছেন সাইফুল আলম সিদ্দিকী। তিনি বলেন, এখানে এসে স্বচ্ছ পানিতে গোসল করেছেন। টাঙ্গাইল থেকে আসা পর্যটক তাসনুভা বলেন, পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলরাশির দৃশ্য অসাধারণ। সরাসরি না দেখলে এর সৌন্দর্য উপলব্ধি করা কঠিন।

রিজুক পাড়ার বাসিন্দা ও জুমচাষি চিসিঅং জানান, রুমা বাজার থেকে নৌকায় প্রায় আধা ঘণ্টায় জলপ্রপাতটিতে পৌঁছানো যায়। পানির প্রবাহ কম থাকলে হেঁটেও যাওয়া সম্ভব, তবে এতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। জলপ্রপাত থেকে পাঁচ মিনিটের হাঁটা পথের দূরত্বে রিজুক পাড়া। সেখানে ৩৬টি মারমা পরিবারের বসবাস। তবে এলাকায় পর্যটকদের থাকার জন্য হোটেল বা মোটেলের ব্যবস্থা নেই।

প্রশাসন সূত্রে জানা গেছে, গত ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বন্ধ থাকা কয়েকটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এর আওতায় রুমা উপজেলার কেওক্রাডং চূড়া থেকে সুংসুংপাড়া পর্যন্ত যাতায়াতের পাশাপাশি রিজুক জলপ্রপাতও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে জলপ্রপাতটিসহ কয়েকটি পর্যটনকেন্দ্রে সাময়িকভাবে পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী বাসসকে বলেন, অন্যান্য পর্যটনকেন্দ্রের মতো রুমা বাজারেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সেখানে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন রয়েছেন।