বিশ্বভ্রমণের উদ্দেশ্যে যাত্রা করা আবাসিক প্রমোদতরি ‘ভিলা ভিয়ে ওডিসি’ সিঙ্গাপুরে আইনি প্রক্রিয়ায় আটক হয়েছে।
চলমান আর্থিক সংকটের মধ্যে জাহাজটি আদালতের নির্দেশে আটকে রাখা হয়েছে। জ্বালানি সরবরাহকারীর পাওনা কিংবা অন্য কোনো আর্থিক দাবি থেকেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়ে থাকতে পারে।
জ্বালানির দাম বেড়ে যাওয়ার কথা জানিয়ে প্রমোদতরির পরিচালনাকারী প্রতিষ্ঠান ভিলা ভিয়ে রেসিডেন্সেস আকস্মিকভাবে কার্যক্রম স্থগিত করলে গত ২৭ অক্টোবর কম্বোডিয়ায় আটকা পড়ে জাহাজটি।
পরে ৮ নভেম্বর কম্বোডিয়ার সিহানুকভিল বন্দর ছেড়ে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয় ওডিসি। তখন জাহাজটিতে কোনো যাত্রী ছিলেন না। ছিলেন প্রায় ৫০ জন ক্রু।
আদালতের নথির বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট লিখেছে, রোববার স্থানীয় সময় সকাল ১০টা ৩৪ মিনিটে সিঙ্গাপুরের পূর্ব উপকূলে চাঙ্গি জেনারেল পারপাস অ্যাঙ্করেজ এলাকায় জাহাজটিকে ‘আন্ডার শেরিফস অ্যারেস্ট’ হিসেবে তালিকাভুক্ত করা হয়।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের আইনজীবী প্রতিষ্ঠান হেলসম্যান এলএলসি জাহাজটি আটকের আইনি আবেদন করেছে। ধারণা করা হচ্ছে, তারা কোনো জ্বালানি সরবরাহকারীর পক্ষে কাজ করছে।
সামুদ্রিক আইনে ‘শিপ অ্যারেস্ট’ একটি স্বীকৃত আইনি প্রক্রিয়া। কোনো জাহাজের বিরুদ্ধে বকেয়া জ্বালানি বিল, বন্দরের ফি কিংবা অন্য কোনো আর্থিক দাবি থাকলে আদালতের নির্দেশে সেটি আটক করা যায়। দাবি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জাহাজটি চলাচল করতে পারে না। মালিকপক্ষ পাওনা পরিশোধ করলে অথবা আদালতের মাধ্যমে জাহাজটি বিক্রি করা হলে এ পরিস্থিতির অবসান হতে পারে।
যাত্রা শুরুর আগে ভিলা ভিয়ে ঘোষণা দিয়েছিল, ২০২৪ সালের অক্টোবর থেকে শুরু হবে তাদের ব্যতিক্রমী বিশ্বভ্রমণ। সাড়ে তিন বছর ধরে চলা এই যাত্রায় ১৪৭টি গন্তব্যের ৪২৫টির বেশি বন্দরে যাওয়ার পরিকল্পনা ছিল।
তবে শুরু থেকেই নানা সমস্যায় পড়েছে জাহাজটি। ২০২৪ সালে একের পর এক শেষ মুহূর্তের মেরামতের কারণে উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে চার মাস আটকে থাকতে হয়েছিল নতুন বাসিন্দাদের। এতে ব্যাহত হয় তাদের বিশ্বভ্রমণের পরিকল্পনা।
পরবর্তী সময়ে অন্তত ৭৫৫ দিন বিশ্বভ্রমণে থাকার পর জাহাজটির প্রায় ২০০ যাত্রীকে মাত্র আট ঘণ্টার নোটিশে নেমে যেতে বলা হয়।
সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডারকে জানিয়েছে, আদালতের আদেশ অনুযায়ী জাহাজটি আটক করা হয়েছে। তবে জাহাজে থাকা ক্রুরা সুস্থ আছেন বলে জানা গেছে। তাঁদের কল্যাণ ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়টি জাহাজের ঋণদাতারা দেখভাল করছেন।
বিশ্বভ্রমণের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করা এই আবাসিক প্রমোদতরির ভবিষ্যৎ এখন আর্থিক ও আইনি জটিলতার ওপর নির্ভর করছে।