বিদেশি পর্যটক, শিক্ষার্থী, চিকিৎসাপ্রার্থী ও ব্যবসায়ীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে বড় ধরনের সংস্কার এনেছে ভারত সরকার। নতুন ব্যবস্থায় ভিসার প্রধান শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি এবং উপশ্রেণি ৪৯টি থেকে ২৩টি করা হয়েছে। একই সঙ্গে ভিসার আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হচ্ছে। এতে ভারতে ভ্রমণ ও অন্যান্য প্রয়োজনে যেতে আগ্রহীদের আবেদন প্রক্রিয়া আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পর্যটন, চিকিৎসা, শিক্ষা, গবেষণা, বিনিয়োগ ও ব্যবসায়িক কার্যক্রমে বিদেশিদের যাতায়াত সহজ করাই এই সংস্কারের মূল উদ্দেশ্য। ২০২৫ সালের অক্টোবরে শুরু হওয়া ভিসা ব্যবস্থার পুনর্বিন্যাসের ধারাবাহিকতায় গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে নতুন কাঠামো চূড়ান্ত করা হয়।

পর্যটক ভিসার পরিবর্তে ভিজিটর ভিসা

নতুন ব্যবস্থায় প্রচলিত পর্যটক ভিসার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। এর আওতায় শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, সুস্থতা কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পবিষয়ক স্বল্পমেয়াদি কোর্সেও অংশ নেওয়া যাবে।

ভিজিটর ভিসা দুই ধরনের। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, যোগ্যতা ও অনুমোদন অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ এক, পাঁচ অথবা ১০ বছর হতে পারে। এ ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে। তবে পর্বতারোহণের জন্য ছয় মাসের একাধিক প্রবেশের ভিসা দেওয়া হবে।

চিকিৎসা ও ব্যবসায়িক ভিসায় নতুন সুবিধা

চিকিৎসার জন্যও ভিসার কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুষভিত্তিক চিকিৎসার জন্য এম-৩ ভিসা চালু হচ্ছে। উভয় ক্ষেত্রেই সাধারণভাবে এক বছরের মেয়াদ ও একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। সংশ্লিষ্ট রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তিদের জন্যও আলাদা ভিসার ব্যবস্থা রয়েছে।

শিক্ষার্থী ও গবেষকদের জন্য এস-১ ও এস-২ এবং ব্যবসায়ীদের জন্য বি-১ ও বি-২ উপশ্রেণি রাখা হয়েছে। পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ, প্রযুক্তিগত কাজ ও ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে ভারতে যাতায়াতের বিষয়টিও নতুন কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কবে থেকে কার্যকর হবে নতুন ব্যবস্থা?

বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ভারতের ই-ভিসা সুবিধা পান। নতুন ভিসা কাঠামো বাস্তবায়নে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রযুক্তিগত ব্যবস্থা হালনাগাদ করছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ নতুন কাঠামোর আওতায় ভিসা দেওয়া শুরু হতে পারে।

নতুন ব্যবস্থায় ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ, এই নয়টি প্রধান শ্রেণিতে ভিসা দেওয়া হবে।